০৫:৩৭ এম
কানাডার দাবানলের ধোঁয়ার ফলে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বায়ুদূষণ মারাত্মক আকার গ্রহণ করেছে। এর ফলে সন্দেহের উদ্রেক হয়েছে যে, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে কিনা। তবে আপাতত ফাইনালের ভেন্যু বদলানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অবশ্য আগামী কয়েক দিনের আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে।
তথ্য অনুযায়ী, আগামী রবিবার স্থানীয় সময় বেলা ৩টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে। কিন্তু কানাডার দাবানল থেকে উৎপন্ন ধোঁয়া বাতাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ার ফলে এলাকাজুড়ে বায়ুর মান দ্রুত খারাপ হয়েছে। এর ফলে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে।
এই পরিস্থিতির প্রভাব ইতিমধ্যেই অন্যান্য ক্রীড়া অনুষ্ঠানে পড়তে শুরু করেছে। মেজর লিগ সকারে (এমএলএস) ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এবং শিকাগো ফায়ারের মধ্যে খেলা বায়ুদূষণের কারণে স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ
তবে ইএসপিএনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফিফা এখনও ফাইনাল সম্পর্কে চিন্তিত নয় এবং বর্তমান পরিস্থিতিতে ম্যাচটি কোনো হুমকির মুখে নেই বলে তারা মনে করছে। যদিও পরিস্থিতি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খারাপ হলে সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও অস্বীকার করা হচ্ছে না।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, স্বাস্থ্য, নিরাপত্তা, আবহাওয়া বা অন্য কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে ফিফা প্রয়োজন হলে কোনো ম্যাচ বাতিল, পুনর্নির্ধারণ অথবা অন্য ভেন্যুতে স্থানান্তর করতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি তাদের হাতে রয়েছে।
এদিকে নিউইয়র্কের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ধোঁয়ার মাত্রা আগের দিনের তুলনায় কিছুটা কমলেও শনিবার ভোরে তা আবারও ঘন হতে পারে। তবে দিনের বেলায় আংশিক রোদ পড়ার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা দফতর বর্তমানে বায়ুর মানকে ‘সবার জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করে সতর্কতা জারি করেছে। এমন অবস্থার মধ্যেও বৃহস্পতিবার নিউ জার্সির ইস্ট হ্যানোভারে খোলা মাঠে অনুশীলন করেছে স্পেন দল।
আরও পড়ুন: বিএনপিকে অপরাজনীতির পরিণতি ভোগ করতে হবে: সাদিক কায়েম
আবহাওয়াবিদরা বলছেন, শনিবার সম্ভাব্য বৃষ্টিপাতের পর ধোঁয়ার ঘনত্ব এবং বায়ুর মান কেমন থাকবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই অনিশ্চয়তার ফলে বিশ্বকাপ ফাইনাল নিয়ে পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফিফা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন