ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

টাইফুন ‘চাম্পি’র আঘাতে তাইওয়ানে নিহত ১, আহত পাঁচ শতাধিক


টাইফুন ‘চাম্পি’র আঘাতে তাইওয়ানে নিহত ১, আহত পাঁচ শতাধিক

শক্তিশালী টাইফুন ‘চাম্পি’র আঘাতে তাইওয়ানে একজনের মৃত্যু ঘটেছে। পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দ্বীপরাষ্ট্রটির ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়টির প্রভাবে প্রবল বাতাস ও ভারি বৃষ্টি দেখা গেছে, যার ফলে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের সময় উত্তাল ঢেউয়ে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়। এছাড়া, টাইফুনের তাণ্ডবে দেশটির বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে ১ লাখ ৬৭ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে পরে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

ঝড়ের কারণে সড়ক ও আকাশপথে যোগাযোগ বিঘ্নিত হয়েছে। তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ২৪২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) বাতিল হয়েছিল প্রায় এক হাজার ফ্লাইট।

আরও পড়ুন: লখনউয়ের মসজিদ ও মাদরাসায় নোটিশ জারি করেছে আদালত

রাজধানী তাইপেতে প্রবল বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়েছে। নিরাপত্তার কারণে তাইপে এবং উত্তর ও মধ্য তাইওয়ানের বিস্তীর্ণ এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে।

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, চলতি বছরের অন্যতম শক্তিশালী এই সুপার টাইফুনটি দেশটির উত্তর-পূর্ব উপকূল অতিক্রম করার পর দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে ঝড়টির কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১২৬ কিলোমিটার।

চাম্পি তাইওয়ান অতিক্রম করার পর উত্তর দিকে মোড় নিয়ে চীনের উপকূলের দিকে এগোচ্ছে। পরবর্তী সময়ে এটি দক্ষিণ জাপানে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: ফ্রান্সে বিক্ষোভ: প্যারিসে পুলিশের সাথে সংঘর্ষ, গ্রেপ্তার ১৩৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানিকে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০২ এম


মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানিকে

বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানিকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে। ৪০ বছর বয়সী এই বেলজিয়ান কোচ গত এক সপ্তাহ ধরে তীব্র ভাইরাল সংক্রমণে ভুগছেন। শুক্রবার (২৩ অক্টোবর) মিউনিখে ক্লাবটির সাবেনার স্ট্রাস অনুশীলনকেন্দ্রে জরুরি চিকিৎসক ডাকার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকেলে কোম্পানির জন্য জরুরি চিকিৎসক ডাকা হয়। এ সময় বায়ার্নের অনুশীলনকেন্দ্রে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার অবতরণ করে। এরপর চিকিৎসাকর্মীরা তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান।

তবে, কী কারণে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে কোম্পানির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে বায়ার্ন মিউনিখ এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

গত সপ্তাহে তীব্র ভাইরাল সংক্রমণে আক্রান্ত হন কোম্পানি। অসুস্থতার কারণে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। আরবি লাইপজিগের বিপক্ষে বায়ার্নের ৬-১ গোলের জয়ের ম্যাচে অসুস্থতার কারণে বিরতির সময় নিজের অফিসের সোফায় শুয়ে থাকতে হয় তাকে। সংক্রমণের প্রভাবে সিঁড়ি দিয়ে ওঠার মতো সাধারণ কাজও তার জন্য কষ্টকর হয়ে উঠেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অসুস্থতার কারণে সপ্তাহের শুরুতে দলের মূল একাদশের অনুশীলনেও অংশ নিতে পারেননি কোম্পানি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্বও দিয়েছিলেন সহকারী কোচ অ্যারন ড্যাংকসকে। তবে অসুস্থতা নিয়েই বুধবার চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে ডাগআউটে ফিরেছিলেন তিনি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কোম্পানি স্বীকার করেন, অসুস্থ বোধ করা সত্ত্বেও তিনি নিজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিলেন।

কোম্পানিকে হাসপাতালে নেওয়ার খবরের পর তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে, তার সুস্থতা, হাসপাতালে নেওয়ার সুনির্দিষ্ট কারণ এবং মাঠে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বায়ার্ন মিউনিখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদো ম্যাচসেরার পুরস্কার নিলেন না, সতীর্থের হাতে তুলে দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৩ এম


রোনালদো ম্যাচসেরার পুরস্কার নিলেন না, সতীর্থের হাতে তুলে দিলেন

সৌদি প্রো লিগে আল ফয়সালির বিরুদ্ধে ৩-১ গোলের জয় অর্জন করেছে আল নাসর। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি একটি ব্যতিক্রমী ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি ম্যাচসেরা নির্বাচিত হলেও পুরস্কারটি নিজের হাতে না নিয়ে সতীর্থ আব্দুল্লাহ আল হামদানের হাতে তুলে দেন।

আল-মাজমাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ১১তম ম্যাচে দুই দল মুখোমুখি হয়। ম্যাচের ৪৯তম মিনিটে স্বদেশি জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন রোনালদো। তার এই গোলের মাধ্যমে আল নাসরের ব্যবধান ২-০ হয়ে যায়।

