ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৫৪৩ জন গ্রেপ্তার


ঢাকায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৫৪৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৫৪৩ জনকে গ্রেপ্তার করেছে। এই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ১৫০ জন, ওয়ারী বিভাগ থেকে ৯৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৪ জন, গুলশান বিভাগ থেকে ৬২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, লালবাগ বিভাগ থেকে ৪২ জন, উত্তরা বিভাগ থেকে ৩৭ জন, রমনা বিভাগ থেকে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, রাশেদের দাবি

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি সুইচ গিয়ার, ১টি প্লায়ার্স, ১টি অ্যান্টি কাটার, ১টি অবিস্ফোরিত ককটেল, ১টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, ১টি অটোরিকশা, ১৫টি মোবাইল ফোন এবং ১৩টি সিমকার্ড। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবিপ্রবিতে মশার উপদ্রব, শিক্ষার্থীদের ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


পাবিপ্রবিতে মশার উপদ্রব, শিক্ষার্থীদের ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বাধীনতা হলে মশার উপদ্রবে ভোগান্তিতে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার (২৬ অক্টোবর) হলের মধ্যে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা জানাচ্ছেন, মশার উৎপাত দিন-রাত তাদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করছে।

শিক্ষার্থীদের অভিযোগ, মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ার পরেও হল প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় তারা দ্রুত মশা নিধনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, হলের আশপাশে ঝোপঝাড় ও আগাছা, পানি নিষ্কাশনের ড্রেন এবং ময়লা ফেলার স্থান নিয়মিত পরিষ্কার না করায় মশার উপদ্রব বাড়ছে। এছাড়া নিয়মিত মশানাশক ওষুধ ছিটানো হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। এতে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

স্বাধীনতা হলের আবাসিক শিক্ষার্থী আল-আমিন আরটিভিকে বলেন, "মশার উপদ্রব একদম অস্বাভাবিক। সব সময় মশার প্যানপ্যানানি শব্দ আছেই। মনে হয় যেন সব সময়ই বিশ্ববিদ্যালয়ে কনসার্ট চলে!" তিনি আরও জানান, সন্ধ্যার পর মশার সংখ্যা বেড়ে যায় এবং কয়েল জ্বালানো বা মশারি টাঙানো ছাড়া পড়ালেখা করা অসম্ভব হয়ে পড়েছে। রাতে ঘুমাতেও সমস্যা হচ্ছে এবং মশার কামড় থেকে বাঁচতে সব সময় সতর্ক থাকতে হচ্ছে।

স্বাধীনতা হলের আরেক শিক্ষার্থী জান্নাতুল ইসলাম জারিফ আরটিভিকে বলেন, "আমরা যারা নিচের তলার কক্ষগুলোতে থাকি, তারা মশার সহজ শিকারে পরিণত হচ্ছি।" তিনি বলেন, হলের চারপাশের অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা ময়লা-আবর্জনা এর মূল কারণ। সন্ধ্যা হওয়ার পর থেকেই মনে হয় যেন মশার রাজ্যে বসবাস করছি। তিনি অভিযোগ করেন, "মশারি টাঙালেও মশার অত্যাচার থেকে রেহাই পাওয়া যায় না।" এ বিষয়ে হল প্রশাসনের উদ্যোগ নেই বললেই চলে।

এ বিষয়ে জানতে চাইলে স্বাধীনতা হলের প্রভোস্ট আল ফাহাদ ভূঁইয়া আরটিভিকে জানান, "স্বাধীনতা হলের পাশে ময়লা ফেলার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে।" তিনি বলেন, "এ বিষয়ে আমাদের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।" তিনি জানান, মশার উপদ্রব কমাতে ফগার মেশিন ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, "ময়লা ফেলার কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।" তিনি উল্লেখ করেন, "আগে পৌরসভা থেকে ময়লা সংগ্রহ করা হতো। কিন্তু বর্তমানে পৌরসভা ময়লা সংগ্রহ করছে না বলে জানানো হয়েছে।" বিষয়টি প্রো-ভিসি স্যারকে জানানো হয়েছে এবং তিনি এ বিষয়ে কী পদক্ষেপ নেন, তা দেখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, "ময়লা ব্যবস্থাপনার সমস্যার স্থায়ী সমাধান হোক এবং হলের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএনএ পরীক্ষায় উখিয়ার অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মুক্তা এখনও নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


ডিএনএ পরীক্ষায় উখিয়ার অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মুক্তা এখনও নিখোঁজ

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটুয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা হয়েছে। তবে, এই ১০ জনের মধ্যে নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার সন্ধান এখনও মেলেনি।

শহরের দুটি পরিবারের সদস্যদের মধ্যে শনাক্ত হওয়া ব্যক্তিরা রয়েছেন। একটি পরিবারের চারজন এবং অন্য পরিবারের ছয়জন রয়েছে।

চার সদস্যের পরিবারটিতে ছিলেন শ্যামলীতে অবস্থিত গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাদের দুই মেয়ে রোজাইনা ইনায়া (৯) ও মুনাইনা ইহানা (৬)।

অন্য পরিবারের সদস্যরা হলেন মৌলিতা মেহজাবিন আলভি (১৯), তার কাজিন লায়লা জাহান নাবিলা (২৫) ও ইসরাত জাহান মালিহা (২৭), ফারিয়া কবির (৩৩), ফারিয়ার ছয় বছর বয়সি ছেলে মোহাম্মদ ফাইজান নূর এবং ফারিয়ার ভাই মোহাম্মদ নাফিস তেহামি (২৪)। তারা ঢাকার বনশ্রী ও খিলগাঁও এলাকায় বসবাস করতেন।

নাফিস তেহামি ‘জেরিফ’ নামেও পরিচিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

অপরদিকে মৌলিতা মেহজাবিন আলভি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পপুলেশন অ্যান্ড পাবলিক হেলথ সায়েন্সেস বিষয়ে পড়াশোনা করতেন। লায়লা জাহান নাবিলা ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুড়ে যাওয়া লাশগুলোর ডিএনএ পরীক্ষা করে এবং স্বজনদের নমুনার সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা, উখিয়া থানার এসআই রিমন ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্তের অগ্রগতি সম্পর্কেও কর্তৃপক্ষ গণমাধ্যমকে অবহিত করবে।

নিখোঁজ মুক্তার সন্ধান মেলেনি

অগ্নিকাণ্ডের পর ১০টি লাশ উদ্ধার করা হলেও নিখোঁজের তালিকায় ছিলেন ১১ জন। ফলে একজনের অবস্থান নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার (২৭) ডিএনএর সঙ্গে উদ্ধার হওয়া কোনো লাশের নমুনার মিল পাওয়া যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা রিমন ঘোষ গণমাধ্যমকে বলেন, ১০ জনের মরদেহ উদ্ধার হয়েছিল, তাদের ডিএনএ স্যাম্পলই মিল পাওয়া গেছে। আরেকজনেরটা পাওয়া যায়নি।

মুক্তা ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষিকা ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে তিনি কক্সবাজার বেড়াতে এসেছিলেন। তার স্বামী দেওয়ান ফয়সাল ঢাকা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা। মুক্তার বাবার নাম মোস্তফা কামাল।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলা বন্দরের পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


মোংলা বন্দরের পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি

মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেট্রিক টন কয়লা নিয়ে যাওয়া এমভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে সুন্দরী কোঠা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের ফলে কার্গোটি ডুবে যায়।

দুর্ঘটনার শিকার কার্গো জাহাজের স্টাফরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার দিকে আসছিল এমভি ফুলবাড়ী। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এমটি জান্নাতুল ফেরদৌস নামক অপর একটি তেলবাহী ট্যাংকার এমভি ফুলবাড়ী জাহাজটিকে ধাক্কা দেয়। এর ফলে কয়লাবোঝাই জাহাজটি ডুবে যায়। এই জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন। জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে সক্ষম হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

তারা আরো জানিয়েছেন, কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার জন্য সিডিউল ছিল। জাহাজটি পশুর চ্যানেলের বাহিরে ডুবে যাওয়ায় মূল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে স্টাফরা নিশ্চিত করেছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এই চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি জানান, মালিক পক্ষ দ্রুত জাহাজ তোলার ব্যবস্থা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে দুর্যোগ, দ্রুত পদক্ষেপের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে দুর্যোগ, দ্রুত পদক্ষেপের আহ্বান জাতিসংঘের

