ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ কোরিয়ার অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া


সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ কোরিয়ার অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : সীমান্ত অঞ্চলে মাইন বিস্ফোরণের ফলে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হওয়ার ঘটনায় উত্তর কোরিয়া জড়িত— এমন অভিযোগকে অস্বীকার করেছেন কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। তিনি বুধবার দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে এই দাবি জানান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কোরীয় যুদ্ধের পর ১৯৫৩ সালে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও দুই কোরিয়ার মধ্যে কোনো শান্তিচুক্তি হয়নি। ফলে, দুই দেশ এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থার অবসান ঘটাতে পারেনি।

আরও পড়ুন: শামোন্ডা নামের ভাইরাসটি কতটা ভয়ংকর?

গত ২১ সেপ্টেম্বর, দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চল (ডিএমজেড)-এ মাইন বিস্ফোরণের ফলে দক্ষিণ কোরিয়ার তিন সেনা গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। ডিএমজেজ হলো ১৯৫৩ সালের যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে তৈরি করা ভারী অস্ত্রে সুরক্ষিত ও বিপজ্জনক সীমান্ত এলাকা।

দক্ষিণ কোরিয়া মঙ্গলবার দাবি করে যে, এই ঘটনা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। তাদের বক্তব্য, বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়া দায়ী হওয়ায় তারা ধাপে ধাপে এর উপযুক্ত জবাব দেবে।

কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়ার এই অভিযোগকে অত্যন্ত কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত বিবৃতিতে তিনি দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক নাম ‘রিপাবলিক অব কোরিয়া’ উল্লেখ করে বলেন, সিউলের এই অভিযোগ তাদের পক্ষ থেকে উত্থাপিত ‘ভিত্তিহীন’ ও ‘উসকানিমূলক’ দাবি।

এর কিছুক্ষণ পর বুধবার জাতিসংঘ কমান্ড (ইউএনসি) জানায়, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর সঙ্গে যৌথ তদন্তে সীমান্তের দক্ষিণ কোরীয় অংশে উত্তর কোরিয়ার তৈরি একটি সক্রিয় অ্যান্টি-পার্সোনেল মাইন শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন: টাইফুন ‘চাম্পি’র আঘাতে তাইওয়ানে নিহত ১, আহত পাঁচ শতাধিক

ইউএনসি বলেছে, তদন্তের ফলাফল অনুযায়ী তারা সিদ্ধান্তে পৌঁছেছে যে ১৯৫৩ সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক এই সামরিক কমান্ডের দায়িত্বের মধ্যে রয়েছে যুদ্ধবিরতি চুক্তি তদারক করা এবং ডিএমজেডের দক্ষিণাংশের ব্যবস্থাপনায় সহায়তা করা।

ডিএমজেজ বিশ্বের সবচেয়ে বেশি সামরিকীকৃত সীমান্তগুলোর একটি। সেখানে মাইন বিস্ফোরণের ঘটনা অতীতেও দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।

২১ সেপ্টেম্বরের বিস্ফোরণের পর তদন্ত শেষে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কাং শিন-চুল বলেন, তাদের হাতে প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে এবং সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবে তিনি কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করেননি।

মন্ত্রী কাং বলেন, উত্তর কোরিয়া সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এসব মাইন পুঁতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ৫৪৬২ কোটি টাকা অনুদান দিলেন মাস্ক

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, সীমান্তে উত্তর কোরিয়ার এই দুর্গ নির্মাণ ও প্রতিরক্ষা কার্যক্রমের সময় দেশটির সেনারা অতীতেও ভুল করে সামরিক সীমারেখা অতিক্রম করেছে।

কিন্তু কিম ইয়ো জং এই অভিযোগও প্রত্যাখ্যান করেছেন। কেসিএনএ-তে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ সাজিয়ে’ রাজনৈতিক ও সামরিক উসকানির অজুহাত তৈরি করছে।

তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার কোনো সেনা সীমান্ত অতিক্রম করেনি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টিকারী কর্মকাণ্ডের ব্যাপারে উত্তর কোরিয়া ‘নিষ্ক্রিয় দর্শকের’ ভূমিকা পালন করবে না।

আরও পড়ুন: ইলন মাস্ক ট্রাম্পকে জেতাতে ৫৪৬২ কোটি টাকা অনুদান দিলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে অস্বীকৃতি জানানোর পর থেকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।

বুধবার, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে যায়।

আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ব্রেন্ট ক্রুডের দাম ১.১৪ ডলার বা ১.১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩.৭৩ ডলারে পৌঁছেছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.৭২ ডলারে দাঁড়িয়ে রয়েছে।

এর আগে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বৃদ্ধির ফলে আগের দিন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছিল। চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পাওয়ার পথে রয়েছে। গত জুলাইয়ের পর এটি হতে যাচ্ছে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি।

