ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার, ইয়াবা-দেশীয় মদ ও ৩০ হাজার টাকা উদ্ধার


কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার, ইয়াবা-দেশীয় মদ ও ৩০ হাজার টাকা উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা, ১.৭০ লিটার কেরু ব্র্যান্ডের দেশীয় মদ এবং মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার টিলাগাঁও বাজারের দক্ষিণ পাশে লহরাজপুর গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুলাউড়া উপজেলার লহরাজপুর গ্রামের মো. আব্দুল বাজিদ (৪০) এবং বর্তমানে একই এলাকায় বসবাসকারী কুমিল্লার কোতোয়ালী থানার কামাল (৪২)।

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আহলাদ ইবনে জামিল, পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তল্লাশিকালে আটককৃত আব্দুল বাজিদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা, দোকান থেকে ১.৭০ লিটার দেশীয় মদ এবং মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। অপরদিকে কামালের কাছ থেকে আরও ৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ইয়াবা ও মদ বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া সিডিএমএস (CDMS) পর্যালোচনায় গ্রেপ্তারকৃত আব্দুল বাজিদ ও কামাল উভয়ের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকাশছোঁয়া টিকিটের দামও ঠেকাতে পারেনি দর্শকের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


আকাশছোঁয়া টিকিটের দামও ঠেকাতে পারেনি দর্শকের ঢল

চলতি বিশ্বকাপে টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে শুরু থেকেই হয়েছে ব্যাপক আলোচনা। টিকিটের এত বেশি দাম হওয়ার কারণে অনেকের ধারণা ছিল, গ্যালারিতে দর্শকের উপস্থিতি কমবে। কিন্তু বাস্তবে ঘটে হয়েছে উল্টো। পুরো টুর্নামেন্টজুড়ে দর্শকদের আগ্রহ প্রমাণ করে দিয়েছে যে, বিশ্বকাপের টিকিট কিনতে তারা বড় অঙ্কের অর্থ খরচ করতে প্রস্তুত।

রবিবার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বর্তমানে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ফাইনালকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ক্রীড়া আসর মনে করা হচ্ছে। এই ম্যাচের টিকিটের দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

ফিফার তথ্য অনুযায়ী, গ্রুপ পর্বের ৭২টি ম্যাচে স্টেডিয়ামের প্রায় ৯৯ দশমিক ৭ শতাংশ আসন পূর্ণ ছিল। অর্ধেকেরও বেশি ম্যাচে সব আসন বিক্রি হয়ে যায়। শুরুতে কিছু ম্যাচে খালি আসন দেখা গেলেও পরে পুরো টুর্নামেন্টের সময় দর্শকের ঢল নেমে আসে।

এটি প্রথমবারের মতো যে, টিকিট বিক্রিতে পরিবর্তনশীল মূল্যনীতি চালু করেছে ফিফা। অর্থাৎ চাহিদা বাড়ার সঙ্গে টিকিটের দামও বেড়েছে। গ্রুপ পর্বে একটি টিকিটের প্রাথমিক মূল্য ছিল ৫৭৫ ডলার, যা ২০২২ বিশ্বকাপের সবচেয়ে দামি গ্রুপ পর্বের টিকিটের দ্বিগুণেরও বেশি। পরে চাহিদা বেড়ে যাওয়ায় অনেক দর্শককে এর চেয়ে বেশি দাম দিয়ে টিকিট কিনতে হয়েছে।

ফাইনালের আগে কিছু সময়ের জন্য ফিফার বিক্রয়মঞ্চে সাত হাজার ডলারের কিছু টিকিট পাওয়া গেলেও শেষ মুহূর্তে সেগুলোও বিক্রি হয়ে যায়। শেষ পর্যন্ত কিছু টিকিটের মূল্য ৩২ হাজার ডলারে পৌঁছে গেছে।

টিকিট বিশেষজ্ঞ স্কট ফ্রিডম্যানের মতে, ফিফা শুরু থেকেই বুঝতে পেরেছিল যে, বিশ্বকাপের চাহিদা কতটা হবে। তাই তারা আত্মবিশ্বাসের সঙ্গে উচ্চ মূল্য নির্ধারণ করেছে এবং দর্শকেরাও সেই দাম দিয়েই টিকিট কিনেছেন।

