ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে সন্তানদের ফ্ল্যাটে ঠাঁই হয়নি, ভাড়া বাসায় মিলল বৃদ্ধার পচাগলা মরদেহ


বরিশালে সন্তানদের ফ্ল্যাটে ঠাঁই হয়নি, ভাড়া বাসায় মিলল বৃদ্ধার পচাগলা মরদেহ

বরিশালের বাবুগঞ্জে একটি ভাড়া বাসা থেকে মোসা. তাহমিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার নতুনহাট এলাকার ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাহমিনা বেগম ছিলেন উপজেলার রাকুদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ হাওলাদারের কন্যা এবং মৃত কদম আলী হাওলাদারের স্ত্রী। তার সন্তানরা ঢাকায় পরিবারসহ বসবাস করে, কিন্তু তিনি নতুনহাট এলাকায় একটি ভাড়া বাসায় একা থাকতেন।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

তথ্য অনুযায়ী, তাহমিনা বেগমের দুই ছেলে সুমন ও আওলাদ এবং দুই মেয়ে মুক্তা ও মনি রয়েছে। তারা সকলেই পরিবার নিয়ে ঢাকায় বাস করেন। বড় ছেলে সুমনের উত্তরায় নিজস্ব ফ্ল্যাট রয়েছে। তবে তাহমিনা বেগম ভাইয়ের সহযোগিতায় নতুনহাট এলাকায় একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে একা বসবাস করছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

স্বজনদের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তার সঙ্গে সর্বশেষ দেখা হয়েছিল। এরপর থেকে ঘরের দরজা বন্ধ ছিল। রোববার সকালে বাসা থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা স্বজনদের খবর দেন। পরে তারা দরজা খুলে খাটের ওপর তাহমিনা বেগমের পচাগলা মরদেহ দেখতে পান।

ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট সময় ও কারণ জানা যায়নি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোনাবাড়িতে পানি ফ্যাক্টরি ও ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


কোনাবাড়িতে পানি ফ্যাক্টরি ও ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি পানি ফ্যাক্টরি ও ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের শুরু হয়। খবর পাওয়ার পর, কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী জানান, ‘আমরা বিকেল ৫টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে সারাবো ফায়ার সার্ভিস থেকে আরও ২টি ইউনিট এসে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

তবে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ২

রাজধানীর ধানমন্ডিতে সাংস্কৃতিক কর্মীদের আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল ঢাকায়।

সোমবার বিকেলে ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে একদল লোক মানববন্ধন করার জন্য জড়ো হন। এ সময় পুলিশ সেখানে থেকে দুজনকে আটক করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সম্প্রতি এই স্থানে একদল জনতা মানববন্ধন করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিল। ঘটনার দিন দীপক শীল নামের এক ব্যক্তি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। জানা গেছে, তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি। এক পর্যায়ে পুলিশ তাঁকে আটক করে গাড়িতে তুলে নেয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান বলেন, "আমরা তাঁদের উসকানিমূলক স্লোগান ও কথা বলতে নিষেধ করলে তাঁরা পাল্টা প্রশ্ন করেন যে 'জয় বাংলা' স্লোগান নষ্ট হয়ে গেছে কি না।" পরে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে একজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে।

মানববন্ধনের অন্যতম আয়োজক ফারুক এইচ খান বলেন, "সারাদেশেই বাউল ও বাঙালি সংস্কৃতির ওপর ধারাবাহিক আক্রমণ চলছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।" পুলিশের বাধায় পণ্ড হওয়ার পর বিকেল সাড়ে চারটার দিকে মানববন্ধনকারীরা ওই এলাকা ত্যাগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীর মুক্তিযোদ্ধার দাফনেও ত্রাসের রাজত্ব, গণতন্ত্রের জন্য অশনিসংকেত : সাইফুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


বীর মুক্তিযোদ্ধার দাফনেও ত্রাসের রাজত্ব, গণতন্ত্রের জন্য অশনিসংকেত : সাইফুল হক

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকে কেন্দ্র করে সৃষ্ট ভীতিকর পরিস্থিতির জন্য নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি মন্তব্য করেন, "যদি একজন মুক্তিযোদ্ধার দাফনেও ত্রাসের রাজত্ব কায়েম হয়, তবে তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।"

আজ সোমবার তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন। সাইফুল হক আরও জানান, মানিক পশারীর মরদেহে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার পরও স্থানীয় বাধা ও ভীতিকর পরিস্থিতির কারণে তার দাফন নিয়ে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্কিত পরিবারের পুরুষ সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে আসতে সাহস পাননি। শেষ পর্যন্ত পরিবারের নারী সদস্য ও স্বজনদের নিজের হাতে কবর খুঁড়ে তাকে দাফনের ব্যবস্থা করতে হয়। পরে পুলিশি পাহারায় মধ্যরাতে দাফন সম্পন্ন হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, "মৃত্যুর পরও একজন মানুষের দাফনের অধিকার বাধা ও ভয়ভীতির মুখে পড়া মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের গুরুতর লঙ্ঘন।" তিনি উল্লেখ করেন, মুক্তিযোদ্ধার মর্যাদা, পরিবারের শোক এবং মানুষের ধর্মীয় ও মানবিক অধিকার এভাবে বিপন্ন করা গ্রহণযোগ্য নয়।

সাইফুল হক বলেন, "কোনো রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার আগে যদি তার অনুসারী বা সহযোগী সংগঠনের ছত্রছায়ায় ভীতি ও অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করে, তবে ভবিষ্যতে নাগরিকের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি সহনশীলতা সুরক্ষিত থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।" তিনি আরও বলেন, "কোনো রাজনৈতিক শক্তিরই ভয়ভীতি দেখিয়ে মানুষের মৌলিক অধিকার হরণ করার অধিকার নেই।"

বিবৃতিতে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি ভয়ভীতি ও অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে বিবেকবান নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের ভাগ্য নির্ধারণ করবে কালকের গণভোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের ভাগ্য নির্ধারণ করবে কালকের গণভোট

রাতের পর আগামীকাল দেশের ৭৮ বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দিতে প্রস্তুত ইসরায়েলিরা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এই প্রথমবারের মতো ইহুদি রাষ্ট্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হামাসের একটি হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে নেতানিয়াহু বছরের পর বছর গাজায় নির্বিচার গণহত্যা চালিয়ে আসছেন। কট্টরপন্থি ও যুদ্ধবাজ নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছেন। সাধারণ ইসরায়েলিরা নেতানিয়াহুর যুদ্ধংদেহী ভাবমূর্তি কতটা গ্রহণ করছেন, তা আগামীকাল (২৭ অক্টোবর) মঙ্গলবার বোঝা যাবে।

কালকের নির্বাচনটি আসলে কোনো ব্যক্তির নির্বাচন বা গণভোট নয়। আগামীকাল ২৬তম নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) ১২০ জন সদস্যকে বেছে নিতে ভোট দেবে ইসরায়েলীরা। তবে সবাই এই নির্বাচনকে বেনিয়ামিন নেতানিয়াহুর কয়েক দশকের রাজনৈতিক ক্যারিয়ারের গণভোট হিসেবেই দেখছেন। তার দল লিকুদ পার্টি ক্ষমতায় ফিরতে না পারলে নেতানিয়াহুর কয়েক দশকের বর্ণাঢ্য ও বিতর্কিত রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। ১৯৮৮ সালের পর এই প্রথম ইসরায়েলি আইনসভা (নেসেট) তার চার বছরের মেয়াদ পূর্ণ করছে। তবে নেতানিয়াহুর ভাগ্য এখনও ঝুলছে। নেতানিয়াহু, তার দল এবং ক্ষমতাসীন জোট একটি কঠিন লড়াইয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। আগামীকাল ভোট গ্রহণের পর নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ নভেম্বর।

ইসরায়েলিরা নেসেটে কোনো নির্দিষ্ট প্রার্থীর জন্য নয়, বরং একটি দলীয় তালিকার পক্ষে ভোট দেয়। প্রতিটি দল একটি মাত্র ব্যালট পেপারে তাদের প্রার্থীদের ক্রমানুসারে সাজানো একটি তালিকা তৈরি করে, যার মাধ্যমে ভোটাররা সেই দল বা প্যানেলটিকে নির্বাচিত করেন। যে দল সবচেয়ে বেশি ভোট পাবে, সেই দলের নেতাই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। ইসরায়েলের নির্বাচনী ব্যবস্থায় দেশব্যাপী আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ব্যবহার করা হয়। নেসেটে আসন পেতে হলে একটি দলকে মোট বৈধ ভোটের অন্তত ৩.২৫ শতাংশ পেতে হবে। এবারের নির্বাচনে অন্তত ১০টি দল এই নির্বাচনী সীমা পার করতে পারবে বলে আশা করা হচ্ছে।

সরকার গঠনের জন্য একটি দলের অন্তত ৬১টি আসন প্রয়োজন, এবং ইসরায়েলের ইতিহাসে কোনো দলই কখনো এককভাবে তা অর্জন করতে পারেনি। ভোটগ্রহণের পর দলগুলো জোট গঠনের জন্য ২৮ দিন সময় পায়, যা প্রয়োজনে আরও ১৪ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। যদি কেউ জোট গঠনে সফল না হয়, তবে দেশে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের পর এটি দেশটিতে ষষ্ঠ নির্বাচন। আর এই কারণেই ‘কে প্রথম স্থান অধিকার করল’ তার চেয়ে ‘কোন দল ৬১টি আসনে পৌঁছাতে পারল’ সেটি বেশি গুরুত্বপূর্ণ।

ইসরায়েলের ৭৮ বছরের ইতিহাসে কোনো একক দল কখনোই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর অর্থ হলো, দলগুলোকে অবশ্যই অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমন্বয়ে একটি গভর্নিং কোয়ালিশন বা শাসক জোট গঠন করতে হয়। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সাত দিনের মধ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট বিভিন্ন উপদলের নির্বাচিত প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন। প্রেসিডেন্ট নেসেটের এমন একজন সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দেবেন, যিনি সাধারণত সবচেয়ে বেশি আসন জয়ী দল বা উপদলের নেতা হয়ে থাকেন। এরপর সেই প্রার্থীকে অন্যান্য উপদলের সাথে আলোচনা করা, জোট গঠন করা এবং সরকার গঠনের জন্য একটি আস্থা ভোটে নেসেটের অনুমোদন পাওয়ার জন্য ২৮ দিন সময় দেওয়া হয়। তারা যদি এতে ব্যর্থ হন, তবে সেই দল বা জোট সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর জন্য আবেদন করতে পারে। যদি সেই চেষ্টাও ব্যর্থ হয়, তবে প্রেসিডেন্ট অন্য একজন প্রার্থীকে নির্বাচন করতে পারেন এবং এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি হবে। দ্বিতীয়বারও যদি ব্যর্থ হয়, তবে নির্বাচিত তৃতীয় প্রার্থীকে সরকার গঠনের জন্য ১৪ দিন সময় দেওয়া হবে। সেটিও যদি ব্যর্থ হয়, তবে দেশে নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হবে।

১৯৯৬ সালে প্রথম ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বেনিয়ামিন নেতনিয়াহু। এরপর তিন দফায় প্রায় ১৯ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে তিনি সারা বিশ্বে নিজেকে ইসরায়েলের মুখ হিসেবে পরিচিত করেছেন। ইসরায়েলের সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী যুদ্ধবাজ নেতানিয়াহু ইসরায়েলকে যুদ্ধবাজ রাষ্ট্র হিসেবেই পরিচিত করেছেন। সমর্থকরা তাকে ‘কিং বিবি’ বলে অভিহিত করেন এবং তাকে এমন একজন শক্তিশালী নেতা হিসেবে দেখেন, যার বৈরী অঞ্চলে নিজেকে রক্ষা করার জন্য ইসরায়েলের প্রয়োজন। তবে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি কর্তৃক ওয়ান্টেড হওয়া এবং ইসরায়েলে দুর্নীতির মামলায় বিচার চলাকালীন তিনি মূলত তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছেন। জনমত জরিপগুলো ইঙ্গিত করছে যে, ৭ অক্টোবরের হামলার পর থেকে তার লিকুদ পার্টির জনপ্রিয়তায় বড় ধস নেমেছে, যা নেতানিয়াহুর নিরাপত্তা বিষয়ক সুনামকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট, যিনি গাজা যুদ্ধে তার এক ছেলেকে হারিয়েছেন। ৬৬ বছর বয়সী আইজেনকোট নিজেকে একজন রাজনৈতিক আউটসাইডার, সৈনিক হিসেবে তুলে ধরেছেন, যার নম্র পটভূমি এবং পারিবারিক আত্মত্যাগ নেতানিয়াহুর উচ্চ পদে কাটানো কয়েক দশক এবং ঝুলে থাকা দুর্নীতির মামলার সাথে এক সম্পূর্ণ বৈপরীত্য তৈরি করে। তিনি ‘ইয়াশার’ নামক একটি নতুন মধ্যপন্থী দলের নেতৃত্ব দিচ্ছেন, হিব্রু ভাষায় যার অর্থ ’সৎ’। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, যিনি একজন ডানপন্থী সাবেক কমান্ডো, নেতানিয়াহুর সাবেক সহকারী এবং হাই-টেক মিলিয়নেয়ার, এই শীর্ষ পদের জন্য আরেকজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। বেনেট মধ্যপন্থী সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিডের সাথে হাত মিলিয়েছেন। তাদের নতুন দলের নাম ‘টুগেদার’, এবং এর মূল বার্তাগুলো একটি আঘাতপ্রাপ্ত জাতিকে নিরাময় করা এবং দেশকে পুনরায় সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার ওপর আলোকপাত করেছে। রাজনৈতিক আদর্শের দিক থেকে বিপরীত মেরুতে থাকা সত্ত্বেও, তাদের এই জোট ২০২১ সালের নির্বাচনে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করেছিল।

নেতানিয়াহুর একসময়কার ঘনিষ্ঠ সাবেক প্রতিরক্ষা মন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যানও নির্বাচনের মাঠে তার প্রতিদ্বন্দ্বী। নেতানিয়াহুর চেয়েও কট্টরপন্থী মনোভাবাপন্ন লিবারম্যান ২০১৮ সালে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেন; তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি অতিরিক্ত নরম হওয়ার অভিযোগ তোলেন এবং নেতানিয়াহুর অন্যতম তীব্র সমালোচকে পরিণত হন। তার দল ‘ইসরায়েল আওয়ার হোম’ মূলত দেশের সাবেক সোভিয়েত অভিবাসী সম্প্রদায়ের কাছ থেকে সিংহভাগ সমর্থন পেয়ে থাকে।

এছাড়া সাবেক জেনারেল ইয়ার গোলান নেতানিয়াহুর বিরুদ্ধে ‘ডেমোক্র্যাটস’ দলের নেতৃত্ব দিচ্ছেন। ইসরায়েলের ঐতিহাসিক লেবার পার্টি এবং অপেক্ষাকৃত ছোট বামপন্থী মেরেৎজ-এর মৃতপ্রায় অবশিষ্টাংশের ওপর ভিত্তি করে তার এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল।

যে দলগুলো কোনো পক্ষের সাথেই স্পষ্টভাবে জোটবদ্ধ নয়, তারা নেতানিয়াহু বা তার প্রতিদ্বন্দ্বীদের পক্ষে পাল্লা ভারী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর মধ্যে রয়েছে রা’আম এবং জয়েন্ট লিস্ট—দল দুটি ইসরায়েলের ২০ শতাংশ আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে। এদের পাশাপাশি রয়েছে ‘পিপল অব ইসরায়েল’ নামক একটি নতুন ডানপন্থী দল এবং ‘দ্য রিজার্ভিস্টস’ নামক একটি মধ্য-ডানপন্থী দল, উভয় দলই জনমত জরিপগুলোতে দোদুল্যমান অবস্থায় রয়েছে। এতসব হিসাব-নিকাশ উল্টে যেতে পারে ভোটের বাক্সে। সবার তাই অধীর অপেক্ষা ভোটের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%