প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের চার নেতা দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তাঁদের সঙ্গে থাকা প্রায় ৩০ নেতাকর্মী ও সমর্থকও দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভান্ডারিকান্দি ইউনিয়নের ফজলুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় আওয়ামী লীগের সঙ্গে ভবিষ্যতে আর কোনো সম্পর্ক না রাখার কথাও জানান তাঁরা।
পদত্যাগকারীরা হলেন—ভান্ডারিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মোস্তফা মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন সরদার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. করিম হাওলাদার এবং একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সরদার।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা বলেন, তাঁরা দীর্ঘদিন আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে দলের জন্য কাজ করেছেন এবং ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। তবে বর্তমানে দলের শীর্ষ পর্যায়ের অনেক নেতা বিদেশে অবস্থান করলেও মাঠপর্যায়ের নেতাকর্মীরা চরম অবহেলার মধ্যে রয়েছেন।
তাঁদের অভিযোগ, বিপদে-আপদে পড়লেও দলের কোনো নেতা তাঁদের খোঁজখবর নেন না। দীর্ঘদিন দলের জন্য কাজ করলেও বর্তমান পরিস্থিতিতে তাঁরা নিজেদের অনেকটাই অসহায় মনে করছেন।
পদত্যাগকারীরা বলেন, “আমরা স্বজ্ঞানে ও স্বেচ্ছায় আওয়ামী লীগের সব কার্যক্রম ও দলীয় পদ থেকে নিজেদের সরিয়ে নিয়েছি। আজ থেকে আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই।”
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী চার নেতা ছাড়াও তাঁদের সঙ্গে থাকা প্রায় ৩০ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন এবং তাঁরাও দলীয় পদ ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন