সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
০৯:৪৭ পি.এম
রাতের পর আগামীকাল দেশের ৭৮ বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দিতে প্রস্তুত ইসরায়েলিরা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এই প্রথমবারের মতো ইহুদি রাষ্ট্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হামাসের একটি হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে নেতানিয়াহু বছরের পর বছর গাজায় নির্বিচার গণহত্যা চালিয়ে আসছেন। কট্টরপন্থি ও যুদ্ধবাজ নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছেন। সাধারণ ইসরায়েলিরা নেতানিয়াহুর যুদ্ধংদেহী ভাবমূর্তি কতটা গ্রহণ করছেন, তা আগামীকাল (২৭ অক্টোবর) মঙ্গলবার বোঝা যাবে।
কালকের নির্বাচনটি আসলে কোনো ব্যক্তির নির্বাচন বা গণভোট নয়। আগামীকাল ২৬তম নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) ১২০ জন সদস্যকে বেছে নিতে ভোট দেবে ইসরায়েলীরা। তবে সবাই এই নির্বাচনকে বেনিয়ামিন নেতানিয়াহুর কয়েক দশকের রাজনৈতিক ক্যারিয়ারের গণভোট হিসেবেই দেখছেন। তার দল লিকুদ পার্টি ক্ষমতায় ফিরতে না পারলে নেতানিয়াহুর কয়েক দশকের বর্ণাঢ্য ও বিতর্কিত রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। ১৯৮৮ সালের পর এই প্রথম ইসরায়েলি আইনসভা (নেসেট) তার চার বছরের মেয়াদ পূর্ণ করছে। তবে নেতানিয়াহুর ভাগ্য এখনও ঝুলছে। নেতানিয়াহু, তার দল এবং ক্ষমতাসীন জোট একটি কঠিন লড়াইয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। আগামীকাল ভোট গ্রহণের পর নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ নভেম্বর।
ইসরায়েলিরা নেসেটে কোনো নির্দিষ্ট প্রার্থীর জন্য নয়, বরং একটি দলীয় তালিকার পক্ষে ভোট দেয়। প্রতিটি দল একটি মাত্র ব্যালট পেপারে তাদের প্রার্থীদের ক্রমানুসারে সাজানো একটি তালিকা তৈরি করে, যার মাধ্যমে ভোটাররা সেই দল বা প্যানেলটিকে নির্বাচিত করেন। যে দল সবচেয়ে বেশি ভোট পাবে, সেই দলের নেতাই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। ইসরায়েলের নির্বাচনী ব্যবস্থায় দেশব্যাপী আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ব্যবহার করা হয়। নেসেটে আসন পেতে হলে একটি দলকে মোট বৈধ ভোটের অন্তত ৩.২৫ শতাংশ পেতে হবে। এবারের নির্বাচনে অন্তত ১০টি দল এই নির্বাচনী সীমা পার করতে পারবে বলে আশা করা হচ্ছে।
সরকার গঠনের জন্য একটি দলের অন্তত ৬১টি আসন প্রয়োজন, এবং ইসরায়েলের ইতিহাসে কোনো দলই কখনো এককভাবে তা অর্জন করতে পারেনি। ভোটগ্রহণের পর দলগুলো জোট গঠনের জন্য ২৮ দিন সময় পায়, যা প্রয়োজনে আরও ১৪ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। যদি কেউ জোট গঠনে সফল না হয়, তবে দেশে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের পর এটি দেশটিতে ষষ্ঠ নির্বাচন। আর এই কারণেই ‘কে প্রথম স্থান অধিকার করল’ তার চেয়ে ‘কোন দল ৬১টি আসনে পৌঁছাতে পারল’ সেটি বেশি গুরুত্বপূর্ণ।
ইসরায়েলের ৭৮ বছরের ইতিহাসে কোনো একক দল কখনোই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর অর্থ হলো, দলগুলোকে অবশ্যই অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমন্বয়ে একটি গভর্নিং কোয়ালিশন বা শাসক জোট গঠন করতে হয়। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সাত দিনের মধ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট বিভিন্ন উপদলের নির্বাচিত প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন। প্রেসিডেন্ট নেসেটের এমন একজন সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দেবেন, যিনি সাধারণত সবচেয়ে বেশি আসন জয়ী দল বা উপদলের নেতা হয়ে থাকেন। এরপর সেই প্রার্থীকে অন্যান্য উপদলের সাথে আলোচনা করা, জোট গঠন করা এবং সরকার গঠনের জন্য একটি আস্থা ভোটে নেসেটের অনুমোদন পাওয়ার জন্য ২৮ দিন সময় দেওয়া হয়। তারা যদি এতে ব্যর্থ হন, তবে সেই দল বা জোট সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর জন্য আবেদন করতে পারে। যদি সেই চেষ্টাও ব্যর্থ হয়, তবে প্রেসিডেন্ট অন্য একজন প্রার্থীকে নির্বাচন করতে পারেন এবং এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি হবে। দ্বিতীয়বারও যদি ব্যর্থ হয়, তবে নির্বাচিত তৃতীয় প্রার্থীকে সরকার গঠনের জন্য ১৪ দিন সময় দেওয়া হবে। সেটিও যদি ব্যর্থ হয়, তবে দেশে নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হবে।
১৯৯৬ সালে প্রথম ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বেনিয়ামিন নেতনিয়াহু। এরপর তিন দফায় প্রায় ১৯ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে তিনি সারা বিশ্বে নিজেকে ইসরায়েলের মুখ হিসেবে পরিচিত করেছেন। ইসরায়েলের সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী যুদ্ধবাজ নেতানিয়াহু ইসরায়েলকে যুদ্ধবাজ রাষ্ট্র হিসেবেই পরিচিত করেছেন। সমর্থকরা তাকে ‘কিং বিবি’ বলে অভিহিত করেন এবং তাকে এমন একজন শক্তিশালী নেতা হিসেবে দেখেন, যার বৈরী অঞ্চলে নিজেকে রক্ষা করার জন্য ইসরায়েলের প্রয়োজন। তবে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি কর্তৃক ওয়ান্টেড হওয়া এবং ইসরায়েলে দুর্নীতির মামলায় বিচার চলাকালীন তিনি মূলত তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছেন। জনমত জরিপগুলো ইঙ্গিত করছে যে, ৭ অক্টোবরের হামলার পর থেকে তার লিকুদ পার্টির জনপ্রিয়তায় বড় ধস নেমেছে, যা নেতানিয়াহুর নিরাপত্তা বিষয়ক সুনামকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট, যিনি গাজা যুদ্ধে তার এক ছেলেকে হারিয়েছেন। ৬৬ বছর বয়সী আইজেনকোট নিজেকে একজন রাজনৈতিক আউটসাইডার, সৈনিক হিসেবে তুলে ধরেছেন, যার নম্র পটভূমি এবং পারিবারিক আত্মত্যাগ নেতানিয়াহুর উচ্চ পদে কাটানো কয়েক দশক এবং ঝুলে থাকা দুর্নীতির মামলার সাথে এক সম্পূর্ণ বৈপরীত্য তৈরি করে। তিনি ‘ইয়াশার’ নামক একটি নতুন মধ্যপন্থী দলের নেতৃত্ব দিচ্ছেন, হিব্রু ভাষায় যার অর্থ ’সৎ’। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, যিনি একজন ডানপন্থী সাবেক কমান্ডো, নেতানিয়াহুর সাবেক সহকারী এবং হাই-টেক মিলিয়নেয়ার, এই শীর্ষ পদের জন্য আরেকজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। বেনেট মধ্যপন্থী সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিডের সাথে হাত মিলিয়েছেন। তাদের নতুন দলের নাম ‘টুগেদার’, এবং এর মূল বার্তাগুলো একটি আঘাতপ্রাপ্ত জাতিকে নিরাময় করা এবং দেশকে পুনরায় সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার ওপর আলোকপাত করেছে। রাজনৈতিক আদর্শের দিক থেকে বিপরীত মেরুতে থাকা সত্ত্বেও, তাদের এই জোট ২০২১ সালের নির্বাচনে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করেছিল।
নেতানিয়াহুর একসময়কার ঘনিষ্ঠ সাবেক প্রতিরক্ষা মন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যানও নির্বাচনের মাঠে তার প্রতিদ্বন্দ্বী। নেতানিয়াহুর চেয়েও কট্টরপন্থী মনোভাবাপন্ন লিবারম্যান ২০১৮ সালে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেন; তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি অতিরিক্ত নরম হওয়ার অভিযোগ তোলেন এবং নেতানিয়াহুর অন্যতম তীব্র সমালোচকে পরিণত হন। তার দল ‘ইসরায়েল আওয়ার হোম’ মূলত দেশের সাবেক সোভিয়েত অভিবাসী সম্প্রদায়ের কাছ থেকে সিংহভাগ সমর্থন পেয়ে থাকে।
এছাড়া সাবেক জেনারেল ইয়ার গোলান নেতানিয়াহুর বিরুদ্ধে ‘ডেমোক্র্যাটস’ দলের নেতৃত্ব দিচ্ছেন। ইসরায়েলের ঐতিহাসিক লেবার পার্টি এবং অপেক্ষাকৃত ছোট বামপন্থী মেরেৎজ-এর মৃতপ্রায় অবশিষ্টাংশের ওপর ভিত্তি করে তার এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল।
যে দলগুলো কোনো পক্ষের সাথেই স্পষ্টভাবে জোটবদ্ধ নয়, তারা নেতানিয়াহু বা তার প্রতিদ্বন্দ্বীদের পক্ষে পাল্লা ভারী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর মধ্যে রয়েছে রা’আম এবং জয়েন্ট লিস্ট—দল দুটি ইসরায়েলের ২০ শতাংশ আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে। এদের পাশাপাশি রয়েছে ‘পিপল অব ইসরায়েল’ নামক একটি নতুন ডানপন্থী দল এবং ‘দ্য রিজার্ভিস্টস’ নামক একটি মধ্য-ডানপন্থী দল, উভয় দলই জনমত জরিপগুলোতে দোদুল্যমান অবস্থায় রয়েছে। এতসব হিসাব-নিকাশ উল্টে যেতে পারে ভোটের বাক্সে। সবার তাই অধীর অপেক্ষা ভোটের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরান, পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি যৌথ বৈঠক তেহরানে শুরু হয়েছে।
এই বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির, যিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন অন্তর্ভুক্ত রয়েছেন।
ইরানের প্রতিনিধি দলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং দেশের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।
এর আগে সৌদি আরব জানিয়েছে, তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের বৈঠকের লক্ষ্য হলো উত্তেজনা বৃদ্ধি প্রতিরোধ করা এবং একটি চুক্তির জন্য পথ তৈরি করা।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে আলোচনা চালিয়ে যাওয়ার গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আসিম মুনিরের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক গত ৭ আগস্ট একটি প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে, যা ‘মক্কা চুক্তি’ নামে পরিচিত।