অন্যদিকে পুনর্বিক্রয় বাজারে টিকিটের দামও ছিল আকাশছোঁয়া। একটি জনপ্রিয় টিকিট বিক্রয় প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ফাইনালের একটি টিকিটের গড় পুনর্বিক্রয় মূল্য ছিল ১১ হাজার ডলারের বেশি, যা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আগের যেকোনো বড় ক্রীড়া আসরের চেয়ে বেশি।

তবে টিকিটের উচ্চ মূল্য নিয়ে সমালোচনাও হয়েছে। স্থানীয় সাধারণ দর্শকদের জন্য সীমিত সংখ্যক কম দামের টিকিট ছাড়তে বাধ্য হয় ফিফা। পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বিশ্বের অনেক দেশের সমর্থক ভিসা জটিলতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে মাঠে বসে বিশ্বকাপ উপভোগ করতে পারেননি।

সব মিলিয়ে বিতর্ক থাকলেও দর্শক উপস্থিতি এবং টিকিট বিক্রির দিক থেকে ২০২৬ বিশ্বকাপকে বড় সফলতা হিসেবেই দেখছে ফিফা। চড়া দামও যে ফুটবলপ্রেমীদের বিশ্বকাপ দেখার আগ্রহকে কমাতে পারেনি, সেটি এবারের সবচেয়ে বড় প্রমাণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুল থেকে ছেলেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে বাবাকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


স্কুল থেকে ছেলেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে বাবাকে গ্রেপ্তার

নিজেদের পারিবারিক বিরোধের কারণে নিজের চার বছরের সন্তানকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনা সম্প্রতি ভারতের মধ্য প্রদেশের মোরেনায় ঘটেছে। টানা তিনদিন খোঁজাখুঁজির পর রাজস্থানের পালি থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম হলো নীলেশ রাজপুত। পুলিশ জানায়, নীলেশ এবং তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। বনিবনা না হওয়ায় তার স্ত্রী মোরেনায় বাবার বাড়িতে তার চার বছরের সন্তান কার্তিকেয়কে নিয়ে থাকতেন।

স্ত্রীর বিরুদ্ধে নীলেশের অভিযোগ ছিল যে, তিনি সন্তানকে বাবার সঙ্গে দেখা করতে দিতেন না। তাই নিজের সন্তানকে দেখা করতে না পেরেই নীলেশ সিদ্ধান্ত নেন তাকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ার।

মোরেনার পুলিশ সুপার ধর্মরাজ মিনা শনিবার জানান, কার্তিকেয়কে পালি থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গত ৭২ ঘণ্টার প্রযুক্তিগত তথ্য ও নিবিড় তদন্তের মাধ্যমে আসামির অবস্থান সনাক্ত করা সম্ভব হয়। এই ঘটনায় নীলেশের সঙ্গে আরও দুজন জড়িত ছিলেন, যারা বর্তমানে পলাতক রয়েছেন।

জানা যায়, এটি কোনো আচমকা সিদ্ধান্ত ছিল না। সন্তানকে তুলে নিয়ে যাওয়ার জন্য নীলেশ ও তার দুই সহযোগী ১২ দিন ধরে মোরেনার একটি লজে অবস্থান করেন। এই সময়ের মধ্যে তারা শিশুর স্কুল এলাকা পর্যবেক্ষণ করেন।

গত ১৪ জুলাই, স্কুল ছুটির পরে, নীলেশ বাইরে অপেক্ষা করছিলেন। শিশুটি বের হওয়ার পর, এক সহযোগীর স্কুটারে করে তাকে নিয়ে পালিয়ে যান। পরে চম্বল নদীর সেতুর কাছে এসে স্কুটারটি ফেলে রেখে অন্য একটি গাড়িতে করে রাজস্থানে পালিয়ে যান তারা। পুলিশ জানায়, অপরাধে ব্যবহৃত স্কুটারটি ওই লজের মালিকের ছিল।

পুরো ঘটনাটি স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, একজন ব্যক্তি শিশুটিকে নিয়ে যাচ্ছে। প্রথমে শিশুটির মা ফুটেজের ওই ব্যক্তিকে নিজের স্বামী বলে স্বীকার করেননি। তবে পরে তিনি পুলিশকে সহযোগিতা করেন। লজের মালিকও সিসিটিভি ফুটেজ দেখে নীলেশকে শনাক্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরের খান্দুরায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল তিন মাস পিছিয়ে, ক্ষোভ অংশগ্রহণকারী দলগুলোর

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


নাসিরনগরের খান্দুরায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল তিন মাস পিছিয়ে, ক্ষোভ অংশগ্রহণকারী দলগুলোর

নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামে আয়োজিত একটি চায়নিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ তিন মাস পিছিয়ে দেওয়ার ঘোষণা দেওয়ার ফলে অংশগ্রহণকারী দলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

টুর্নামেন্টের আয়োজক মোঃ সবুজ মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে এই তথ্য জানান। তিনি জানান, মাঠে কাদা থাকার কারণে খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে ফাইনাল ম্যাচ আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এদিকে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো খান্দুরা পশ্চিমপাড়া, খান্দুরা হিন্দুপাড়া, খান্দুরা দক্ষিণবাড়ি, খান্দুরা খা বাড়ি, সাহেববাড়ি, সাহেববাড়ি-২, দিঘিরপাড় জুমন একাদশ, দিঘিরপাড়, সাহেববাড়ি মাদ্রাসা, গাড়াউক, তারাউল্লাহ ও রামেশ্বর একাদশসহ একাধিক দল।

প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের খেলা শেষ হওয়ার পর ফাইনাল আয়োজনের অপেক্ষায় ছিলেন খেলোয়াড় এবং দর্শকরা। কিন্তু হঠাৎ করে ফাইনাল ম্যাচ প্রায় তিন মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড়দের এবং সমর্থকদের।

ফেসবুক পোস্টে আয়োজক সবুজ মিয়া উল্লেখ করেছেন, মাঠে কাদা থাকলে ফাইনাল আয়োজন করলে খেলোয়াড়দের হাত-পা ভেঙে যেতে পারে এবং তাদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। খেলোয়াড়দের স্বার্থে ফাইনাল পিছিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে তিনি একই পোস্টে আরও উল্লেখ করেন, "তিন মাসের আগে কেউ যদি খেলার কথা বলেন তাহলে এক বছর পর খেলা হবে", এমনকি মন্তব্য করেন, "বেশি কথা বললে ২০২৭ সালের জুলাই মাসে ফাইনাল হবে"। এই ধরনের বক্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কয়েকটি দলের খেলোয়াড়রা দাবি করেছেন, পুরো টুর্নামেন্ট শেষ হওয়ার পর ফাইনাল এত দীর্ঘ সময় স্থগিত রাখার সিদ্ধান্ত তাদের হতাশ করেছে। তারা দ্রুত সময়ের মধ্যে ফাইনাল আয়োজনের দাবি জানান।

তবে আয়োজক কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বিশ্বকাপ ফাইনাল

ঢাবিতে রবিবার সন্ধ্যা থেকে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


ঢাবিতে রবিবার সন্ধ্যা থেকে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার উদ্দেশ্যে ১৯ জুলাই (রবিবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই (সোমবার) ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথি ও সাধারণ যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে প্রচারিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোন অতিথি ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো—শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত দিয়ে কেবল বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ও জরুরি সেবার গাড়িগুলোকেই ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

এছাড়া জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের যানবাহন, রাইড-শেয়ার সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং সেবার যান এবং অন্যান্য সরকারি যানবাহনও অন্তর্ভুক্ত থাকবে। এই সব যানবাহন ছাড়া অন্য সকল ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হবে।

তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত রাখা হবে এবং গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে, এ বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা বিবেচনায় নিয়ে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%