ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার, জাতিসংঘের প্রতিবেদনে ভয়ংকর তথ্য!


বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার, জাতিসংঘের প্রতিবেদনে ভয়ংকর তথ্য!

জাতিসংঘ তদন্ত কমিশন বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার করার প্রমাণ পেয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যে এসব নাগরিকদের জোর করে যুদ্ধ চুক্তিতে সই করানো হচ্ছে। রাশিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সামরিক চুক্তিতে সই করিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগও রয়েছে।

প্রতিবেদনে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলাকে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন দেশের নাগরিকদের চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের পাসপোর্ট কেড়ে নেয়া হয় এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার সুযোগও কেড়ে নেয়া হয়। রুশ ভাষায় লেখা সামরিক চুক্তিতে সই করতে বাধ্য করা হয় তাদের। জাতিসংঘের তদন্ত কমিশন জানায়, এসব নিয়োগ বিভিন্ন দেশে সক্রিয় এজেন্ট ও সংস্থার সঙ্গে সমন্বয় করে করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিয়োগের পর অনেককে সামান্য প্রশিক্ষণ দিয়ে, এমনকি প্রশিক্ষণ ছাড়াই, ইউক্রেনের যুদ্ধের সম্মুখসারিতে পাঠানো হয়। বিপজ্জনক দায়িত্ব পালন করতে গিয়ে অনেকের প্রাণহানি ঘটেছে, আবার অনেকে নিখোঁজ হয়ে গেছেন। কমিশন জানায়, বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের পাচার ও জোরপূর্বক রুশ বাহিনীতে নিয়োগের বিষয়ে তাদের কাছে শক্তিশালী প্রমাণ রয়েছে। প্রতিবেদনে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার ধারাবাহিক হামলার ভয়াবহ প্রভাবও তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

কমিশন জানায়, বেসামরিক মানুষের জীবনযাত্রার জন্য অপরিহার্য জ্বালানি স্থাপনায় জেনেশুনে হামলা চালানো হয়েছে। তারা সিদ্ধান্তে পৌঁছেছে যে, এতে যুদ্ধাপরাধের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। একইসঙ্গে পাচারের শিকার ব্যক্তিদের রুশ বাহিনী থেকে অব্যাহতি দেয়ার আহ্বান জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেকৃবি শিক্ষার্থীরা নতুন সচিবালয় নির্মাণের সাইনবোর্ড তুলে নিয়ে গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৮ এম


শেকৃবি শিক্ষার্থীরা নতুন সচিবালয় নির্মাণের সাইনবোর্ড তুলে নিয়ে গেলেন

রাজধানীর শেরেবাংলা নগরের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠে নতুন সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে গবেষণা মাঠ পুনরুদ্ধার এবং সেখানে বাণিজ্য মেলার কার্যক্রম বন্ধ করার দাবি জানান।

এ সময়, শিক্ষার্থীরা মাঠে চলমান মাটি পরীক্ষার কাজ বন্ধ করে সরঞ্জাম ও নমুনাবাহী দুটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে আসেন। পাশাপাশি, গণপূর্ত অধিদপ্তরের লাগানো সাইনবোর্ড উপড়ে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যান তারা।

বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ড থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে পুরোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে তারা মাটি পরীক্ষার কাজ বন্ধ করে দেন।

শিক্ষার্থীদের দাবি, গবেষণা মাঠটি ফিরিয়ে না দেওয়ার কারণে ব্যবহারিক শিক্ষা ও উচ্চতর কৃষি গবেষণা ব্যাহত হচ্ছে। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া সেখানে কোনো বহিরাগত কার্যক্রম বা নির্মাণকাজ করতে দেওয়া হবে না। মাঠ পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এদিন জমি উদ্ধার ও সুরক্ষার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে আগামী তিন দিনের মধ্যে জরুরি সিন্ডিকেট সভা ডেকে মাঠটিকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ হিসেবে ঘোষণা এবং জমি উদ্ধারে হাইকোর্টে রিট করার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

আন্দোলনরত শিক্ষার্থী মো. আশিক আহমদ বলেন, "চোখের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের মাঠ নিয়ে যাওয়া হচ্ছে, অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই। আমরা প্রশাসনকে তিন দিনের সময় দিচ্ছি। এর মধ্যে সিন্ডিকেট সভা ডেকে জোরালো আইনি লড়াইয়ের ঘোষণা দিতে হবে এবং ওই জায়গা যে আমাদের, তা নিশ্চিত করতে হবে।"

স্নাতকোত্তরের শিক্ষার্থী ওয়াসিউল হাসান সরকার জানান, আন্দোলনে সংহতি জানিয়ে শিক্ষার্থীরা স্নাতকোত্তরের সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। দাবি বাস্তবায়নে নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, "বাণিজ্য মেলার মাঠ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি রয়েছে। রিটের বিষয়ে কমিটি এখনো সিদ্ধান্ত জানায়নি। তাদের সিদ্ধান্ত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।" মঙ্গলবার বা বুধবারের মধ্যে কমিটির সঙ্গে বসার কথাও জানান তিনি।

অন্যদিকে, মেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, "গণপূর্ত অধিদপ্তরের অনুমতি নিয়েই মেলার কাজ চলছে।" তার দাবি, মেলার প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে এবং নিয়ম মেনেই অর্থ ব্যয় ও অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

এর আগে গত ১৫ অক্টোবর গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। একই দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। ২০১৫ সালেও পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছিলেন শিক্ষার্থীরা। পরে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি ‘টেক ব্যাক শেকৃবি ল্যান্ড’ কর্মসূচির মাধ্যমে মাঠটি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুশফিক ছাড়া একাদশে, টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৮ এম


মুশফিক ছাড়া একাদশে, টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ আজ ঢাকা টেস্ট মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ মেলানোর লক্ষ্যে মাঠে নামছে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল অনুশীলনের সময় মুশফিকুর রহিম আঙুলে চোট পেয়ে ছিলেন। এই কারণে তাকে ওইদিন আর অনুশীলন করতে দেখা যায়নি। আজকের ঢাকা টেস্টের একাদশে অভিজ্ঞ এই ব্যাটার অন্তর্ভুক্ত নন। তবে, চোটের কারণে তার অনুপস্থিতি নাকি একাদশ সাজানোর সুবিধার কথা চিন্তা করে, তা জানা যায়নি।

মুশফিকের পরিবর্তে মিডল অর্ডার ব্যাটার হিসেবে তাওহীদ হৃদয়কে সুযোগ দেওয়া হয়েছে। সাদা জার্সিতে হৃদয় এখন পর্যন্ত ১ ম্যাচ খেলে ১২ রান করেছেন।

বাংলাদেশ তিন স্পিনার এবং দুই পেসার নিয়ে মাঠে নামছে। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান এবং তাইজুল ইসলামকে সঙ্গ দিতে পারবেন মুমিনুল হকও। পেসার হিসেবে শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ মাঠে থাকছেন।

বাংলাদেশের একাদশ হলো: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে ঘন কুয়াশা, সড়কযাত্রা ঝুঁকিপূর্ণ হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৯ এম


যুক্তরাজ্যে ঘন কুয়াশা, সড়কযাত্রা ঝুঁকিপূর্ণ হতে পারে

যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে চলতি সপ্তাহে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে সড়কে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার সময় চালকদের সতর্ক থাকতে হবে।

বিবিসি জানাচ্ছে, বুধবার কিছু স্থানে রোদ দেখা যেতে পারে, আবার কিছু স্থানে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে বুধবার রাত থেকে বাতাসের গতি কমে আসবে। এর ফলে বৃহস্পতিবার সকালে পূর্ব ওয়েলস এবং মধ্য ও দক্ষিণ ইংল্যান্ডের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার আশঙ্কা রয়েছে।

কিছু এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে, যা সড়কে দৃশ্যমানতা কমিয়ে দিয়ে যান চলাচলে সমস্যা সৃষ্টি করতে পারে। সপ্তাহের শেষ দিকে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড ও ওয়েলসের উত্তরাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে নভেম্বরের শুরুতে উচ্চচাপ বাড়তে থাকায় আগামী সপ্তাহেও যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে কুয়াশা ও হালকা ধোঁয়াশা দেখা দিতে পারে।

সম্প্রতি যুক্তরাজ্যে ঝোড়ো আবহাওয়া বিরাজ করছিল। তবে আগামী কয়েক দিনে আবহাওয়া শান্ত হয়ে আসবে। বায়ুমণ্ডলের ওপরের স্তরে দ্রুতগতির বাতাসের কারণে এই ঝোড়ো আবহাওয়া সৃষ্টি হয়েছিল, যা একের পর এক গভীর নিম্নচাপের আগমন ঘটায়।

এখন বাতাসের গতি কমে আসবে, ফলে নিম্নচাপের প্রভাব কমে উচ্চচাপের প্রভাব বাড়তে পারে। উচ্চচাপের কারণে আবহাওয়া শান্ত থাকে এবং বাতাসের গতি কমে যায়। শরতের শেষ দিকে এমন পরিস্থিতিতে কুয়াশা, হালকা ধোঁয়াশা ও নিচু মেঘ তৈরি হতে পারে। রাতে তাপমাত্রা কমে কোথাও কোথাও ঘাসের ওপর বরফের পাতলা স্তরও জমতে পারে।

বুধবার সকালে সাম্প্রতিক কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। দিনের বেশিরভাগ সময় শুষ্ক আবহাওয়া থাকলেও আকাশে মেঘ থাকবে। দক্ষিণ স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড ও উত্তর ওয়েলসের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সকালে বৃষ্টির এলাকা দক্ষিণ-পূর্ব দিকে সরে ওয়েলস পেরিয়ে মিডল্যান্ডসে পৌঁছাতে পারে। পরে বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেলে যুক্তরাজ্যের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোথাও রোদ দেখা যেতে পারে। দিনের তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি।

বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে বাতাসের গতি কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় কুয়াশা ও হালকা ধোঁয়াশা তৈরি হতে পারে। বিশেষ করে পূর্ব ওয়েলস এবং মধ্য ও দক্ষিণ ইংল্যান্ডে ঘন কুয়াশার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সকালে অফিস-আদালতে যাওয়ার ব্যস্ত সময়ে কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যেতে পারে, যা গাড়ি চালানোকে কঠিন করে তুলতে পারে। কিছু এলাকায় দুপুর পর্যন্তও কুয়াশা থাকতে পারে।

শুক্রবার ও শনিবার স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড ও ওয়েলসের উত্তরাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, পূর্ব ও দক্ষিণ ইংল্যান্ডে আবারও কুয়াশা ও হালকা ধোঁয়াশা দেখা দিতে পারে। সপ্তাহান্তে এবং আগামী সপ্তাহে যুক্তরাজ্যের বিস্তীর্ণ এলাকায় উচ্চচাপ আরও শক্তিশালী হতে পারে, ফলে বাতাসের গতি কম থাকবে এবং রাতে কুয়াশা ও ধোঁয়াশা বাড়তে পারে।

সকালের পরও কিছু এলাকায় কুয়াশা পুরোপুরি কেটে যেতে পারে না। কোথাও কোথাও কুয়াশা, ধোঁয়াশা ও নিচু মেঘ দিনভর থাকতে পারে, যা আবহাওয়াকে বেশি ঠান্ডা অনুভূত করবে। এ সময় বৃষ্টির পরিমাণও কম থাকতে পারে। অক্টোবরে ইংল্যান্ড ও ওয়েলসের খরা ও তীব্র খরায় আক্রান্ত এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ মাসিক গড়ের কাছাকাছি ছিল। তবে কিছু জলাধারে পানির পরিমাণ এখনো খুব কম। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহের বেশিরভাগ সময় যুক্তরাজ্যে এ ধরনের শান্ত আবহাওয়া চলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৯ এম


ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি সেলুনে প্রবেশ করে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যায় জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেটের কাছে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম।

নিহত রবেন্দ্র ঋষি (৪৩) ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড়ে কাশেমের বাসায় ভাড়া থাকতেন এবং সেলুনের ব্যবসা পরিচালনা করতেন।

নিহতের স্ত্রী সূচিত্রা অভিযোগ করেন যে, সাদ্দাম নামের এক যুবক নেশার জন্য প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এছাড়া, সেলুনে চুল কাটানোর পর টাকা না দেওয়ার কারণে তাদের মধ্যে বিরোধ চলছিল। কিছুদিন আগে সাদ্দাম তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন। এই বিরোধের ফলস্বরূপ সাদ্দাম তার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলুনে ঢুকে রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ রক্ষার জন্য রবেন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। কিন্তু সেখানে তাকে আবারও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে, বাড়ির উঠানে তাকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়।

ওসি মো. জাহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%