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে। আর্জেন্টিনায় দেখা দিয়েছে বন্যা, পেরুতে প্রাণঘাতী দাবানল এবং ফরাসি গায়ানায় খরা পরিস্থিতি তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে চলতি বছরে এল নিনোর নজিরবিহীন ধ্বংসাত্মক প্রভাব মোকাবিলার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা, যা নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের পানির উপরিভাগের তাপমাত্রা বৃদ্ধি করে। এর ফলে বিশ্বজুড়ে বাতাসের প্রবাহ, বায়ুচাপ এবং বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন ঘটে।

সাধারণত এল নিনো প্রতি দুই থেকে সাত বছর পরপর ঘটে এবং এর প্রভাব প্রায় ৯ মাস থেকে ১২ মাস স্থায়ী হয়।

চলতি বছরে এই প্রাকৃতিক আবহাওয়াগত ঘটনার কারণে পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। মানুষের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্রধান সেলেস্তে সাউলো মন্তব্য করেছেন, বর্তমান এল নিনোর তীব্রতা নজিরবিহীন হতে পারে। তিনি আরও বলেন, ‘বর্তমান এল নিনো এতটাই শক্তিশালী হতে পারে যে গত চার দশক ধরে এটি পর্যবেক্ষণে আমরা যেসব মানদণ্ড ব্যবহার করে আসছি, তার সীমাও ছাড়িয়ে যেতে পারে।’

সাউলো এবং জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান টম ফ্লেচার যৌথভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এসব জনগণের অনেকেই আগে থেকেই চরম সংকটের মধ্যে বসবাস করছেন।

সাউলো বলেন, ‘আমরা এল নিনোকে থামাতে পারব না। তবে এর সবচেয়ে ভয়াবহ মানবিক পরিণতির অনেকগুলোই প্রতিরোধ করতে পারব।’

টম ফ্লেচার এল নিনোকে একটি ‘ধ্বংসাত্মক গোলার’ সঙ্গে তুলনা করেছেন। তার আশঙ্কা, এর প্রভাবে লাতিন আমেরিকা, পূর্ব ও দক্ষিণ আফ্রিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক বিপর্যয় দেখা দিতে পারে।

তিনি বলেন, ‘ঝুঁকিটা হলো, এর ফলে কোটি কোটি মানুষ মানবিক সহায়তার প্রয়োজনীয়তার মুখে পড়তে পারেন।’ এল নিনোর প্রভাবে প্রায় পাঁচ কোটি মানুষ আরও তীব্র খাদ্যসংকটে পড়তে পারেন বলেও সতর্ক করেছেন তিনি।

আর্জেন্টিনার উত্তর-পূর্বাঞ্চলীয় পর্যটন শহর পাসো দে লা পাত্রিয়ার বাসিন্দা হুয়ান পাবলো গোমেজ এএফপিকে জানিয়েছেন, ‘এক দিনের ব্যবধানেই হঠাৎ আমার বাড়িতে এক মিটার উঁচু পানি ঢুকে পড়ে।’

এল নিনোর সঙ্গে সম্পর্কিত বন্যায় সাম্প্রতিক দিনগুলোতে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। শহরের কয়েকটি এলাকায় বাড়িঘরের ছাদ ছাড়া আর কিছুই পানির ওপরে দেখা যাচ্ছে না।

গত সপ্তাহে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে পারানা, উরুগুয়ে এবং ইগুয়াজু নদীর পানি বেড়ে যায়। এর ফলে দুই হাজারেরও বেশি মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে।

এই তিনটি নদী যথাক্রমে আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ের সীমান্তবর্তী বিভিন্ন এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সংশ্লিষ্ট বৃষ্টিপাতের সঙ্গে এল নিনোর সম্পর্ক রয়েছে বলে জানানো হয়েছে।

পেরুতে ভয়াবহ দাবানলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিমার সায়েন্টিফিক ইউনিভার্সিটি অব দ্য সাউথের জীববিজ্ঞানী ও অধ্যাপক ড্যানিয়েল ভালে এএফপিকে জানিয়েছেন, ‘এল নিনোর কারণে পুরো পেরুর ওপর প্রচণ্ড গরম ও শুষ্ক বায়ুর একটি বিশাল স্তর তৈরি হয়েছে।’