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে থাকা সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২০২৬ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন সকল মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের জানানো হচ্ছে যে, ২০২৬ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ২৪ ডিসেম্বরের মধ্যে প্রকাশের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সড়ক দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি যাত্রী ও গাড়িচালকদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে কেরানীগঞ্জের হাসনাবাদে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচিটি পালন করা হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য হলো- “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”। গত ২২ অক্টোবর ছিল জাতীয় নিরাপদ সড়ক দিবস। বিআরটিএ এ দিবসকে কেন্দ্র করে মাসব্যাপি কর্মসূচি পরিচালনা করছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় কর্মসূচির সূচনা হয়। এ সময় বক্তব্য রাখেন বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উপপরিচালক (ইঞ্জি.) মোবারক হোসেন। চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে লিফলেট ও ব্রোশিওর বিতরণ করা হয়। পাশাপাশি জেব্রা ক্রসিং ও ফুটওভারব্রিজ ব্যবহারের গুরুত্ব, হেলমেট ও সিট বেল্ট পরিধান, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, মাদকাসক্ত ও ক্লান্ত অবস্থায় গাড়ি চালানোর ক্ষতিকর দিক সম্পর্কে গাড়িচালকদের সচেতন করা হয়।
এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট মো. শাহজাহান, বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো, নজরুল ইসলাম মো. আবু জামাল, রাজস্ব কর্মকর্তা মো. কামরুল হাসান। নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের পার্বতীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে (৫৫) সজনে গাছের ডাল ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন এ তথ্য প্রকাশ করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আশিকুজ্জামান ওরফে আলো মিয়া (৩৫) এবং তার ভাই আসাদুজ্জামান (৩২)। তাদের বাসস্থান উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের সোনাপুকুর নয়া মোল্লাপাড়া গ্রামে।
রবিবার (২৫ অক্টোবর) রাতে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আশিকুজ্জামানকে মামলার প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
হত্যার শিকার মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের চক সুখদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার আবাসস্থল একই উপজেলার সুখদেবপুর এলাকায় অবস্থিত।
পুলিশের তথ্য অনুযায়ী, পার্বতীপুরের নয়া মোল্লাপাড়া গ্রামে প্রয়াত আজিজুল হকের বাড়িতে নির্মাণকাজের পারিশ্রমিক, ইউক্যালিপটাস গাছের গুঁড়ির হিসাব এবং শ্রমিকদের মজুরি বণ্টন নিয়ে বিরোধের সূত্রপাত ঘটে। এছাড়াও বাড়ির পাশের রাস্তার জমি নিয়ে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে দুই ভাইয়ের বিরোধ চলছিল।
নির্মাণকাজের সঙ্গে যুক্ত কাঠমিস্ত্রি ফরতাজ হোসেনের সঙ্গে আজিজুল হকের ছেলে আল রোমানের বিরোধ দেখা দিলে পরিবারের সদস্যদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে সেখানে উপস্থিত হন শিক্ষক মনোরঞ্জন রায়।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন আরও জানান, বিরোধের একপর্যায়ে মনোরঞ্জন রায়ের ওপর হামলা চালানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আশিকুজ্জামান তাকে সজনে গাছের ডাল ও লাঠি দিয়ে আঘাত করে।
প্রাণ বাঁচাতে মনোরঞ্জন রায় সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়। পরে ধানখেতে পড়ে যাওয়ার পরও তাকে মারধর করা হয় বলে পুলিশের দাবি। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
পুলিশ জানায়, প্রায় ১৩ বছর আগে আজিজুল হকের মৃত্যুর পর থেকে তার পরিবারের দেখাশোনা করতেন মনোরঞ্জন রায়। ওই পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় ও সুসম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে বিরোধ মেটাতে গিয়েই তিনি হামলার শিকার হন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার পর পুলিশ শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