০৫:৫১ পি.এম
দেশের শিল্প খাতে গ্যাস সংকট দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এটি দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। এই সংকট শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন এসি শিল্প গ্রুপ ও এসজিএলের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী।
রোববার (২৬ জুলাই) সকালে গাজীপুরে তিনি সময় সংবাদকে এসব কথা বলেন।
তিনি বলেন, 'শিল্পে গ্যাস সংকটের বিষয়টি দীর্ঘদিন ধরে তুলে ধরা হলেও কার্যকর সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বরং বর্তমানে পরিস্থিতির উন্নতি না হয়ে সংকট আরও গভীর হয়েছে। অনেক শিল্প এলাকায় প্রয়োজনীয় চাপের তুলনায় গ্যাসের প্রেসার অনেক কম থাকছে, আবার কোথাও কোথাও একেবারেই গ্যাস পাওয়া যাচ্ছে না।'
আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা
সালাউদ্দিন চৌধুরীর মতে, গত কয়েক বছর ধরেই গ্যাস সংকটের কারণে বাংলাদেশ সম্ভাবনাময় বিদেশি বিনিয়োগের সুযোগ হারাচ্ছে। একই সঙ্গে তৈরি পোশাক শিল্পেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। গ্যাসের অভাবে উৎপাদন কমে যাচ্ছে, কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে এবং বিদেশি ক্রেতাদের একটি অংশ তাদের ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তর করছে। ফলে অনেক প্রতিষ্ঠানের আর্থিক সংকট বাড়ছে এবং কিছু সুপরিচিত শিল্পপ্রতিষ্ঠানও খেলাপির ঝুঁকিতে পড়ছে।
তিনি আরও জানান, সরকার অর্থনীতিকে সুরক্ষিত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তবে শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।
পাশাপাশি শিল্পোন্নত দেশগুলোর সফল মডেল অনুসরণ করে গ্যাস সরবরাহ সংকট দূরীকরণ, নতুন সংযোগ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও তা দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এই শিল্প উদ্যোক্তা।
আরও পড়ুন: জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ: নারী উদ্যোক্তা সাথী আক্তার গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন