প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিজেদের পারিবারিক বিরোধের কারণে নিজের চার বছরের সন্তানকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনা সম্প্রতি ভারতের মধ্য প্রদেশের মোরেনায় ঘটেছে। টানা তিনদিন খোঁজাখুঁজির পর রাজস্থানের পালি থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম হলো নীলেশ রাজপুত। পুলিশ জানায়, নীলেশ এবং তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। বনিবনা না হওয়ায় তার স্ত্রী মোরেনায় বাবার বাড়িতে তার চার বছরের সন্তান কার্তিকেয়কে নিয়ে থাকতেন।
স্ত্রীর বিরুদ্ধে নীলেশের অভিযোগ ছিল যে, তিনি সন্তানকে বাবার সঙ্গে দেখা করতে দিতেন না। তাই নিজের সন্তানকে দেখা করতে না পেরেই নীলেশ সিদ্ধান্ত নেন তাকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ার।
মোরেনার পুলিশ সুপার ধর্মরাজ মিনা শনিবার জানান, কার্তিকেয়কে পালি থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গত ৭২ ঘণ্টার প্রযুক্তিগত তথ্য ও নিবিড় তদন্তের মাধ্যমে আসামির অবস্থান সনাক্ত করা সম্ভব হয়। এই ঘটনায় নীলেশের সঙ্গে আরও দুজন জড়িত ছিলেন, যারা বর্তমানে পলাতক রয়েছেন।
জানা যায়, এটি কোনো আচমকা সিদ্ধান্ত ছিল না। সন্তানকে তুলে নিয়ে যাওয়ার জন্য নীলেশ ও তার দুই সহযোগী ১২ দিন ধরে মোরেনার একটি লজে অবস্থান করেন। এই সময়ের মধ্যে তারা শিশুর স্কুল এলাকা পর্যবেক্ষণ করেন।
গত ১৪ জুলাই, স্কুল ছুটির পরে, নীলেশ বাইরে অপেক্ষা করছিলেন। শিশুটি বের হওয়ার পর, এক সহযোগীর স্কুটারে করে তাকে নিয়ে পালিয়ে যান। পরে চম্বল নদীর সেতুর কাছে এসে স্কুটারটি ফেলে রেখে অন্য একটি গাড়িতে করে রাজস্থানে পালিয়ে যান তারা। পুলিশ জানায়, অপরাধে ব্যবহৃত স্কুটারটি ওই লজের মালিকের ছিল।
পুরো ঘটনাটি স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, একজন ব্যক্তি শিশুটিকে নিয়ে যাচ্ছে। প্রথমে শিশুটির মা ফুটেজের ওই ব্যক্তিকে নিজের স্বামী বলে স্বীকার করেননি। তবে পরে তিনি পুলিশকে সহযোগিতা করেন। লজের মালিকও সিসিটিভি ফুটেজ দেখে নীলেশকে শনাক্ত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন