সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
০৫:২৪ এম
এবিজি স্পোর্টস সিটির আনভীর স্টেডিয়ামে এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক এবং এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। ছবি : কালের কণ্ঠ
দেশের শীর্ষ ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ শুরু হয়েছে। ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগে অংশগ্রহণ করছে বিশ্ববিদ্যালয়গুলো।
গতকাল বিকেলে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার সূচনা হয়েছে। আজ থেকে ফুটবলের দামামাও বাজতে শুরু করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সদ্য সাবেক ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মোহাম্মদ ইমরুল হাসান, প্রতিষ্ঠানটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, লিয়াকত হোসেন, নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমান এবং সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আশরাফুল বলেন, ‘এমন একটা চমৎকার টুর্নামেন্ট আয়োজনের জন্য আনভীর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ১০টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের আয়োজন শুরু হয়েছে, আশা করি এই টুর্নামেন্টটা প্রত্যেক বছরই হবে। ভবিষ্যতে আরো বেশি বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনেক বড় পরিসরে এটিকে দেখতে চাই। কয়েক দিন আগে এখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচ হয়েছে।
আজ এই টুর্নামেন্ট শুরু হয়েছে। আনভীর ভাই যে উন্নত স্টেডিয়াম বানিয়েছেন, তাতে আশা করি দ্রুতই এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব। এই টুর্নামেন্টে অংশ নেওয়া সব কটি দলের জন্য শুভ কামনা।’
মোহাম্মদ রফিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে আনভীর ভাইয়ের এই চমৎকার আয়োজনের জন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়রা অনেক ভাগ্যবান।
তারা ফ্লাড লাইটের আলোয় খেলার সুযোগ পাচ্ছে। আমরা যখন ক্রিকেট খেলা শুরু করেছি, তখন এমন সুযোগ-সুবিধা কল্পনাও করা যেত না।’ খেলোয়াড়দের উদ্দেশ্যে রফিক আরো বলেন, ‘আপনারা এখানে ডে-নাইট ক্রিকেট খেলতে এসেছেন, যা কখনো চিন্তাও করেননি। একটা অনুরোধ করব, আপনারা শৃঙ্খলা বজায় রেখে খেলাধুলা করবেন, যেন শৃঙ্খলা ভঙ্গ না হয়। আম্পায়ার থাকবেন, ম্যাচ রেফারি থাকবেন। তাঁরা যে সিদ্ধান্ত দেবেন, সেটাই যেন চূড়ান্ত সিদ্ধান্ত হয়। আপনাদের জন্য শুভ কামনা রইল।’
টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (এআইইউবি) পাঁচ উইকেটে হারিয়েছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টে ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগেই চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ, আর রানার্স আপ দল পাবে পাঁচ লাখ টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সার্বিয়ার রাজনীতিতে দীর্ঘদিনের আধিপত্যের অবসান ঘটিয়ে নির্বাচনে জয় অর্জন করেছে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলন। রোববার অনুষ্ঠিত ঐতিহাসিক নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ। এই ফলাফল বলকান অঞ্চলের দেশটিতে নতুন রাজনৈতিক যুগের সূচনা করবে। খবর রয়টার্সের।
জনতাবাদী ও জাতীয়তাবাদী নেতা ভুসিচ ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হিসেবে সার্বিয়ার রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছিলেন।
দুর্নীতি এবং ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনের অভিযোগে প্রায় দুই বছর ধরে চলা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের প্রেক্ষিতে গত সেপ্টেম্বরে আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি। ২০২৪ সালে নোভি সাদ শহরে একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর এই আন্দোলন আরো জোরালো হয়ে ওঠে।
টেলিভিশনে দেওয়া ভাষণে ভুসিচ বলেন, “এটা স্পষ্ট যে আমরা এই নির্বাচনে হেরে গেছি। শিক্ষার্থীদের তালিকা জয়ী হয়েছে।”
তার এই ঘোষণার পরপরই রাজধানী বেলগ্রেডের রাস্তায় আনন্দ-উল্লাস শুরু হয়। পরে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হন। গাড়ির হর্ন, মানুষের নাচ এবং শিক্ষার্থীদের “বিজয়” ও “তার খেলা শেষ” স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।
প্রায় ৬০ লাখ মানুষের দেশ সার্বিয়ায় এই জয়কে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। গত এপ্রিলে হাঙ্গেরির ভিক্টর অরবানের পরাজয়ের ঘটনার সঙ্গে এর তুলনা করা হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষা ব্যবস্থার দুর্বলতা ও ভবিষ্যৎ সম্ভাবনার অভাবের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্যও সার্বিয়ার এই ফল দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
প্রাথমিক ফলের ভিত্তিতে ভুসিচ জানান, ২৫০ আসনের সংসদে শিক্ষার্থীদের সমর্থিত তালিকা ১৩৫ থেকে ১৪০টি আসন পেতে পারে। তার দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) পেতে পারে ১০৫টি আসন।
বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাদোমির সাজিচ শিক্ষার্থীদের সদর দপ্তর থেকে বলেন, “প্রিয় সার্বিয়া, আজ রাতে জনগণের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আজ রাতে আমরা বিজয় উদ্যাপন করছি, আগামীকাল ভবিষ্যৎ গড়ব।”
রেকর্ড ভোটার উপস্থিতিতে শিক্ষার্থীদের জয়
রোববার ভোটগ্রহণের দিন দেশটির বিভিন্ন শহর ও জনপদের ভোটকেন্দ্রগুলোতে নজিরবিহীন দীর্ঘ সারি দেখা যায়। এমনকি বেলগ্রেডে ভোট দিতে গিয়ে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করতে হয় ভুসিচকেও।
জরিপ সংস্থা ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি প্রায় ৭০ শতাংশে পৌঁছায়। ১৯৯২ সালে যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পর এটিই দেশটিতে সর্বোচ্চ ভোটার উপস্থিতি।
ভোটার কাতরিনা পেত্রোভিচ বলেন, “এত বেশি ভোটার উপস্থিতি আমাকে অবাক করেনি। কারণ, গত দুই বছরে বড় ও শক্তিশালী একটি গণআন্দোলন গড়ে উঠেছে।”
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় শেষ হওয়ার আগেই পদত্যাগ করে আবার প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন ভুসিচ। ক্ষমতাসীন নেতা হিসেবে তার অবস্থান ছিল শক্তিশালী। ফলে শিক্ষার্থীদের আন্দোলনের অনেকেই এত দ্রুত তার পরাজয় স্বীকারের বিষয়টি কল্পনাও করেননি।
ভুসিচের সমর্থকেরা তার সরকারের সময়ে অর্থনীতির আধুনিকায়ন এবং নতুন মহাসড়ক, রেলপথ, স্কুল ও হাসপাতাল নির্মাণের কৃতিত্ব তুলে ধরেন।
পরাজয় স্বীকার করলেও ভুসিচ বলেন, “কিছু ব্যবসায়ী, কিছু মানুষ আমাদের ছেড়ে চলে যাবেন। কিন্তু আমাদের সংগঠন শক্ত অবস্থানে রয়েছে। আমরা ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আমাদের আছে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা এবং কুমিল্লার মধ্যে রেল যোগাযোগকে আরও সহজ ও দ্রুততর করার উদ্দেশ্যে প্রায় ৬০ হাজার কোটি টাকা ব্যয়ে ৯০ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
এই প্রস্তাবিত রেলপথটি কুমিল্লা থেকে দাউদকান্দি, শ্যামপুর, ফতুল্লা ও নারায়ণগঞ্জ হয়ে ঢাকার সঙ্গে যুক্ত হবে। এটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে কুমিল্লা যাতায়াতের দূরত্ব কমানোর পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
নতুন রেলপথটির নাম ‘কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ’। এটি প্রচলিত রেলপথের বিকল্প হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য, রেলপথটির বড় অংশ উড়ালপথে নির্মাণ করা হবে এবং এতে কোনো লেভেল ক্রসিং থাকবে না।
বর্তমানে কুমিল্লা থেকে আখাউড়া, ভৈরব বাজার ও টঙ্গী হয়ে ঢাকায় যেতে হয়। নতুন রেলপথ চালু হলে বিদ্যমান পথের তুলনায় দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে যাবে। ফলে রাজধানীর সঙ্গে কুমিল্লার যোগাযোগ আরও দ্রুত হবে এবং চট্টগ্রামমুখী রেল চলাচলেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
নতুন রেলপথ চালু হলে ঢাকা–লাকসাম–চট্টগ্রাম রুটে যাত্রার সময় তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় নেমে আসতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী রেলের বহরে নতুন কোচ ও ইঞ্জিন যুক্ত করা হবে। এতে ২৬০টি ব্রডগেজ ক্যারেজ, ৩০টি লোকোমোটিভ, ২০০টি মিটারগেজ ক্যারেজ, চারটি হুইল লেদ এবং চারটি রিলিফ ট্রেন রাখার প্রস্তাব করা হয়েছে।
এই বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, কুমিল্লা–ঢাকা সরাসরি নতুন রেললাইন স্থাপনের দাবিতে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তার মতে, নতুন কর্ড লাইন চালু হলে কুমিল্লার মানুষের রাজধানীকেন্দ্রিক যাতায়াত সহজ হবে। কুমিল্লায় বসবাস করেও ঢাকায় গিয়ে নিয়মিত অফিস করার সুযোগ তৈরি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এই সাক্ষাৎ রোববার (২৫ অক্টোবর) বঙ্গভবনে অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং দেশের টেক্সটাইল খাতের চাহিদা পূরণে আন্তর্জাতিক মানের দক্ষ ও বিশেষজ্ঞ প্রকৌশলী তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, "দেশের টেক্সটাইল শিল্পের চাহিদা পূরণে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশে ও বিদেশে তাদের উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দিতে হবে।" এতে দেশের দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে।
রাষ্ট্রপতি দেশের টেক্সটাইল শিল্পের কাঁচামালের চাহিদা পূরণে তুলার দেশীয় উৎপাদন বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। তিনি কৃষকদের উৎসাহিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষি ও টেক্সটাইল খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি পাট, আনারসের পাতা ও কলাগাছসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তন্তু সংগ্রহ এবং সিনথেটিক সুতা তৈরির সম্ভাবনা নিয়ে গবেষণা জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের বিকাশে বুটেক্সের ভূমিকা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক গবেষণাগার স্থাপন, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, ‘বিসিএস (টেক্সটাইল)’ নামে পৃথক ক্যাডার সৃষ্টি, বাজেট সম্প্রসারণ এবং ঢাকার পূর্বাচলে দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হয়।
রাষ্ট্রপতি প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি উত্থাপিত বিষয়গুলো সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপাচার্য আগামী বছরের মার্চ মাসে বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরকে সভাপতিত্ব করার আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বুটেক্সের ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব, ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শিল্পী আক্তার, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসিনা আখতার, ফ্যাকাল্টি অব টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা এবং ফ্যাকাল্টি অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. লামইয়া জাহির। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বুটেক্সের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশকে গ্রেফতার করেছে।
গ্রেফতারটি ঘটেছে রোববার (২৫ অক্টোবর) রাতে, মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে।
ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, রাজেশের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে, যার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, সম্প্রতি ডিএমপির প্রকাশিত চাঁদাবাজের তালিকায় রাজেশের নামও অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