শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৪৩ পি.এম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু রংপুরে ঘটে যাওয়া চারটি হত্যাকাণ্ডের ঘটনাকে জেলার ইতিহাসের অন্যতম বড় হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছেন। তিনি জানিয়েছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। "আমরা আশা করছি, অল্প কিছুদিনের মধ্যে তদন্তের মাধ্যমে চার্জশিট দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শেষ করতে পারব।"
শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ছয়তলা বার্ন ইউনিটের সার্ভিস ভবনের নির্মাণকাজের উদ্বোধন শেষে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, "চার হত্যাকাণ্ডের ঘটনাটি রংপুরের ইতিহাসে একটি বড় হত্যাকাণ্ড।" বর্তমানে এই ঘটনার রহস্য উন্মোচন নিয়ে আলোচনা চলছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষী এবং হত্যাকাণ্ডের পেছনে যদি কেউ জড়িত থাকে, তবে তাদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরি। এ জন্য প্রশাসন একটু সময় নিয়ে তদন্ত করছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে তিনি কথা বলেন। আসাদুল হাবীব দুলু জানান, হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি তিনবার মেডিকেলে এসেছেন এবং নিয়মিত সভা করছেন। আগের সভার সিদ্ধান্তগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে, কতটুকু হয়নি এবং না হওয়ার কারণগুলো খতিয়ে দেখা হবে।
মন্ত্রী বলেন, "এনেস্থেশিওলজিস্টের অভাবে হাসপাতালে নতুন আইসিইউ শয্যা চালু করা সম্ভব হয়নি।" ইতিমধ্যে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়েছে এবং আশা করা হচ্ছে, এক মাসের মধ্যে নতুন আইসিইউ শয্যা চালু করা সম্ভব হবে।
স্বাস্থ্য খাতের জনবল সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "গত ১৭ বছরে অনিয়ম-দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতসহ প্রতিটি খাত ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছেছে।" প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সারা দেশে স্বাস্থ্য খাতে জনবল সংকট বিদ্যমান। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ দেওয়া হলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যান্যরা।
এর আগে হাসপাতাল চত্বরে যাওয়ার আগে রংপুর নগরের গুপ্তপাড়ায় পিএসসির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দুস্থ ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জেলা পরিষদ।
শনিবার দুপুরে তিস্তা রেলসেতু সংলগ্ন এলাকায় এসব খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, জেলা বিএনপির সিনিয়র সদস্য ফজলুর রহমান বাদলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তিস্তার নদীভাঙনে ভিটেমাটি হারানো মানুষের পাশে সরকার রয়েছে।
তিনি বলেন, এ অঞ্চলের কর্মহীন মানুষের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন। এসব দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে লুইস এনরিকের নতুন চুক্তি হয়েছে, যা দুই চ্যাম্পিয়নস লিগ জয়ের পর তার পথচলাকে আরো দীর্ঘায়িত করেছে। স্প্যানিশ এই হাই-প্রোফাইল কোচের সঙ্গে প্যারিসের ক্লাবটি নতুন করে তিন বছরের চুক্তি নবায়ন করেছে।আগের চুক্তি অনুযায়ী, এনরিকের মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। তবে ক্লাবের দীর্ঘমেয়াদি প্রকল্পের অংশ হিসেবে পিএসজি এখনই এই সফল কোচকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।শুক্রবার মোনাকোর বিপক্ষে লিগ আঁর ম্যাচের আগে এই বড় ঘোষণা আসে। শুধু এনরিক নয়, একই দিনে দলের পাঁচ গুরুত্বপূর্ণ খেলোয়াড়, জোয়াও নেভেস, ফাবিয়ান রুইস, উইলিয়ান পাচো, লুকাস বেরালদো এবং উদীয়মান সেনি মায়ুলুর সঙ্গেও দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছে ক্লাব কর্তৃপক্ষ।পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই কোচ ও খেলোয়াড়রা কেবল ক্লাবের বর্তমানই নন, আমাদের ভবিষ্যতের শক্ত ভিত।দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর ভর করে আমরা সমর্থকদের গর্বিত করার মতো নতুন ইতিহাস লিখে যেতে চাই।’