প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের অবস্থান ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে। শনিবার অঙ্গরাজ্যটির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার পর দেশটির রক্ষণশীল রাজনৈতিক জোট ক্ষমতাসীন লেবার পার্টিকে বড় ব্যবধানে পরাজিত করার প্রত্যাশা করছে।
লেবার পার্টির পরাজয় হলে এটি দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হতে পারে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
‘দ্য গার্ডেন স্টেট’ নামে পরিচিত ভিক্টোরিয়া রাজ্যটি গত ১২ বছর ধরে মধ্য-বামপন্থী লেবার পার্টির শাসনাধীন রয়েছে।
তবে চলতি সপ্তাহে প্রকাশিত জনমত জরিপগুলো নির্দেশ করছে, এবার লেবার পার্টি ক্ষমতা হারাতে পারে। লিবারেল পার্টির নেতা জেস উইলসন দলটিকে পরাজিত করে ক্ষমতায় আসার সম্ভাবনা রাখছেন। ৩৬ বছর বয়সী এই রাজনীতিক প্রথমবারের মতো আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন। তিনি ঋণগ্রস্ত অঙ্গরাজ্যটির আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃহস্পতিবার প্রকাশিত নিউজপোলের জরিপে লিবারেল-ন্যাশনাল রক্ষণশীল জোটের বড় ব্যবধানে জয়ের আভাস দেওয়া হয়েছে।
বর্তমান লেবার সরকারের নেতা বেন ক্যারলকে পরাজিত করতে পারলে জেস উইলসন ভিক্টোরিয়ার ইতিহাসে প্রথম নারী লিবারেল দলীয় মুখ্যমন্ত্রী হবেন। দেশটির ব্যবসাবিষয়ক দৈনিক ‘ফিন্যান্সিয়াল রিভিউ’ ভিক্টোরিয়ার মুখ্যমন্ত্রীর দায়িত্বকে ‘অস্ট্রেলিয়ার সবচেয়ে কঠিন কাজ’ হিসেবে বর্ণনা করেছে।
অঙ্গরাজ্যটির দেশের মধ্যে সর্বোচ্চ ঋণের বোঝা কমাতে ২০ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের (১৩ বিলিয়ন মার্কিন ডলার) বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উইলসন। এসব পরিকল্পনার মধ্যে পয়োনিষ্কাশন ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার একটি বিতর্কিত প্রস্তাবও রয়েছে।
তবে জয়ের বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন তিনি।
চ্যানেল সেভেনকে উইলসন বলেন, ‘আমি জানি, অনেক জনমত জরিপ হচ্ছে, অনেক শিরোনাম প্রকাশিত হচ্ছে। কিন্তু এই নির্বাচন মানুষ যতটা ভাবছে, তার চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
অস্ট্রেলিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত ভিক্টোরিয়ায় লেবার পার্টি হেরে গেলে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। তিনি বর্তমানে তার দ্বিতীয় মেয়াদের মাঝামাঝি সময়ে রয়েছেন।
জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাপক অসন্তোষের মধ্যে আলবানিজের জনপ্রিয়তা রেকর্ড পরিমাণ কমেছে।
এদিকে চলতি মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আবারও সুদের হার বাড়িয়ে গত ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং অব্যাহত মূল্যস্ফীতির চাপকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে ব্যাংকটি।
- লেবার পার্টির বিদায় নিশ্চিত -
শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা। তবে আগাম ভোটের মাধ্যমে ইতোমধ্যে লাখ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জনমত জরিপে আরও ইঙ্গিত পাওয়া গেছে, অভিবাসনবিরোধী রাজনৈতিক দল ওয়ান নেশন এবার প্রথমবারের মতো ভিক্টোরিয়ার পার্লামেন্টে আসন পেতে পারে।
জাতীয় পর্যায়ে কট্টর ডানপন্থী রাজনীতিক পলিন হ্যানসনের নেতৃত্বাধীন ওয়ান নেশন দলটি দীর্ঘদিন ধরে প্রান্তিক রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত ছিল। তবে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের ব্যাপক অসন্তোষকে পুঁজি করে দলটি এখন অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
হ্যানসন ইঙ্গিত দিয়েছেন, ভিক্টোরিয়ার পরবর্তী সরকার গঠনে তার দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমনকি লেবার পার্টির সম্ভাব্য পরাজয়ের কৃতিত্বও আগেভাগে দাবি করেছেন তিনি।
শনিবার ভিক্টোরিয়ায় ওয়ান নেশনের নেতা ওয়ারেন পিকারিংয়ের সঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হ্যানসন বলেন, ‘আমরা জানি, অঙ্গরাজ্যে লেবার পার্টির বিদায় নিশ্চিত। তাদের রাজনৈতিক অধ্যায় শেষ।’
তিনি আরও বলেন, ‘তারা আর সরকারে থাকবে না। আর এটি নিশ্চিত করতে ওয়ান নেশন বড় ভূমিকা রেখেছে।’
হ্যানসনের দাবি, ‘লিবারেল পার্টি একা এই নির্বাচনে জিততে পারত না। কোনোভাবেই না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন