ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র


ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ব্রাজিল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। বুধবার রাতে এ সিদ্ধান্তের ঘোষণা দেন দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ‘ট্রেড অ্যাক্ট’-এর ৩০১ নম্বর ধারার আওতার মধ্য দিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর এক বিবৃতিতে জানায়, এক বছরব্যাপী তদন্তের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তদন্তে উল্লেখ করা হয়েছে যে, ব্রাজিলের ডিজিটাল বাণিজ্য, শুল্কনীতি, মেধাস্বত্ব সুরক্ষা, ইথানল ব্যবহারের সুযোগ এবং বন উজাড়–সংক্রান্ত নীতিগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য ক্ষতিকর।

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

জেমিসন গ্রিয়ার বলেন, মার্কিন শ্রমিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ন্যায্য প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করার জন্য ব্রাজিলের ‘অন্যায্য’ বাণিজ্যনীতির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, গত এক বছরে দুই দেশের মধ্যে বহু দফা আলোচনা হয়েছে, তবে সেগুলো ফলপ্রসূ হয়নি। তিনি জানান, ভবিষ্যতে আলোচনার সুযোগ খোলা থাকবে।

এর আগে রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, কিছু মাস ধরে চলমান আলোচনা থেকে কোনো অগ্রগতি না হওয়ায় ব্রাজিল পূর্ব থেকেই প্রস্তুতি নিচ্ছিল যে যুক্তরাষ্ট্র তাদের কিছু পণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, ব্রাজিল সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিকভাবে আলোচনা করেনি। তিনি বলেন, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দেশের স্বার্থের চেয়ে নিজের অবস্থানকে বেশি গুরুত্ব দিয়েছেন।

আরও পড়ুন: জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কিন্তু যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল সরকার। প্রেসিডেন্ট লুলার কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ব্রাজিলীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এটিকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের জন্য নেতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া, যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ এম


বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া, যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে নতুন রেকর্ড

স্পেন ও আর্জেন্টিনার মধ্যে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে টিকিটের দাম নজিরবিহীন উচ্চতায় পৌঁছে গেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের টিকিটের গড় মূল্য যুক্তরাষ্ট্রের ক্রীড়ার ইতিহাসে বর্তমানে সবচেয়ে ব্যয়বহুল ইভেন্টের রেকর্ড সৃষ্টি করেছে। ফলে এনএফএল সুপার বোল এবং এনবিএ ফাইনালের টিকিটের দামকেও ছাড়িয়ে গিয়েছে বিশ্বকাপের ফাইনাল।

টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফিফার শেষ মুহূর্তের বিক্রয় সাইটে কেবল 'ফ্রন্ট ক্যাটাগরি-১'-এর সীমিতসংখ্যক টিকিট অবশিষ্ট রয়েছে। শুক্রবার পর্যন্ত প্রত্যেকটি টিকিটের মূল্য ছিল ৩০,০০০ মার্কিন ডলার।

ফিফার আনুষ্ঠানিক রিসেল প্ল্যাটফর্মেও টিকিটের দাম অত্যধিক বেশি। সেখানে ক্যাটাগরি-৩-এর সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় ৮,০০০ ডলার। ক্যাটাগরি-১-এর টিকিট শুরু হচ্ছে ১১,৭০০ ডলার থেকে। অন্যদিকে ফ্রন্ট ক্যাটাগরি-১-এর টিকিট কিনতে গুনতে হচ্ছে অন্তত ১৭,২০০ ডলার। হুইলচেয়ার ও সহজ প্রবেশাধিকার বিভাগের টিকিটের দামও ১৪,০০০ থেকে ২০,০০০ ডলারের মধ্যে।

তবে বেসরকারি রিসেল প্ল্যাটফর্মে দাম আরও বিস্ময়কর। সেখানে ক্যাটাগরি-১-এর একটি টিকিটের মূল্য ৫,৭৫,০০০ ডলার, ফ্রন্ট ক্যাটাগরি-১-এর টিকিট ৫,৯৫,০০০ ডলার এবং ক্যাটাগরি-৩-এর একটি আসনের মূল্য সর্বোচ্চ ২৩,০০,০০০ ডলার পর্যন্ত চাওয়া হচ্ছে। যদিও এই দামে টিকিট বিক্রি হবে কি না, তা নিশ্চিত নয়। তবে চলতি বিশ্বকাপে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির চিত্র স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

সম্পর্কিত তুলনায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে এনএফএল সুপার বোলের টিকিটের সর্বনিম্ন মূল্য ম্যাচের তিন দিন আগে প্রায় ৪,৫০০ ডলার ছিল। আর জুনে অনুষ্ঠিত এনবিএ ফাইনালের একটি ম্যাচের টিকিট শুরু হয়েছিল প্রায় ৭,০০০ ডলার থেকে।

বিশ্বকাপের টিকিট বিক্রিতে 'ডাইনামিক প্রাইসিং' পদ্ধতি চালু করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই পদ্ধতিতে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের দামও বৃদ্ধি পায়।

এপ্রিল মাসে টিকিট বিক্রির চতুর্থ ধাপে ক্যাটাগরি-১-এর টিকিটের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০,৯৯০ ডলার, যা আগের বছরের অক্টোবরের শুরুর দামের তুলনায় ৭০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। একইভাবে, ক্যাটাগরি-২ এবং ক্যাটাগরি-৩-এর টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই মূল্য ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালের গড় টিকিট মূল্যের তুলনায় চার থেকে ছয় গুণ বেশি। এরপর ফাইনাল যত ঘনিয়ে এসেছে, টিকিটের মূল্যও তত বেড়েছে।

বিশ্বকাপ শুরুর আগে ধারণা করা হয়েছিল, এত বেশি দামের কারণে অনেক স্টেডিয়ামেই দর্শকসংখ্যা কম হতে পারে। কিন্তু বাস্তবে ১৬টি আয়োজক শহরের অধিকাংশ ম্যাচই ছিল দর্শকে পূর্ণ। ফাইনালও সম্পূর্ণ দর্শকপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, বিশ্বকাপের টিকিটের এই অস্বাভাবিক মূল্য ভবিষ্যতে সাধারণ সমর্থকদের জন্য টুর্নামেন্ট উপভোগ করা আরও কঠিন করে তুলতে পারে। একই সাথে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও কি একই ধরনের মূল্যনীতি অনুসরণ করা হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ জিতলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন স্প্যানিশ ডিফেন্ডার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫১ এম


বিশ্বকাপ জিতলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন স্প্যানিশ ডিফেন্ডার

বয়সটা খুব বেশি নয়, ২৮ ছুঁইছুঁই। তবে এই বয়সে মার্ক কুকুরেয়া আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। তবে শর্ত হলো, যদি আর্জেন্টিনাকে ফাইনালে হেরে বিশ্বকাপ জিততে পারে স্পেন; তবেই তিনি ফুটবলকে বিদায় জানাবেন এই ডিফেন্ডার। শুধু তাই নয়, কুকুরেয়া এর আগে মজা করে বলেছিলেন যে, স্পেন বিশ্বকাপ জিতলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করাবেন। পুরো টুর্নামেন্টজুড়ে ছন্দে থাকা মার্ক কুকুরেয়া এসব মন্তব্য করেছেন।

ফুটবল নিয়ে পাগলামির একেবারে সীমা নেই। সমর্থকেরা যেমন পাগলামি করেন, মাঝে মাঝে খেলোয়াড়রাও অদ্ভুত কিছু পাগলামি করে বসেন। তবে মার্ক কুকুরেয়ার বিষয়টি ভিন্ন। এটিকে নিছক পাগলামি বলা যায় না, আবার ধরলে পাগলামির চেয়ে কমও নয়। কারণ, বিশ্বকাপ জিতলে ২৭ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানানোর কথা বলছেন!

মভিস্টারপ্লাসে প্রকাশিত এক ভিডিওতে কুকুরেয়া বলেছেন, ‘স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে পরদিনই লুইস দে লা ফুয়েন্তেকে ফোন করে জাতীয় দল থেকে অবসরের কথা জানিয়ে দেবো। ইউরো আর বিশ্বকাপ- দুটোই জিতে গেলে আর চাওয়ার কী থাকে!’

একজন ডিফেন্ডারের জন্য ২৭-২৮ বছরকে সাধারণত ক্যারিয়ারের সেরা সময় হিসাবেই ধরা হয়। এই বয়সে বেশিরভাগ রক্ষণভাগের খেলোয়াড়েরা অভিজ্ঞতা, পরিপক্বতা ও শারীরিক সক্ষমতার নিখুঁত সমন্বয়ে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেন।

ইউরো ২০২৪ শিরোপা জয়ের পর থেকেই মার্ক কুকুরেয়া স্পেনের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন। ধারাবাহিক পারফরমেন্সে কোচের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। চলতি বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন কুকুরেয়া। সাতটি ম্যাচে স্পেনের রক্ষণভাগ মাত্র একটি গোল খেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একদিনে ৩১ হাজারের বেশি স্কাইডাইভ, গড়ল নতুন বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৫ এম


একদিনে ৩১ হাজারের বেশি স্কাইডাইভ, গড়ল নতুন বিশ্বরেকর্ড

বিশ্ব স্কাইডাইভিং দিবস উপলক্ষে বিশ্বের ৪৩টি দেশে একদিনে ৩১ হাজারের বেশি সমন্বিত স্কাইডাইভ সম্পন্ন করে নতুন বিশ্বরেকর্ড গড়া হয়েছে।

একদিনে সর্বোচ্চ সংখ্যক নথিভুক্ত স্কাইডাইভের এ রেকর্ডকে স্কাইডাইভিং ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। শনিবার (১৮ জুলাই) আয়োজিত এ বৈশ্বিক কর্মসূচির আয়োজন করে ইউনাইটেড স্টেটস প্যারাস্যুট অ্যাসোসিয়েশন (ইউএসপিএ), অস্ট্রেলিয়ান প্যারাস্যুট ফেডারেশন, ব্রিটিশ স্কাইডাইভিং এবং কানাডিয়ান স্পোর্ট প্যারাস্যুটিং অ্যাসোসিয়েশন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, একদিনে মোট ৩১ হাজার ৭৫টি স্কাইডাইভ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ২০২৪ সালে গড়া ৩০ হাজার ৩৫১টি স্কাইডাইভের আগের বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।

এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ স্কাইডাইভারদের পাশাপাশি নতুন অংশগ্রহণকারীরাও অংশ নেন। বিশেষ করে, অনেকেই জীবনে প্রথমবারের মতো প্রশিক্ষকের সঙ্গে ট্যান্ডেম স্কাইডাইভ সম্পন্ন করেন।

ইউনাইটেড স্টেটস প্যারাস্যুট অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক অ্যালবার্ট বের্খটোল্ড বলেন, রেকর্ড গড়ার জন্যই তৈরি হয়, আর তা ভাঙার জন্যই নতুন চ্যালেঞ্জ আসে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ নির্ধারিত ড্রপ জোনে এসে এই ক্রীড়ার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, যা অত্যন্ত আনন্দের।

তিনি আরও বলেন, নতুন এই বিশ্বরেকর্ড স্কাইডাইভিংয়ের জনপ্রিয়তা ও বিস্তারেরই প্রতিফলন। এটি যেমন নতুন অংশগ্রহণকারীদের উৎসাহিত করবে, তেমনি দীর্ঘদিন ধরে এই ক্রীড়ার সঙ্গে যুক্ত অভিজ্ঞ স্কাইডাইভারদের নিষ্ঠা ও প্রতিশ্রুতিরও স্বীকৃতি।

আয়োজকদের মতে, বিশ্ব স্কাইডাইভিং দিবসের এ উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল আরও বেশি মানুষকে এই রোমাঞ্চকর ক্রীড়ার সঙ্গে পরিচিত করা এবং আন্তর্জাতিকভাবে স্কাইডাইভিং সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও অংশগ্রহণ বাড়ানো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৪ এম


ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯

গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। একই ঘটনায় আহত হয়েছে ১৬ হাজার ৭৪০ জন।

দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এই তথ্য জানিয়েছেন শুক্রবার (১৭ জুলাই)।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে হতাহত ও ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য প্রকাশ করেছেন।

রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া, ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য ১০৬টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে, যেখানে বর্তমানে ২১ হাজার ২৩৫ জন অবস্থান করছেন। তবে, এখনও ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।

রদ্রিগেজ আরও উল্লেখ করেছেন, শক্তিশালী ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে, ফলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

ভেনেজুয়েলায় গত ২৪ জুন কয়েক ঘণ্টার ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটেছে।

ভেনেজুয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এখনো চলমান রয়েছে। দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কাজ করে যাচ্ছে।

সূত্র: আনাদলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%