০৩:০২ পি.এম
বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তবে তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। বর্তমানে ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে তাকে। চিকিৎসকরা ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমানোর চেষ্টা করছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মামুনুর রশীদের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানায় তার নাট্যদল আরণ্যক নাট্যদল।
দলটির বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আমাদের নাট্যগুরু মামুন ভাই (মামুনুর রশীদ) এখন আগের তুলনায় কিছুটা ভালো আছেন। তবে এখনো শঙ্কামুক্ত নন। তাকে এখনো ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। চিকিৎসকেরা ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছেন।’
আরও পড়ুন: আদিত্য নিজেকে ‘ইয়ামি পাগলু’ বলে জন্মদিনে শুভেচ্ছা জানালেন
নাট্যদলটি আরও জানায়, নিউমোনিয়া এবং ফুসফুসের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সুস্থ হতে মামুনুর রশীদের কিছুটা সময় লাগবে। এ সময় সবার ভালোবাসা, শুভকামনা ও প্রার্থনা কামনা করেছে আরণ্যক। তারা আশা প্রকাশ করেছে যে, দ্রুত সুস্থ হয়ে তিনি আবার সবার মাঝে ফিরে আসবেন।
এর আগে, গত ২৫ নভেম্বর দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে মামুনুর রশীদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি টানা চার দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, অভিনেতার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছিল। মেডিকেল বোর্ডের বৈঠকের পর চিকিৎসকেরা তার শারীরিক অবস্থাকে সংকটাপন্ন বলে জানান। এরপরই হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পরিবার।
উল্লেখ্য, গত বছরের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন মামুনুর রশীদ। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। সে সময় ছয় দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফেরেন এই অভিনেতা। দেশে ফিরে আবারও অভিনয়ে যুক্ত হন তিনি।
আরও পড়ুন: রামায়ণ চূড়ায় পৌঁছাতে বাধা, পেছনে ফেলল বাহুবলী ২
বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন