ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান-‘ডাইরেক্ট অ্যাকশন’


বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান-‘ডাইরেক্ট অ্যাকশন’

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নাম উল্লেখ করে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় উপজেলা বিএনপি একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গলাচিপা উপজেলার স্থানীয় আমখোলা বাজারে ‘১ নম্বর আমখোলা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠন’-এর ব্যানারে সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে ব্যবহৃত ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং গলাচিপা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শাহজাহান খানের ছবি স্থান পেয়েছে। ব্যানারে লেখা ছিল, ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল।’

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন, ‘এই লড়াইয়ে জিতবে কারা- শহীদ জিয়ার সৈনিকেরা।’ এরপর তারা স্লোগান দিতে থাকেন, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।’ পরে তারা ‘যুবদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ বলেও স্লোগান দেন।

দলীয় সূত্রে জানা যায়, মিছিল ও সমাবেশে আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান গাজী, সদস্যসচিব আল মামুন সরদার এবং গলাচিপা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান ইমরানসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলে অংশ নেওয়া গলাচিপা উপজেলা পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান ইমরান জানান, ‘গতকাল তিনি পটুয়াখালী জেলা শহর থেকে নিজ উপজেলায় ফিরছিলেন। আমখোলা চৌরাস্তায় পৌঁছালে স্থানীয় ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আল মামুন সরদার তাকে মিছিলে অংশ নেওয়ার জন্য আহ্বান করেন। পরে তিনি মিছিলে অংশ নেন। এরপর মিছিল চলাকালে কে বা কারা পেছন থেকে যুবলীগ-ছাত্রলীগের অ্যাকশন বলে স্লোগান দেয়।’

আমখোলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আল মামুন সরদারের মুঠোফোনে কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান গাজী দাবি করেছেন যে তিনি বিষয়টি জানেন না। তিনি বলেন, ‘আমরা তো দলীয় স্লোগান দিয়ে মিছিল করেছি। এর মধ্যে কে বা কারা যুবলীগ-ছাত্রলীগের নাম করে স্লোগান দিয়েছে বলে লোকমুখে শুনেছি।’

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ খান জানান, এ ঘটনায় মঙ্গলবার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ভবিষ্যৎ গড়তে তরুণদের দক্ষতা ও নেতৃত্বের আহ্বান এলজিআরডি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


দেশের ভবিষ্যৎ গড়তে তরুণদের দক্ষতা ও নেতৃত্বের আহ্বান এলজিআরডি মন্ত্রীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান তরুণদের দেশের গঠনে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, তরুণদের সামনে দেশের জন্য কাজ করার বিশাল সুযোগ রয়েছে। তাদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা কাজে লাগিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে মানুষের জন্য।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘গ্র্যাজুয়েশন সেরিমনি-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, ‘এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার।’ তবে এই যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয়; এটি একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার যুদ্ধ। তরুণদের সামনে দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব সবচেয়ে বড়।

মন্ত্রী বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ তরুণদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করছে। এই প্রশিক্ষণকে ব্যক্তিগত উন্নয়নের বিষয় হিসেবে না দেখে, বরং দেশ গড়ার বৃহত্তর দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে দেখতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাস তরুণদের আত্মত্যাগ ও অবদানে সমৃদ্ধ। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণেও তাদের এগিয়ে আসতে হবে।

গ্র্যাজুয়েটদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রশিক্ষণ শেষে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা কাজে লাগাতে হবে।

তিনি বলেন, ‘আপনাদের সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত হতে হবে। দেশের জন্য, মানুষের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য আপনাদের কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের আর্টিমিয়া ও গিফট তেলাপিয়া প্রযুক্তি যাবে কেনিয়া-ঘানায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


বাংলাদেশের আর্টিমিয়া ও গিফট তেলাপিয়া প্রযুক্তি যাবে কেনিয়া-ঘানায়

বাংলাদেশের উন্নয়ন ও বিস্তারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কেনিয়া ও ঘানায় আর্টিমিয়া চাষ এবং গিফট তেলাপিয়া প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার করা, যা টেকসই মৎস্য চাষে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সম্ভব হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক কর্মশালায় আর্টিমিয়া চাষ, সমন্বিত লবণ-আর্টিমিয়া-মৎস্য চাষব্যবস্থা এবং গিফট তেলাপিয়ার দায়িত্বশীল বিস্তার নিয়ে আলোচনা করা হয়। এই কর্মশালায় তিন দেশের নীতিনির্ধারক, গবেষক, উন্নয়ন অংশীদার, বেসরকারি খাতের প্রতিনিধি এবং মৎস্য বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় উল্লেখ করা হয়, বাংলাদেশের কক্সবাজারের লবণ মাঠে লবণ উৎপাদনের পাশাপাশি আর্টিমিয়া, চিংড়ি, তেলাপিয়া, কাঁকড়া ও সবজি চাষের সমন্বিত উৎপাদনব্যবস্থা নতুন সম্ভাবনা তৈরি করেছে। বাংলাদেশ আর্টিমিয়ার সিস্ট ও বায়োমাস উৎপাদন, হ্যাচারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টি-সংবেদনশীল মাছ চাষে অভিজ্ঞতা অর্জন করেছে। এসব প্রযুক্তি কেনিয়া ও ঘানায় প্রয়োগের সুযোগ রয়েছে।

আর্টিমিয়া হলো ক্ষুদ্র জলজ প্রাণী, যা মাছ ও চিংড়ির হ্যাচারিতে গুরুত্বপূর্ণ জীবন্ত খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এর সিস্ট ও বায়োমাস উৎপাদনের মাধ্যমে স্থানীয়ভাবে হ্যাচারি শিল্পের খাদ্য সরবরাহের পাশাপাশি লবণাক্ত এলাকায় সমন্বিত কৃষি ও মৎস্য উৎপাদনের সুযোগ তৈরি হয়েছে।

কর্মশালায় বাংলাদেশের তিন দশকের গিফট তেলাপিয়া উন্নয়ন ও বিস্তারের অভিজ্ঞতা তুলে ধরা হয়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ গোলাম হোসেনের প্রণীত মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এ.এইচ.এম. কহিনুর ও জিল্লুর রহমান। এতে গিফট তেলাপিয়ার দায়িত্বশীল বিস্তার, জেনেটিক মান সংরক্ষণ এবং বেসরকারি খাতের মাধ্যমে মানসম্মত পোনা উৎপাদন ও সরবরাহব্যবস্থা নিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরা হয়।

অংশগ্রহণকারীরা আলোচনা করেন, বাংলাদেশের গবেষণা, প্রজনন ও মাঠপর্যায়ের সম্প্রসারণের অভিজ্ঞতা কেনিয়া ও ঘানার মৎস্য খাতে কিভাবে কাজে লাগানো যায়। উন্নত জাতের তেলাপিয়ার জেনেটিক মান ধরে রাখা, মানসম্মত পোনা উৎপাদন এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. এ.টি.এম. ফারুক-উল ইসলাম বলেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা মৎস্য চাষে উদ্ভাবন, গবেষণা ও টেকসই সমাধান বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি তিন দেশের মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উৎপাদনশীল, জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক জলজ খাদ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

ওয়ার্ল্ডফিশের সিনিয়র সায়েন্টিস্ট ড. খন্দকার মুরশেদ-ই-জাহান বলেন, ‘গিফট একটি পরীক্ষিত ও সফল প্রযুক্তি। তবে এক দেশ থেকে অন্য দেশে এ প্রযুক্তি কার্যকরভাবে স্থানান্তর ও বিস্তারের জন্য সুস্পষ্ট কর্মপদ্ধতি নির্ধারণ করতে হবে।’

কর্মশালায় বিসিকের পরিচালক কাজী নজরুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের পরিচালক (ইনল্যান্ড ফিশারিজ) ড. মোতালেব হোসেন এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা, পরিকল্পনা ও অর্থ) ড. আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেইলর সুইফট ভিএমএর ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী শিল্পী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


টেইলর সুইফট ভিএমএর ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী শিল্পী

টেইলর সুইফট এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী শিল্পী হওয়ার নতুন রেকর্ড স্থাপন করেছেন। রবিবার অনুষ্ঠিত আয়োজনে ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানের জন্য ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করে তার ভিএমএ পুরস্কারের সংখ্যা ৩২তে পৌঁছেছে। এই অর্জনের মাধ্যমে তিনি বিয়ন্সেকে ছাড়িয়ে গেছেন।

সুইফট এবং বিয়ন্সের পুরস্কারের সংখ্যা আগে ৩০টি করে ছিল। নতুন এই সাফল্যের মাধ্যমে সুইফট এককভাবে রেকর্ডটি নিজের করে নিলেন।

পুরস্কার গ্রহণের সময় প্রয়াত সংগীতশিল্পী ডলি পার্টনকে স্মরণ করেন সুইফট। তিনি পার্টনকে ‘দ্য আলটিমেট শোগার্ল’ হিসেবে উল্লেখ করে বলেন, "পার্টনের লেখা প্রতিটি গান এবং গল্প বলার ধরন ছিল অত্যন্ত জীবন্ত ও সমৃদ্ধ।"

এবারের অনুষ্ঠানে প্রথমবারের মতো দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ পুরস্কারও অর্জন করেছেন সুইফট। এই পুরস্কারটি সংগীত ভিডিওর সম্ভাবনা বাড়ানো এবং দৃশ্যনির্ভর গল্প বলার শিল্পকে এগিয়ে নেওয়ার স্বীকৃতি হিসেবে চালু করা হয়েছে।

সুইফটের দীর্ঘদিনের বন্ধু অভিনেত্রী ডাকোটা জনসন তার হাতে পুরস্কারটি তুলে দেন। জনসন এ সময় সুইফটকে ‘আবেগের জগতের একজন নির্মাতা’ হিসেবে বর্ণনা করেন।

অনুষ্ঠানে সুইফট জানান, গত ২০ বছরে তিনি প্রায় ৬০টি সংগীত ভিডিও তৈরি করেছেন। এর মধ্যে ১৮টির চিত্রনাট্য লেখা ও পরিচালনার দায়িত্বও তিনি পালন করেছেন। ভক্তদের কথা ভেবেই সংগীত ভিডিও লেখা ও পরিচালনা করতে সবচেয়ে বেশি ভালো লাগে বলে জানান তিনি।

পুরস্কার গ্রহণের পর সুইফট তার নতুন গান ‘পেশেন্ট জিরো’র মিউজিক ভিডিওর উদ্বোধন করেন। ভিডিওটি পরিচালনাও করেছেন তিনি। এতে ডাকোটা জনসন ও অস্কার মনোনীত অভিনেতা কলিন ফারেল অভিনয় করেছেন। চিত্রগ্রহণ করেছেন অস্কারজয়ী সিনেমাটোগ্রাফার এমানুয়েল লুবেজকি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুইফট জানান, ‘পেশেন্ট জিরো’র ভিডিওতে গথিক ভূতের গল্প, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অপরাধকাহিনি এবং মনস্তাত্ত্বিক থ্রিলারের উপাদান একসঙ্গে তুলে ধরতে চেয়েছেন। ভিডিওতে ব্যবহৃত বাড়িটি ভেঙে যাওয়া ও শীতল হয়ে পড়া একটি সম্পর্কের রূপক বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ‘পেশেন্ট জিরো’ চলতি বছরে এক দিনে কোনো নারী শিল্পীর সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান হিসেবে নতুন রেকর্ড গড়েছে। একই সময়ে ‘দ্য লাইফ অব আ শোগার্ল : দ্য এনকোর’ অ্যালবামের বর্ধিত সংস্করণ প্রকাশের ফলে ২০২৬ সালে এক দিনে যেকোনো নারী শিল্পীর মধ্যে সর্বোচ্চ স্ট্রিমের রেকর্ডও গড়েছেন সুইফট।

বর্ধিত সংস্করণে ‘পেশেন্ট জিরো’ ছাড়াও রয়েছে ‘ক্লিভল্যান্ড!’, ‘পিংক ক্লাউডিং’ ও ‘ব্যাবিলন’ গান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনি লড়াইয়ে দৃঢ় ম্যানচেস্টার সিটি, রায়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


আইনি লড়াইয়ে দৃঢ় ম্যানচেস্টার সিটি, রায়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব

ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের শতাধিক আর্থিক অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। যদিও প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে, ক্লাবটির আত্মবিশ্বাসের দেয়াল এখনও ভাঙেনি। সিটির চেয়ারম্যান খালদুন আল-মুবারক এই আইনি লড়াইয়ের নাটকীয়তাকে আসল সত্য প্রকাশের পূর্ববর্তী আবহ হিসেবে দেখছেন। চূড়ান্ত শুনানিতে অকাট্য প্রমাণ উপস্থাপন করে ক্লাবটি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হবে, এমন দৃঢ় বিশ্বাস রয়েছে চেয়ারম্যানের।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সিটির আইনি অবস্থানকে বিশ্লেষকরা ‘রোপ-আ-ডোপ’ কৌশল হিসেবে দেখছেন, যা প্রতিপক্ষকে ক্লান্ত করার উদ্দেশ্যে। ক্লাবটি জনপ্রিয় কার্টুন ‘স্কুবি-ডু’-র রহস্য উন্মোচনের মতো করে এগোচ্ছে।

তাদের লক্ষ্য, শেষ মুহূর্তে সব অভিযোগের মুখোশ খুলে নিজেদের নির্দোষিতার চূড়ান্ত প্রমাণ হাজির করা। খ্যাতনামা আইনজীবী লর্ড প্যানিক কেসির ওপর ভরসা করে সিটি কর্তৃপক্ষ একটি অবিশ্বাস্য ও ঝুঁকিপূর্ণ আইনি চাল চালাচ্ছে।

এদিকে, ২০১২ সালে সিটিকে প্রিমিয়ার লিগ জেতানো সাবেক কোচ রবার্তো মানচিনির ‘দ্বৈত চুক্তি’ বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে মানচিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই চুক্তি সংক্রান্ত জটিলতা তার ব্যক্তিগত কোনো সমস্যা নয়।

এই আইনি টানাপোড়েনের মধ্যে ফুটবল বিশ্বে জাতি-রাষ্ট্রের মদদপুষ্ট ফুটবল প্রজেক্টগুলোর সবচেয়ে সোনালী এক দশকের অবসান হতে যাচ্ছে বলে অনেকে মনে করছেন। পেপ গার্দিওলার অধীনে আকাশি-নীল শিবিরের সোনালি সময় এখন নজিরবিহীন অনিশ্চয়তার মুখোমুখি।

ফুটবল ইতিহাসে সম্পূর্ণ নজিরবিহীন এই ঘটনার ভবিষ্যৎ নিয়ে বিশাল বিভ্রান্তি তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘটনাটি কয়েকটি ধাপে অগ্রসর হতে পারে। প্রাথমিক নিষেধাজ্ঞায় চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ সিটির চূড়ান্ত শাস্তি ঘোষণা করতে পারে। শাস্তি ঘোষণার পর ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হবে। উভয় পক্ষের এই আইনি লড়াই ব্যয়বহুল হবে এবং এটি শেষ হতে দীর্ঘ সময় লাগবে।

বর্তমানে সিটির শাস্তির মাত্রা কতটা বড় হবে, তা নিয়েই ফুটবল পাড়ায় আলোচনা চলছে। সমালোচকরা সিটির পতন দেখতে উদগ্রীব হলেও, তাদের উদযাপনে জল ঢেলে দিতে পারে সিটির আইনি দল।

শাস্তির তীব্রতা নিয়ে ফুটবল বিশেষজ্ঞদের মধ্যে নানা গুঞ্জন রয়েছে। সবচেয়ে নমনীয় শাস্তি হিসেবে সিটিকে বড় অঙ্কের জরিমানা, এক মৌসুমের জন্য পয়েন্ট কেটে নেওয়া এবং দলবদলে সাময়িক নিষেধাজ্ঞা (ট্রান্সফার ব্যান) দেওয়া হতে পারে।

তবে, এই ধরনের শাস্তি কেবল লোকদেখানো হবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যায়। বাস্তব ফলাফলের চূড়ান্ত হাতুড়িপেটা ছাড়া এই রায়ের কোনো কার্যকারিতা থাকবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%