তিনি জানান, এই আবহাওয়াগত ঘটনার কারণে তাপমাত্রা বেড়ে যাওয়া এবং পরিবেশ শুষ্ক হয়ে পড়ায় দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

কর্তৃপক্ষ গত সপ্তাহে জানিয়েছে, জুন থেকে দেশটিতে বনাঞ্চলে ছড়িয়ে পড়া আগুনে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এসব দাবানলে শত শত মানুষ দুর্যোগের শিকার হয়েছেন।

নিহতদের অধিকাংশই কৃষক। নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে তাঁরা মারাত্মকভাবে দগ্ধ হন এবং ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

ফরাসি গায়ানায় কয়েক মাস ধরে স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বৃষ্টিপাত হচ্ছে। পানির স্তর দ্রুত নেমে যাওয়ায় ফ্রান্সের এই সমুদ্রপারের ভূখণ্ডের নদীপথে নৌযান চলাচল ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে।

সড়ক যোগাযোগবিচ্ছিন্ন এলাকাগুলোর প্রায় ৪০ হাজার বাসিন্দার কাছে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে কর্তৃপক্ষ আকাশপথে সরবরাহব্যবস্থা চালু করেছে। এর লক্ষ্য হলো, এসব এলাকার মানুষের কাছে সহনীয় দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া, সরকারি শিক্ষাব্যবস্থা সচল রাখা এবং উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে সুপেয় পানি উৎপাদন ও সরবরাহব্যবস্থা চালু রাখা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এল নিনোর প্রভাবে বন্যা পরিস্থিতির অবনতি হলে আগামী তিন মাসে সোমালিয়ার প্রায় ৮ লাখ ৭৪ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হতে পারেন।

গত সপ্তাহে সংস্থাটি সতর্ক করে জানায়, এল নিনো শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে সোমালিয়ায় আসন্ন বর্ষা মৌসুমে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বন্যা মোকাবিলার প্রস্তুতি ও জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ১ কোটি ৬৬ লাখ ডলারের মধ্যে সংস্থাটি এখন পর্যন্ত মাত্র ১৪ দশমিক ৪ শতাংশ অর্থ পেয়েছে।

এদিকে, কলম্বিয়ায় টানা চার মাস ধরে মাসভিত্তিক সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবার তথ্য বিশ্লেষণ করে এএফপি জানিয়েছে, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে দেশটির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

বিশ্বজুড়ে চরম আবহাওয়াগত ঘটনা ঘন ঘন ঘটতে থাকায় কোনো নির্দিষ্ট দুর্যোগের জন্য সরাসরি এল নিনোকে দায়ী করা কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) পদার্থবিদ মিশেল ল্যুরো এএফপিকে বলেন, এল নিনোর সঙ্গে বিভিন্ন আবহাওয়াগত ঘটনাকে একটি মহাসড়কের যানবাহনের সঙ্গে তুলনা করা যায়।

তিনি বলেন, ‘এল নিনো কোনো নির্দিষ্ট যানবাহনের গতি কত হবে বা সেটি কোন লেনে চলবে, তা নির্ধারণ করে দিতে পারে না। কখনো কখনো যানবাহন হঠাৎ মহাসড়ক থেকে বেরিয়ে যায় কিংবা নতুন যানবাহন সেখানে প্রবেশ করে।’

তিনি আরও বলেন, ‘একইভাবে, এল নিনো ছাড়াও অন্যান্য কারণ আবহাওয়াগত ঘটনাগুলোর নির্দিষ্ট বৈশিষ্ট্যকে প্রভাবিত করে।’ ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের (সিএনআরএস) গবেষণা পরিচালক দাভিদে ফারান্দা বলেন, ‘কোনো নির্দিষ্ট দুর্যোগের জন্য সরাসরি এল নিনোকে দায়ী করা সঠিক নয়। কারণ, অঞ্চল ও মৌসুমভেদে এর প্রভাব ভিন্ন হয়। এ ছাড়া জলবায়ুর স্বাভাবিক ওঠানামা ও অন্যান্য আবহাওয়াগত বিষয়ও এর ওপর প্রভাব ফেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%