ঘরের মাঠে সমর্থকদের উষ্ণ ভালোবাসায় চুক্তি নবায়নের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও, রাতের ম্যাচে মোনাকোর কাছে ২-১ গোলে পরাজিত হয়ে পিএসজি কিছুটা পিছিয়ে পড়েছে। তবে নতুন মেয়াদ নিয়ে ৫৬ বছর বয়সী এনরিকে রসিকতা করে বলেন, ‘সত্যি বলতে আমার দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এই প্রথম কোনো ক্লাবে টানা তিন বছরের বেশি সময় থাকছি! এখন তো বয়সের ভারও বাড়ছে। তবে প্রথম দিনের চেয়েও বর্তমানে কাজের প্রতি আমার ক্ষুধা ও উদ্দীপনা অনেক বেশি।এটি উল্লেখযোগ্য যে, ২০২৩-২৪ মৌসুমে পিএসজির ডাগআউটে বসার পর প্যারিসের ফুটবল সংস্কৃতিতে এনরিক বিপুল পরিবর্তন এনেছেন। বহু কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ জয়ের আক্ষেপ ঘুচিয়ে ২০২৫ সালের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে পরাজিত করে পিএসজি প্রথমবারের মতো ইউরোপসেরা হয়। এরপর গত মে মাসে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরে ইতিহাস গড়েন এনরিকে। তার অধীনে ফরাসি জায়ান্টরা জিতেছে তিনটি লিগ আঁ, দুটি ফরাসি কাপ, দুটি সুপার কাপসহ বহু শিরোপা।নতুন চুক্তি অনুযায়ী স্প্যানিশ তারকা ফাবিয়ান রুইজ আগামী মৌসুমের শেষ পর্যন্ত প্যারিসেই থাকছেন, যেখানে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।অন্যদিকে, ক্লাবের ভবিষ্যৎ কাণ্ডারী, জোয়াও নেভেস, লুকাস বেরালদো, উইলিয়ান পাচো এবং উদীয়মান তারকা সেনি মায়ুলু ২০৩১ সাল পর্যন্ত পিএসজির জার্সি গায়ে মাঠ কাঁপাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের চার নেতা দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তাঁদের সঙ্গে থাকা প্রায় ৩০ নেতাকর্মী ও সমর্থকও দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভান্ডারিকান্দি ইউনিয়নের ফজলুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় আওয়ামী লীগের সঙ্গে ভবিষ্যতে আর কোনো সম্পর্ক না রাখার কথাও জানান তাঁরা।
পদত্যাগকারীরা হলেন—ভান্ডারিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মোস্তফা মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন সরদার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. করিম হাওলাদার এবং একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সরদার।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা বলেন, তাঁরা দীর্ঘদিন আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে দলের জন্য কাজ করেছেন এবং ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। তবে বর্তমানে দলের শীর্ষ পর্যায়ের অনেক নেতা বিদেশে অবস্থান করলেও মাঠপর্যায়ের নেতাকর্মীরা চরম অবহেলার মধ্যে রয়েছেন।
তাঁদের অভিযোগ, বিপদে-আপদে পড়লেও দলের কোনো নেতা তাঁদের খোঁজখবর নেন না। দীর্ঘদিন দলের জন্য কাজ করলেও বর্তমান পরিস্থিতিতে তাঁরা নিজেদের অনেকটাই অসহায় মনে করছেন।
পদত্যাগকারীরা বলেন, “আমরা স্বজ্ঞানে ও স্বেচ্ছায় আওয়ামী লীগের সব কার্যক্রম ও দলীয় পদ থেকে নিজেদের সরিয়ে নিয়েছি। আজ থেকে আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই।”
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী চার নেতা ছাড়াও তাঁদের সঙ্গে থাকা প্রায় ৩০ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন এবং তাঁরাও দলীয় পদ ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে গণমাধ্যমে ধারাবাহিক তথ্য ফাঁসের ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছে। এই পরিস্থিতির মধ্যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘জয়েন্ট স্টাফ’-এর প্রায় ৫০ জন সদস্যকে ‘লাই ডিটেক্টর’ বা মিথ্যা শনাক্তকরণ পরীক্ষার (পলিগ্রাফ টেস্ট) মুখোমুখি হতে হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই তদন্তের মূল উদ্দেশ্য ছিল বেসামরিক ও সামরিক কর্মীদের দ্বারা সাংবাদিকদের কাছে গোপনীয় তথ্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে যাওয়ার বিষয়ক তথ্য ফাঁস হয়েছে কি না, তা খতিয়ে দেখা।
গত মাসে পলিগ্রাফ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে এমন কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরসহ গুরুত্বপূর্ণ অস্ত্রের সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছিল। তবে মার্কিন কর্মকর্তারা তখন ওই প্রতিবেদনের বিরুদ্ধে দাবি করেছিলেন, তাদের অস্ত্রের মজুদ প্রয়োজনের তুলনায় যথেষ্ট রয়েছে।
এনওয়াইটি-কে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল অভ্যন্তরীণ প্রশাসনিক বা তদন্তমূলক পদক্ষেপ নিয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। কিন্তু তিনি জোর দিয়ে বলেন, জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত তথ্য ফাঁসের বিষয়টিকে তাদের বিভাগ ‘অত্যন্ত গুরুত্বের সাথে দেখে এবং সে অনুযায়ী তদন্ত পরিচালনা করে’।
পার্নেল আরও জানান, যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে মোতায়েন মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গোপনীয় তথ্যের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জয়েন্ট স্টাফের সদস্যসংখ্যা ১,৫০০ থেকে ২,০০০-এর মধ্যে এবং এতে সামরিক ও বেসামরিক উভয় ধরনের কর্মী রয়েছেন। এই সদস্যরা বিশ্বজুড়ে বিভিন্ন কমব্যাট কমান্ডের (যুদ্ধ-পরিচালনাকারী কমান্ড) সঙ্গে কার্যক্রমের কৌশল, নীতিমালা ও যুদ্ধ-পরিকল্পনা সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তদন্তের বিষয়ে অবগত সূত্রগুলো নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, এই কঠোর পদক্ষেপের লক্ষ্য ছিল কেবল তথ্য ফাঁসকারীদের শনাক্ত করা নয়, বরং ভবিষ্যতে যারা তথ্য ফাঁস করতে পারে তাদের নিরুৎসাহিত করাও। আইন ও সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই তদন্তের ব্যাপ্তি অভূতপূর্ব; কারণ আধুনিক ইতিহাসে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ওপর কখনোই এমন ব্যাপক পরিসরে পলিগ্রাফ পরীক্ষা চালানো হয়নি।
ইরান সংশ্লিষ্ট সক্রিয় সামরিক অভিযানের ফলে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে সংকট এবং সংঘাতের সামগ্রিক গতিপথ নিয়ে অভ্যন্তরীণ বিতর্ক সৃষ্টি হয়েছে। এসব বিষয়ে ব্যাপক সংবাদ প্রকাশের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুমোদনহীন তথ্য ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন।
কঠোর পদক্ষেপের আহ্বানের পাশাপাশি, গোলাবারুদের ঘাটতি এবং ইরান-সংক্রান্ত সংঘাত পরিচালনায় প্রশাসনের ভূমিকা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সমালোচনামূলক প্রতিবেদনগুলোকে ট্রাম্প প্রকাশ্যে ‘দেশদ্রোহিতামূলক’ বলে অভিহিত করেছেন। এছাড়া ধারাবাহিকভাবে তথ্য ফাঁসের ঘটনা পেন্টাগনের ভেতরে গভীর অবিশ্বাসের পরিবেশ তৈরি করেছে। বর্তমান ও সাবেক কর্মকর্তারা এর জন্য প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ব্যবস্থাপনা শৈলীকে দায়ী করছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘনিষ্ঠ সহযোগীদের একটি ছোট বৃত্ত নিয়ে কাজ করা হেগসেথ তার দায়িত্বকালে অন্তত ৮০ জন জেনারেল, অ্যাডমিরাল ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন অথবা তাদের পদোন্নতি আটকে দিয়েছেন। হেগসেথের নেতৃত্ব নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের জেরে পেন্টাগন তথ্য ফাঁস সংক্রান্ত একাধিক তদন্ত শুরু করেছে। অথচ হেগসেথ নিজেই ‘সিগন্যাল’ অ্যাপের একটি গ্রুপ চ্যাটে স্পর্শকাতর ও গোপনীয় অভিযানের বিবরণ শেয়ার করার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন।
গত মাসে প্রতিরক্ষা বিভাগ যখন ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’ সরকারের অর্থায়নে পরিচালিত একটি স্বাধীন সামরিক সংবাদ প্রকাশনা এর প্রধান সম্পাদক ও প্রকাশককে বরখাস্ত করে, তখন অভ্যন্তরীণ উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে। কর্মীরা জানিয়েছেন, বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর ক্রমাবনতিশীল পরিস্থিতির বিস্তারিত বিবরণ প্রকাশ করার কারণেই মূলত এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল।
এত সব মতবিরোধ ও উত্তেজনা সত্ত্বেও ট্রাম্প হেগসেথের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন এবং প্রকাশ্যে তার কাজের ভূয়সী প্রশংসা করে একে ‘চমৎকার’ বলে অভিহিত করেছেন।
সূত্র: আলজাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