রোনালদো আরও একবার জালের দেখা পেয়েছিলেন বলে মনে হয়েছিল। সতীর্থ আব্দুল্লাহ আল হামদানের পাস থেকে নিখুঁত ফিনিশিং করলেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়।

ম্যাচে রোনালদোর পারফরম্যান্স সবার নজর কাড়লেও আল হামদানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আল নাসরের হয়ে প্রথম গোলটি তারই। পরে ব্রাজিলিয়ান ফুটবলার অ্যাঞ্জেলোর গোলেও তিনি অবদান রাখেন। রোনালদোর বাতিল হওয়া গোলের পেছনেও ছিল আল হামদানের ভূমিকা।

ম্যাচ শেষে কর্তৃপক্ষ সেরা খেলোয়াড়ের পুরস্কার রোনালদোর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তিনি পুরস্কারটি নিজের কাছে না রেখে সতীর্থ আল হামদানকে দিয়ে দেন। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ম্যাচ শেষে আল হামদানকে ডেকে নিয়ে পোডিয়ামের সামনে দাঁড়িয়ে হাসিমুখে তার হাতে পুরস্কার তুলে দেন। দুজন একসঙ্গে ছবি তোলেন। রোনালদোর এই আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।

এদিকে, ক্যারিয়ারের গোলসংখ্যায় নতুন মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলসংখ্যা বর্তমানে ৯৮২। এর মধ্যে ক্লাব ফুটবলে ১ হাজার ১০৯ ম্যাচে তিনি ৮৩৬ গোল করেছেন। পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে তার গোল ১৪৬টি।

ক্লাবভিত্তিক হিসাবে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বাধিক ৪৫০ গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার গোল ১৪৫টি, আল নাসরের হয়ে ১৩৪টি, জুভেন্টাসের হয়ে ১০১টি এবং স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৬ গোল করেছেন এই পর্তুগিজ তারকা। এর মধ্যে সৌদি প্রো লিগে ৫টি এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগে একটি। ক্যারিয়ারে ১ হাজার অফিশিয়াল গোলের মাইলফলক স্পর্শ করতে এখন তার প্রয়োজন আরও ১৮ গোল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌমুহনী: অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত, কিশোর গ্যাংয়ের উৎপাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৩ এম


চৌমুহনী: অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত, কিশোর গ্যাংয়ের উৎপাত

বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী ক্রমশ অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়ে যাচ্ছে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ও জবরদখলের পাশাপাশি সম্প্রতি কিশোর গ্যাংয়ের উৎপাত এবং গোলাগুলি এখানে প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শহরের আবাসিক হোটেলগুলো অপরাধচক্রের নিরাপদ ঘাঁটিতে রূপান্তরিত হয়েছে।

অনুসন্ধানের মাধ্যমে জানা গেছে, দীর্ঘদিন ধরে চৌমুহনীর বেশ কিছু আবাসিক হোটেলে প্রশাসনের নজর এড়িয়ে অবাধে দেহব্যবসা, মাদক কেনাবেচা ও জুয়ার আসর চলছে। হোটেলগুলোতে আগতদের তথ্য রেজিস্টারে নথিভুক্ত করার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। ফলে অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে। এমনকি স্কুল-কলেজপড়ুয়া তরুণ-তরুণীদেরও এসব হোটেলে যাতায়াত করতে দেখা যাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, চলতি বছরের বিভিন্ন সময়ে এসব আস্তানায় বেশ কিছু সফল অভিযান পরিচালিত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর চৌমুহনী বাজারের ‘ডিলাক্স’ ও ‘রাজ’ আবাসিক হোটেল থেকে ১৮ জন এবং ৩০ আগস্ট ‘মিয়ামী’ ও ‘স্কাইভিউ’ হোটেল থেকে আট নারী-পুরুষকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে ২৫ জুন ‘হোটেল রাজ’ থেকে আরো ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। শুধু অনৈতিক কর্মকাণ্ডই নয়, গত ২ জানুয়ারি ‘হোটেল রিয়াদ’ থেকে বিদেশি পিস্তল ও কার্তুজসহ বাসু ও রাসেল নামের দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এবং স্থানীয় প্রশাসনের একশ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজশে বছরের পর বছর ধরে এ বেআইনি কর্মকাণ্ড চলছে। কোনো পর্যটনকেন্দ্র না থাকা সত্ত্বেও কেন এখানে এত আবাসিক হোটেলের অনুমোদন দেওয়া হয়েছে, তা নিয়ে সচেতন মহল প্রশ্ন তুলেছে।

চৌমুহনী নোয়াখালী-৩ আসনের নির্বাচনি এলাকার স্থানীয় সচেতন নাগরিকরা জানান, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ বাণিজ্যিক শহরে প্রতিদিন হাজারো মানুষ আসেন। শহরটিকে বাঁচাতে এখনই আবাসিক হোটেলগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আনা এবং কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান জোরদার করার প্রয়োজন রয়েছে।

অভিযানের বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, ‘নোয়াখালী ডিবি ও বেগমগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে। ইতোমধ্যে অনেককে আইনের আওতায় আনা হয়েছে। শহরের নিরাপত্তা ও নজরদারি আরো বাড়ানো হয়েছে এবং দ্রুতই বড় ধরনের অভিযান চালানো হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শামোন্ডা নামের ভাইরাসটি কতটা ভয়ংকর?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৩ এম


শামোন্ডা নামের ভাইরাসটি কতটা ভয়ংকর?

করোনাভাইরাসের আতঙ্ক মানুষের মনে পুরোপুরি কেটে যাওয়ার আগেই বিশ্বজুড়ে নতুন একটি ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটানো ‘শামোন্ডা ভাইরাস’ এবার মানুষের শরীরেও শনাক্ত হয়েছে। ফ্রান্সে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যুর পর তার শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক স্বাস্থ্য মহলে চিন্তার ভাঁজ পড়েছে। প্রশ্ন উঠেছে—গবাদি পশুর এই ভাইরাসটি কি মানুষের জন্য ভয়াবহ কোনো মহামারিতে রূপ নিতে পারে?

কী এই শামোন্ডা ভাইরাস?

শামোন্ডা ভাইরাস মূলত ‘অর্থোবুনিয়াভাইরাস’ গোত্রের একটি কীটপতঙ্গবাহিত ভাইরাস, যা সিম্বু সেরোগ্রুপের অন্তর্ভুক্ত। ১৯৬০-এর দশকে নাইজেরিয়ার একটি খামারে গবাদি পশুর শরীরে প্রথমবারের মতো এই ভাইরাস শনাক্ত করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে এটি প্রধানত আফ্রিকা, এশিয়া এবং সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে গরু, ছাগল, ভেড়া ও ঘোড়ার মতো পশুর মধ্যে সীমাবদ্ধ ছিল।

সাধারণত মশা বা রক্তচোষা ক্ষুদ্র পতঙ্গের কামড়ের মাধ্যমে পশুর শরীরে এই ভাইরাস ছড়ায়। পশুর শরীরে এর সংক্রমণে উচ্চ জ্বর, তীব্র ডায়রিয়া, ক্ষুধামন্দা, দুধ উৎপাদন হঠাৎ কমে যাওয়া এবং গর্ভপাত বা জন্মগত ত্রুটির মতো প্রজননজনিত মারাত্মক জটিলতা দেখা দেয়।

মানুষের শরীরে সংক্রমণ ও ফ্রান্সের ঘটনা

ইতিহাসে এই প্রথম ফ্রান্সে কোনো মানুষের শরীরে শামোন্ডা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ষাটোর্ধ্ব ওই ব্যক্তি আগে থেকেই গুরুতর স্বাস্থ্য জটিলতায় বা রোগ প্রতিরোধ ক্ষমতা হীনতায় ভুগছিলেন। মৃত্যুর আগে তার মস্তিষ্কে যে জটিলতা দেখা দিয়েছিল, তার পেছনে এই ভাইরাসের সংযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ওই ব্যক্তির শরীরে কিভাবে ভাইরাসটি প্রবেশ করল, তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছেন না গবেষকরা। প্রাথমিক ধারণা করা হচ্ছে, আক্রান্ত কোনো পোকা বা মশার কামড়েই তার শরীরে এই সংক্রমণ ঘটে থাকতে পারে।

করোনার চেয়েও কি ভয়ংকর?

শামোন্ডা ভাইরাস মানুষের শরীরে শনাক্ত হওয়ায় উদ্বেগ বাড়লেও, এটিকে করোনাভাইরাসের মতো অতিমারি বা মহামারির সঙ্গে তুলনা করার মতো যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই।

বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস যেভাবে খুব দ্রুত এক মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে বায়ুবাহিত উপায়ে বা সংস্পর্শে ছড়িয়ে পড়তে সক্ষম ছিল, শামোন্ডা ভাইরাসের ক্ষেত্রে তেমন কোনো প্রমাণ মেলেনি। এটি মূলত পশুবাহিত রোগ এবং পতঙ্গের কামড়ে ছড়ায়। এখন পর্যন্ত মানুষ থেকে মানুষের মধ্যে এই ভাইরাস সংক্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে আতঙ্কিত না হয়ে এটিকে একটি বিচ্ছিন্ন ও বিরল ঘটনা হিসেবেই দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিশ্বজুড়ে কেন সতর্কতা?

ইউরোপের বিভিন্ন দেশে সম্প্রতি গবাদি পশুর মধ্যে শামোন্ডা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। এমন পরিস্থিতিতে মানুষের শরীরে এর প্রথম সংক্রমণ ধরা পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ও ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (ইসিডিসি) পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ঠিক কীভাবে প্রভাবিত করে এবং এর প্রকৃত ঝুঁকি কতখানি তা নির্ধারণে আরও ব্যাপক গবেষণা ও ডেটা বিশ্লেষণ প্রয়োজন। তবে এখনই একে নিয়ে প্যানিক বা অতিরিক্ত ভয়ের কোনো কারণ নেই বলে মনে করছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%