ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে


চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম কাস্টমস হাউস বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ১২৬টি কনটেইনারে রক্ষিত মোট ৩ হাজার ২৬৮ টন পণ্য পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করা হচ্ছে।

আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ধ্বংসযোগ্য পণ্যসমূহের মধ্যে রয়েছে ৩৪ কনটেইনার নিম্নমানের খেজুর, ৪০ কনটেইনার মেয়াদোত্তীর্ণ সোডা অ্যাশ, ১৮ কনটেইনার মেয়াদোত্তীর্ণ ফিড গ্রেড লাইম স্টোন এবং অন্যান্য পচনশীল ও নষ্ট পণ্য যেমন—কমলা, পেঁয়াজ, কাজুবাদাম (কেশনাট) ইত্যাদি।

আরও পড়ুন: অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

গতকাল সোমবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের পেছনের নির্ধারিত স্থানে এ ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে, যা নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিজিবি, আনসার সদস্য এবং স্থানীয় বন্দর থানা পুলিশের একটি দল সরেজমিনে উপস্থিত থেকে পুরো ধ্বংস কাজের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক সহায়তা প্রদান করছেন।

চট্টগ্রাম কাস্টমস হাউস পরিচালিত পচনশীল ও ক্ষতিকর পণ্য ধ্বংসের এ কার্যক্রম চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসনে অত্যন্ত কার্যকরী অবদান রাখবে বলে আশা প্রকাশ করছে জাতীয় রাজস্ব বোর্ড।

চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতায় বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য এবং ধ্বংসযোগ্য পণ্যসমূহ পর্যায়ক্রমে ধ্বংস করার এ প্রক্রিয়া জরুরি ভিত্তিতে অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে : তারেক রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র যাত্রা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র যাত্রা শুরু

সিলেট নগরীর পরিকল্পিত, সমন্বিত ও টেকসই উন্নয়নের প্রত্যাশায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণ, সমন্বয়হীন উন্নয়ন ও ভবিষ্যৎ সম্প্রসারণের চ্যালেঞ্জ মোকাবিলায় মাস্টারপ্ল্যান প্রণয়নসহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে নতুন এই কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে নগরীর নাইওরপুল এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সিউকের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে সংস্থাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কার্যালয়ের উদ্বোধন করেন বাণিজ্য, বস্ত্র ও পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘নতুন একটি সরকারি সংস্থার যাত্রা শুরু হওয়া সিলেটবাসীর জন্য আনন্দের বিষয়। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষকে সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নগরের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘সরকারি উন্নয়নকাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। সমন্বয়ের ঘাটতি থাকলে উন্নয়নকাজই অনেক সময় নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।’

সিউককে এ বিষয়ে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেন সমন্বয়হীনতা তৈরি না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব নতুন এই সংস্থারও রয়েছে। সিলেটের আগামী দিনের উন্নয়নে সিউক গুরুত্বপূর্ণ সহযোগী ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।’

এর আগে রবিবার (২৩ আগস্ট) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী সিউকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকাকে পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবে সিউক। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি বিভিন্ন দপ্তর, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

টাউন লাইফ কোম্পানি লিমিটেডের উদ্যোগে জাপানে বাংলাদেশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থানের লক্ষ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাহদী আমিন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে জাপানের শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জাপানের সাথে এ বিষয়ে বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে, যেখানে জাপানি ভাষা শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’

জাপানি শিক্ষকদের বাংলাদেশে এসে প্রশিক্ষণ প্রদানের বিষয়টি সহজ করতে সরকার ভিসার আবেদন ও আবাসন সুবিধাসহ যাবতীয় নিয়মতান্ত্রিক জটিলতা নিরসনে কাজ করছে বলেও তিনি জানান।

উপদেষ্টা বলেন, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সিভিল, ইলেকট্রিক্যাল এবং আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা সনদধারীদের কর্মসংস্থান ভিসার মাধ্যমে জাপানে পাঠানো হবে। প্রার্থীর ভাষা ও কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে জাপানে পৌঁছানো পর্যন্ত যাবতীয় ব্যয় বহন করবে সংশ্লিষ্ট জাপানিজ প্রতিষ্ঠানটি।

এছাড়া প্রতিষ্ঠানটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব উন্নয়ন ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জাম দিয়েও প্রত্যক্ষ সহায়তা প্রদান করবে।

কর্মসংস্থানের সময়সীমা উল্লেখ করে তিনি জানান, প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ভাষা শিক্ষাক্রম প্রায় শেষ এবং তাদের চাকরি নিশ্চিত হয়েছে। তারা আগামী অক্টোবর ২০২৬-এর মধ্যে জাপানে নিজ নিজ কর্মস্থলে যোগদান শুরু করবেন। দ্বিতীয় ব্যাচের নির্বাচিতরা আগামী জানুয়ারি ২০২৭-এর মধ্যে জাপানে প্রবেশ করবেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়ার সভাপতিত্বে সভায় টাউন লাইফ জাপান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তোমিজাওয়া কাজুনোরি, শাখা ব্যবস্থাপক ওকাদা ইয়োহেইসহ মন্ত্রণালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম, ২৫ আগস্ট, ২০২৬ : ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে নাগরিকদের দেওয়া অভিযোগের ভিত্তিতে নগরীর ২২ নম্বর এনায়েত বাজার ও ১৬ নম্বর ওয়ার্ডের দেবপাহাড় এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

মঙ্গলবার (২৫ আগস্ট) পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখলদারিত্ব উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। এর ফলে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরেছে।

চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে নগরবাসীর কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন নাগরিক অভিযোগকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৩।

নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দরে মিথ্যা ঘোষণায় আনা বিপুল পরিমাণের ল্যাপটপ ও ট্যাব জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


শাহজালাল বিমানবন্দরে মিথ্যা ঘোষণায় আনা বিপুল পরিমাণের ল্যাপটপ ও ট্যাব জব্দ

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে একই আমদানিকারকের দু’টি পৃথক চালান থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ, ট্যাব, আইপ্যাড ও গাড়ির যন্ত্রাংশে মিথ্যা ঘোষণা, পরিমাণগত অসামঞ্জস্য, অস্বাভাবিক কম মূল্য ঘোষণা এবং পণ্যের প্রকৃত তথ্য গোপনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দুটি চালানের আমদানিকারক প্রতিষ্ঠান সারদার গ্লোবাল ট্রেড (বিআইএন: ০০৯১১৩৬৪৫-০১১১) এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ফাহিম ফাইভ স্টার লিমিটেড।

এনবিআরের তথ্য অনুযায়ী, প্রথম চালানটির এডব্লিউবি নম্বর ৯৯৭-৬৬৮৯০৭৫১ এবং সংশ্লিষ্ট বিল অব এন্ট্রি (বি/ই) নম্বর ৮২১১৮৬, যার তারিখ ১৩ আগস্ট, ২০২৬। এ চালানে ঘোষিত মূল্য ছিল মাত্র ৩ হাজার ৫০০ মার্কিন ডলার। তবে কায়িক পরীক্ষা ও মূল্যায়নের পর সংশোধিত মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৫২৭ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৫৮৪ টাকা।

কায়িক পরীক্ষায় এ চালানে ৫৪৩টি এইচপি কোর আই-৫ ল্যাপটপ, ১৮৭টি এইচপি কোর আই-৩ ল্যাপটপ এবং মিনি পিসি হিসেবে ঘোষিত আরও ১০টি এইচপি কোর আই-৫ ল্যাপটপ পাওয়া যায়। এছাড়া ৫৫টি ট্যাব ও পাঁচটি আইপ্যাড পাওয়া গেছে। অর্থাৎ এ চালানে মোট ৭৪০টি ল্যাপটপ এবং ৬০টি ট্যাব বা আইপ্যাড পাওয়া যায়। ঘোষণার তুলনায় অতিরিক্ত ৪৩টি ল্যাপটপ থাকার বিষয়টিও পরীক্ষণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় চালানটির এডব্লিউবি নম্বর ৯৯৭-৬০৫০০৪৫১ এবং সংশ্লিষ্ট বি/ই  নম্বর ৮২১১০৮, যার তারিখও ১৩ আগস্ট, ২০২৬। এ চালানে ঘোষিত মূল্য ছিল ২ হাজার মার্কিন ডলার। কায়িক পরীক্ষা ও মূল্যায়নের পর সংশোধিত মূল্য দাঁড়িয়েছে ৬৪ হাজার ২৫৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯ লাখ ৩৫ হাজার ৯৮৬ টাকা।

এই চালানে কায়িক পরীক্ষায় ৪৬টি কোর আই-৩ এবং ৩৮১টি কোর আই-৫ ল্যাপটপসহ মোট ৪২৭টি ল্যাপটপ পাওয়া যায়। পাশাপাশি পাওয়া যায় ৩৫টি ট্যাব ও পাঁচটি আইপ্যাড। ঘোষণার তুলনায় অতিরিক্ত ৩৯টি ল্যাপটপ পাওয়া গেছে।

কাস্টমস গোয়েন্দা জানায়, দু’টি চালানে ঘোষিত মোট মূল্য ছিল ৫ হাজার ৫০০ মার্কিন ডলার। তবে কায়িক পরীক্ষা ও মূল্যায়নের পর সম্মিলিত মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৮৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৭ লাখ ২১ হাজার ৫৭০ টাকা। অর্থাৎ ঘোষিত মূল্যের তুলনায় মূল্যায়িত মূল্য প্রায় ৩০ দশমিক ৫ গুণ বেশি। দুই চালান থেকে মোট ১ হাজার ১৬৭টি ল্যাপটপ এবং ১০০টি ট্যাব/আইপ্যাড পাওয়া গেছে।

অভিযানে পাওয়া উল্লেখযোগ্য সংখ্যক ল্যাপটপ বাহ্যিক অবস্থা দেখে ব্যবহৃত (ইউজড) বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। পরীক্ষণ প্রতিবেদনে এসব পণ্য সম্পর্কে ‘বাহ্যিক অবস্থা অনুযায়ী ব্যবহৃত হতে পারে’ বলে উল্লেখ করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষের মতে, এ ধরনের ব্যবহৃত পণ্য প্রচলিত আমদানি নীতি আদেশ অনুযায়ী আমদানি নিষিদ্ধ পণ্যের আওতাভুক্ত।

এছাড়া ক্যাপাসিটর, রাবার সিল ও-রিং, গ্যাসকেট রাবার ও ফিটিংস হিসেবে ঘোষিত বিভিন্ন পণ্য কায়িক পরীক্ষায় গাড়ির যন্ত্রাংশ হিসেবে শনাক্ত হয়েছে। এসব পণ্যের ক্ষেত্রে এইচএস কোড পরিবর্তনের বিষয়টিও পরীক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট চালান দু’টির খালাস কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তীতে ২৩ আগস্ট সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধির উপস্থিতিতে কায়িক পরীক্ষা সম্পন্ন করা হয়।

মিথ্যা ঘোষণা, অস্বাভাবিক কম মূল্য ঘোষণা, ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি, পণ্যের প্রকৃত তথ্য গোপন এবং আমদানি নিষিদ্ধ ব্যবহৃত পণ্য আনার অভিযোগে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট আমদানি নীতি আদেশ অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর শুল্ক-কর ফাঁকি, মিথ্যা ঘোষণা এবং নিষিদ্ধ পণ্য আমদানি প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%