এদিকে, চলতি মাসে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পাওয়ার পথে রয়েছে। এর আগে মে মাসের পর প্রথমবারের মতো ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়ে গিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অষ্টম তলা থেকে পড়ে বেঁচে গেলেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ২১ বছর বয়সী ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


অষ্টম তলা থেকে পড়ে বেঁচে গেলেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ২১ বছর বয়সী ছাত্রী

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অষ্টম তলার জানালা থেকে পড়ে গুরুতর আহত হয়েও ২১ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয়ছাত্রী বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার বাবার মতে, তার শরীরে একাধিক হাড় ভেঙেছে।

ঘটনাটি ঘটে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের দিকে। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্রিস্টিন সার্জেন্ট বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি ছাত্রাবাসের অষ্টম তলার কক্ষে খোলা জানালার পাশে সোফার ওপর নাচছিলেন। একপর্যায়ে তিনি জানালার বাইরে পড়ে যান এবং নিচে ভবনের উঠান ও সুইমিং পুলের অংশে গিয়ে পড়েন।

অ্যাথেন্স-ক্লার্ক কাউন্টি পুলিশ জানায়, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর ক্রিস্টিনকে সচেতন ও সজাগ অবস্থায় পান। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ক্রিস্টিনের বাবা রিচার্ড সার্জেন্ট স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, তার মেয়ে এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কথা বলতে পারছেন এবং তার শরীরে একাধিক আঘাতের পাশাপাশি বেশ কয়েকটি হাড় ভেঙেছে। পরিবার তার সুস্থতার দিকে পুরোপুরি মনোযোগ দিচ্ছে।

পুলিশের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, পড়ে যাওয়ার আগে ক্রিস্টিন কক্ষে লাফাচ্ছিলেন ও গান গাইছিলেন। একপর্যায়ে তিনি জানালার দিকে গিয়ে পর্দা ভেদ করে নিচে পড়ে যান। ছাত্রাবাসের অন্যান্য বাসিন্দারাও ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।

তদন্তের পর পুলিশ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনাজনিত। এ ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ আনার সম্ভাবনা নেই।

ঘটনার পর ছাত্রাবাসটির জানালার নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের সব জানালায় এমন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যা জানালা কতটা খোলা যাবে তা সীমিত করে। বাসিন্দাদের এসব নিরাপত্তা ব্যবস্থা নষ্ট, খুলে ফেলা বা অকার্যকর না করার জন্য সতর্ক করা হয়েছে।

তবে ক্রিস্টিন যেই জানালা দিয়ে পড়ে গেছেন, সেখানে থাকা ওই নিরাপত্তা ব্যবস্থা ঘটনাটিতে কোনো ভূমিকা রেখেছিল কি না, তা কর্তৃপক্ষ জানায়নি।

অ্যাথেন্স শহরের পশ্চিম ব্রড স্ট্রিটে অবস্থিত ছাত্রাবাসটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় তিন ব্লক দূরে। ভবনটিতে ৩৪২টি আবাসিক ইউনিট ও আটটি আবাসিক তলা রয়েছে। সেখানে ব্যায়ামাগার, বড় সুইমিং পুল, কফি বারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।

ক্রিস্টিন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। তার পরিবার ঘটনাটি জানার পর ভার্জিনিয়া থেকে জর্জিয়ার অ্যাথেন্সে ছুটে আসে।

ক্রিস্টিনের বাবা জানিয়েছেন, জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের দলকে হারানোর পরই ঘটনাটি ঘটে। তবে ঘটনার ঠিক আগে কী হয়েছিল, সে বিষয়ে পরিবার বিস্তারিত কিছু জানায়নি।

মেয়ের শারীরিক অবস্থার দিকে মনোযোগ দেওয়ার কথা জানিয়ে রিচার্ড সার্জেন্ট বলেন, তার মেয়ে লড়াই করে সুস্থ হয়ে উঠবেন বলে তিনি আশাবাদী।

সূত্র: ইউএসএ টুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন এক ফ্রেমে শাহিদের সাবেক ও বর্তমান? কী কথা বললেন তারা?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১০ এম


কেন এক ফ্রেমে শাহিদের সাবেক ও বর্তমান? কী কথা বললেন তারা?

একসময় বলিপাড়ায় কারিনা কাপুর খান এবং শাহিদ কাপুরের সম্পর্ক নিয়ে আলোচনা চলতো। তবে, তাদের সম্পর্ক স্থায়ী হয়নি এবং বিচ্ছেদের পথে হাঁটতে হয়েছে এই তারকা জুটিকে। বিচ্ছেদের সঠিক কারণ কখনোই পরিষ্কার হয়নি। বিচ্ছেদের পর কারিনা ও শাহিদ আর বন্ধুত্ব কিংবা সৌজন্যের সম্পর্ক বজায় রাখেননি। একই অনুষ্ঠানে মুখোমুখি হলেও তারা পরস্পরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

‘জব উই মেট’ সিনেমার শুটিংয়ের সময় কারিনা ও শাহিদের মধ্যে সমস্যা শুরু হয়। কিন্তু তাদের অভিনয়ে এর কোনো প্রভাব পড়েনি। তারা কখনোই নিজেদের সমস্যা ছবির সেটে নিয়ে আসেননি। পরিচালক ইমতিয়াজ আলি এক সাক্ষাৎকারে দুজনের পেশাদার আচরণের প্রশংসা করেন।

পরে বাংলার অলিখিত নবাব সাইফ আলি খানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন কারিনা কাপুর। ২০১২ সালে সাইফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। অন্যদিকে, শাহিদ কাপুর ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন। তবে এবার কারিনার মুখোমুখি হচ্ছেন শাহিদ-পত্নী মীরা কাপুর।

কারিনার জনপ্রিয় আড্ডার অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যাবে শাহিদ কাপুরের স্ত্রী মীরাকে। ইতোমধ্যে সেই অনুষ্ঠানের শুটিং সম্পন্ন হয়েছে। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করে মীরা রাজপুত অনুষ্ঠানটির ঝলক দেখিয়েছেন। কারিনাও একটি ছবি শেয়ার করেছেন, যেখানে শাহিদের সাবেক ও বর্তমান সঙ্গীদের একই ফ্রেমে প্রথমবার দেখা গেছে।

মীরা রাজপুত কারিনার সঙ্গে কথোপকথনে কী বিষয়গুলো উঠে এসেছে তা এখনও প্রকাশ করেননি। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে শাহিদপত্নী ক্যাপশনে লিখেছেন— "নারীরা নিজেদের মতো করে বাঁচতে চান। আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ কারিনা। তুমি যেমন মানুষ ও নারী, ঠিক তেমনই থাকার জন্য তোমাকেও ধন্যবাদ।"

কারিনা সেই পোস্টে মন্তব্য করেছেন, 'তুমি এসেছ, এর জন্য আমি খুব খুশি।' কারিনা ও মীরাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরাও। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে।

কারিনার এই অনুষ্ঠানে সাধারণত সম্পর্ক, বিয়ে, পরিবার ও বন্ধুত্বসহ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা হয়। তাই মীরা অতিথি হওয়ায় এ পর্ব নিয়ে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে। শাহিদের সঙ্গে দাম্পত্য জীবন, সন্তানদের বড় করে তোলা কিংবা নিজের জীবনযাপন নিয়ে কি কোনো অজানা কথা বলবেন মীরা, সেই অপেক্ষাতেই দর্শকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মেদ সোহেল মঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১০ এম


কাউখালীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মেদ সোহেল মঞ্জুর

পিরোজপুরের কাউখালীতে ভয়াবহ নদীভাঙনে সন্ধ্যা নদীগর্ভে বিলীন হয়ে গেছে পাঁচটি মন্দির, একাধিক বসতঘর ও বৈদ্যুতিক খুঁটি। আকস্মিক ভাঙনে সর্বস্ব হারিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। ভাঙন অব্যাহত থাকায় আরও অন্তত ১৫ থেকে ২০টি বসতঘর চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
এ অবস্থায় বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তীব্র নদীভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। তিনি সন্ধ্যা, কঁচা ও কালিগঙ্গা নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের সন্ধ্যা নদীর পশ্চিম তীরে মধ্য সোনাকুর গ্রামের পালপাড়ায় হঠাৎ তীব্র নদীভাঙন শুরু হয়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যায় এলাকার ঐতিহ্যবাহী লোকনাথ মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, শীতলা মন্দির ও গঙ্গা মন্দিরসহ একাধিক স্থাপনা। একই সঙ্গে কয়েকটি বসতঘর ও বৈদ্যুতিক খুঁটিও নদীগর্ভে চলে যায়।
ভাঙন অব্যাহত থাকায় পালপাড়াসহ আশপাশের এলাকার আরও অন্তত ১৫ থেকে ২০টি বসতঘর ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় এসব ঘরবাড়িও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ভাঙনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত বাসিন্দা অমল পাল ও সঞ্জীব মালো বলেন, আমরা দিনরাত চরম আতঙ্কের মধ্যে আছি। নদীভাঙনে আমরা একপ্রকার নিঃস্ব হয়ে গেছি। এখনই স্থায়ীভাবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে সোনাকুর গ্রামের অস্তিত্বই একদিন মানচিত্র থেকে মুছে যেতে পারে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, সন্ধ্যা নদীর ভাঙনে কাউখালীর পালপাড়ার মন্দির ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি। নদীভাঙন এ এলাকার মানুষের দীর্ঘদিনের একটি বড় সমস্যা।
তিনি আরও বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে এ এলাকায় একটি স্থায়ী গাইড বাঁধ বা প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সব ধরনের সরকারি সহায়তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো পরিবারকেই গৃহহীন থাকতে দেওয়া হবে না।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার, আমড়াজুড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%