০৪:৩৬ পি.এম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে লবণ পরিবহনের আড়ালে বিপুল পরিমাণ ইয়াবার চালান পাচার করা হচ্ছিল। তবে শেষরক্ষা হয়নি। কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পদুয়ারবাজার এলাকায় গণমাধ্যমকর্মীদের সামনে কাভার্ডভ্যানটি কেটে ইয়াবার চালান উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানাচ্ছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল। পরে কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকায় গাড়িটি আটকে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন, একটি কাভার্ডভ্যানে লবণ পরিবহনের আড়ালে ইয়াবার চালান ঢাকামুখী হয়ে যাচ্ছে এবং তারা স্কট হিসেবেই কাজ করছিলেন।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়। এরপর তল্লাশি করে গাড়ির উপরের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাভার্ডভ্যানের মালিক শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যান চালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন