ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

শাহজালালে দুই যাত্রীর ব্যাগে ৮১.৫০ লিটার বিদেশি মদ জব্দ


শাহজালালে দুই যাত্রীর ব্যাগে ৮১.৫০ লিটার বিদেশি মদ জব্দ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) একটি অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের (এ-শিফট) কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থানে ছিলেন। এসময় দুবাই থেকে আসা এমারেটসের একটি ফ্লাইটের যাত্রী রোমান মিকাইলভ গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার সব ব্যাগেজ স্ক্যান করা হয়। পরবর্তীতে তল্লাশি করে ৭৮ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মেট্রোরেলে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, বসতে না দেওয়ার অভিযোগ ছেলের

এনবিআর জানায়, যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী তাকে ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি দেওয়া হয়। তবে বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়।

অন্যদিকে, গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে তুর্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলাম যখন গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন, তখন তার ব্যাগেজ স্ক্যান করা হয়। এ সময় আরও ৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায় এবং তা আটক করা হয়। দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেলে বাবা বসতে চেয়েও জায়গা পাননি, দাঁড়ানো থেকে পড়ে মারা গেলেন: নাকিবুর রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসীরুদ্দীন পাটওয়ারী ল্যাপটপ চুরির অভিযোগে বহিষ্কার: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


নাসীরুদ্দীন পাটওয়ারী ল্যাপটপ চুরির অভিযোগে বহিষ্কার: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ল্যাপটপ চুরি করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি উল্লেখ করেন যে, এর ফলস্বরূপ নাসীরুদ্দীনকে বহিষ্কার করা হয়েছিল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই অভিযোগটি উত্থাপন করেন।

রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন, ছাত্র ফেডারেশন করার সময় ২০১৯ সালে নাসীরুদ্দীন পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরি করেন। ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে ছাত্র ফেডারেশনের তৎকালীন নেতারা একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা খুঁজে পায়। এর ফলস্বরূপ, তাকে ছাত্র ফেডারেশন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

ফেসবুক পোস্টে রাশেদ খান নাসীরুদ্দীন পাটওয়ারীর বহিষ্কার সংক্রান্ত বাংলাদেশ ছাত্র ফেডারেশনের একটি পুরোনো নোটিশের ছবি শেয়ার করেন।

তিনি দাবি করেন, সেসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত সকলেই এই ঘটনার বিষয়ে অবগত ছিল। ল্যাপটপ চুরির কারণে বহিষ্কৃত হয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী কিছু সময় রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। পরে এবি পার্টিতে যোগ দেওয়ার মাধ্যমে তিনি আবার কিছুটা সক্রিয় হন। তবে এবি পার্টির নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটোয়ারীর ল্যাপটপ চুরির ঘটনা জানতেন না। যদি তারা জানতেন, তাহলে হয়তো তাকে দলে নিতেন না। গণঅভ্যুত্থানের কারণে ও নাহিদ ইসলামের সঙ্গে সম্পর্কের কারণে নাসীরুদ্দীন পাটোয়ারী ল্যাপটপ চোর থেকে ছাগলচোরে পরিণত হওয়ার সুযোগ পেয়েছেন।

রাশেদ খান নাসীরুদ্দীন পাটওয়ারীর তীব্র সমালোচনা করে লেখেন, ‘ছাত্র রাজনীতিতে যার হাতেখড়ি ল্যাপটপ চুরি দিয়ে আর জাতীয় রাজনীতিতে ছাগল চুরি দিয়ে, সেই চোর নাসীর কীভাবে এত ন্যায়নীতির বয়ান আওড়ায়?’

তার এই আক্রমণাত্মক পোস্টটি এখন পর্যন্ত ১৮০টি শেয়ার হয়েছে এবং প্রায় দুই হাজার কমেন্ট পড়েছে। তবে নাসীরুদ্দীন পাটোয়ারী এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ কোরিয়ার অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৮ এম


সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ কোরিয়ার অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : সীমান্ত অঞ্চলে মাইন বিস্ফোরণের ফলে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হওয়ার ঘটনায় উত্তর কোরিয়া জড়িত— এমন অভিযোগকে অস্বীকার করেছেন কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। তিনি বুধবার দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে এই দাবি জানান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কোরীয় যুদ্ধের পর ১৯৫৩ সালে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও দুই কোরিয়ার মধ্যে কোনো শান্তিচুক্তি হয়নি। ফলে, দুই দেশ এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থার অবসান ঘটাতে পারেনি।

গত ২১ সেপ্টেম্বর, দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চল (ডিএমজেড)-এ মাইন বিস্ফোরণের ফলে দক্ষিণ কোরিয়ার তিন সেনা গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। ডিএমজেজ হলো ১৯৫৩ সালের যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে তৈরি করা ভারী অস্ত্রে সুরক্ষিত ও বিপজ্জনক সীমান্ত এলাকা।

দক্ষিণ কোরিয়া মঙ্গলবার দাবি করে যে, এই ঘটনা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। তাদের বক্তব্য, বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়া দায়ী হওয়ায় তারা ধাপে ধাপে এর উপযুক্ত জবাব দেবে।

কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়ার এই অভিযোগকে অত্যন্ত কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত বিবৃতিতে তিনি দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক নাম ‘রিপাবলিক অব কোরিয়া’ উল্লেখ করে বলেন, সিউলের এই অভিযোগ তাদের পক্ষ থেকে উত্থাপিত ‘ভিত্তিহীন’ ও ‘উসকানিমূলক’ দাবি।

এর কিছুক্ষণ পর বুধবার জাতিসংঘ কমান্ড (ইউএনসি) জানায়, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর সঙ্গে যৌথ তদন্তে সীমান্তের দক্ষিণ কোরীয় অংশে উত্তর কোরিয়ার তৈরি একটি সক্রিয় অ্যান্টি-পার্সোনেল মাইন শনাক্ত করা হয়েছে।

ইউএনসি বলেছে, তদন্তের ফলাফল অনুযায়ী তারা সিদ্ধান্তে পৌঁছেছে যে ১৯৫৩ সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক এই সামরিক কমান্ডের দায়িত্বের মধ্যে রয়েছে যুদ্ধবিরতি চুক্তি তদারক করা এবং ডিএমজেডের দক্ষিণাংশের ব্যবস্থাপনায় সহায়তা করা।

ডিএমজেজ বিশ্বের সবচেয়ে বেশি সামরিকীকৃত সীমান্তগুলোর একটি। সেখানে মাইন বিস্ফোরণের ঘটনা অতীতেও দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।

২১ সেপ্টেম্বরের বিস্ফোরণের পর তদন্ত শেষে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কাং শিন-চুল বলেন, তাদের হাতে প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে এবং সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবে তিনি কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করেননি।

মন্ত্রী কাং বলেন, উত্তর কোরিয়া সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এসব মাইন পুঁতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, সীমান্তে উত্তর কোরিয়ার এই দুর্গ নির্মাণ ও প্রতিরক্ষা কার্যক্রমের সময় দেশটির সেনারা অতীতেও ভুল করে সামরিক সীমারেখা অতিক্রম করেছে।

কিন্তু কিম ইয়ো জং এই অভিযোগও প্রত্যাখ্যান করেছেন। কেসিএনএ-তে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ সাজিয়ে’ রাজনৈতিক ও সামরিক উসকানির অজুহাত তৈরি করছে।

তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার কোনো সেনা সীমান্ত অতিক্রম করেনি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টিকারী কর্মকাণ্ডের ব্যাপারে উত্তর কোরিয়া ‘নিষ্ক্রিয় দর্শকের’ ভূমিকা পালন করবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে অস্বীকৃতি জানানোর পর থেকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।

বুধবার, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে যায়।

আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ব্রেন্ট ক্রুডের দাম ১.১৪ ডলার বা ১.১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩.৭৩ ডলারে পৌঁছেছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.৭২ ডলারে দাঁড়িয়ে রয়েছে।

এর আগে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বৃদ্ধির ফলে আগের দিন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছিল। চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পাওয়ার পথে রয়েছে। গত জুলাইয়ের পর এটি হতে যাচ্ছে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি।

এদিকে, চলতি মাসে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পাওয়ার পথে রয়েছে। এর আগে মে মাসের পর প্রথমবারের মতো ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়ে গিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অষ্টম তলা থেকে পড়ে বেঁচে গেলেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ২১ বছর বয়সী ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


অষ্টম তলা থেকে পড়ে বেঁচে গেলেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ২১ বছর বয়সী ছাত্রী

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অষ্টম তলার জানালা থেকে পড়ে গুরুতর আহত হয়েও ২১ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয়ছাত্রী বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার বাবার মতে, তার শরীরে একাধিক হাড় ভেঙেছে।

ঘটনাটি ঘটে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের দিকে। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্রিস্টিন সার্জেন্ট বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি ছাত্রাবাসের অষ্টম তলার কক্ষে খোলা জানালার পাশে সোফার ওপর নাচছিলেন। একপর্যায়ে তিনি জানালার বাইরে পড়ে যান এবং নিচে ভবনের উঠান ও সুইমিং পুলের অংশে গিয়ে পড়েন।

অ্যাথেন্স-ক্লার্ক কাউন্টি পুলিশ জানায়, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর ক্রিস্টিনকে সচেতন ও সজাগ অবস্থায় পান। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ক্রিস্টিনের বাবা রিচার্ড সার্জেন্ট স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, তার মেয়ে এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কথা বলতে পারছেন এবং তার শরীরে একাধিক আঘাতের পাশাপাশি বেশ কয়েকটি হাড় ভেঙেছে। পরিবার তার সুস্থতার দিকে পুরোপুরি মনোযোগ দিচ্ছে।

পুলিশের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, পড়ে যাওয়ার আগে ক্রিস্টিন কক্ষে লাফাচ্ছিলেন ও গান গাইছিলেন। একপর্যায়ে তিনি জানালার দিকে গিয়ে পর্দা ভেদ করে নিচে পড়ে যান। ছাত্রাবাসের অন্যান্য বাসিন্দারাও ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।

তদন্তের পর পুলিশ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনাজনিত। এ ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ আনার সম্ভাবনা নেই।

ঘটনার পর ছাত্রাবাসটির জানালার নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের সব জানালায় এমন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যা জানালা কতটা খোলা যাবে তা সীমিত করে। বাসিন্দাদের এসব নিরাপত্তা ব্যবস্থা নষ্ট, খুলে ফেলা বা অকার্যকর না করার জন্য সতর্ক করা হয়েছে।

তবে ক্রিস্টিন যেই জানালা দিয়ে পড়ে গেছেন, সেখানে থাকা ওই নিরাপত্তা ব্যবস্থা ঘটনাটিতে কোনো ভূমিকা রেখেছিল কি না, তা কর্তৃপক্ষ জানায়নি।

অ্যাথেন্স শহরের পশ্চিম ব্রড স্ট্রিটে অবস্থিত ছাত্রাবাসটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় তিন ব্লক দূরে। ভবনটিতে ৩৪২টি আবাসিক ইউনিট ও আটটি আবাসিক তলা রয়েছে। সেখানে ব্যায়ামাগার, বড় সুইমিং পুল, কফি বারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।

ক্রিস্টিন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। তার পরিবার ঘটনাটি জানার পর ভার্জিনিয়া থেকে জর্জিয়ার অ্যাথেন্সে ছুটে আসে।

ক্রিস্টিনের বাবা জানিয়েছেন, জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের দলকে হারানোর পরই ঘটনাটি ঘটে। তবে ঘটনার ঠিক আগে কী হয়েছিল, সে বিষয়ে পরিবার বিস্তারিত কিছু জানায়নি।

মেয়ের শারীরিক অবস্থার দিকে মনোযোগ দেওয়ার কথা জানিয়ে রিচার্ড সার্জেন্ট বলেন, তার মেয়ে লড়াই করে সুস্থ হয়ে উঠবেন বলে তিনি আশাবাদী।

সূত্র: ইউএসএ টুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%