০৮:৩৬ পি.এম
বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফির দিকে নজর রেখে অভিযান শুরু করেছে। হামজা, তপু, ফারহানদের ছাড়া ভুটানের বিরুদ্ধে ১-০ গোলের জয় নিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছে তারা। প্রথম ম্যাচের জয় বাংলাদেশের দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে দিয়েছে। আগামী সোমবার ইংল্যান্ড থেকে ঢাকায় আসছেন দলের অন্যতম তারকা হামজা চৌধুরী ও ফারহান। শেখ মোরসালিন মনে করেন, এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলের স্পিরিটকে আরও শক্তিশালী করবে।
গত সাফে খেলে তারকা হয়ে উঠেছেন এই ফুটবলার। এবার তিনি সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নেওয়ার জন্য মনেপ্রাণে চেষ্টা করছেন। মোরসালিন বলেন, ‘গত যে সাফ ছিল, ওইটা থেকে আমার ক্যারিয়ার শুরু। কিন্তু আমরা ট্রফি নিতে পারিনি। তাই আমি মনে-প্রাণে চাচ্ছি যে, যেভাবে হোক এবার আমি ট্রফি নিতে চাই। স্পেশালি এটা আমার ইচ্ছা ছিল। এখনো আছে। আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব, যদি সুযোগ পাই। আর অবশ্যই তো আমাদের এবার ট্রফি নিতেই হবে। আমাদের ঘরের মাঠে খেলা। সো ওইটাই আমাদের সবারই টার্গেট এখন।’
বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছে স্বাগতিকরা। গতকাল অনুশীলনের ফাঁকে মোরসালিন বলেন, ‘হামজা ভাই, ফারহান—ওরা আসলে আমাদের মানে টিমের যে স্পিরিট ছিল, আমরা আশা করছি স্পিরিট আরো বাড়বে ইনশাল্লাহ।’ ভুটানের বিরুদ্ধে দলে না থাকার কারণ জানতে চাইলে তরুণ ফরোয়ার্ড মোরসালিন জানান, ‘আসলে ইনজুরি নয়, আমার একটু জ্বর ছিল। আরো চার-পাঁচ দিন আগে আমি রিকভার করেছি। তাই এখন একদম শতভাগ ফিট আমি। আশা করছি, আমি সুযোগ পেলে ভালো করব।’
আরও পড়ুন: বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে ফেন্সিং ফেডারেশনের প্রতিনিধি সাক্ষাৎ
শ্রীলঙ্কা বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে। কেননা তাদের দলে বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছে। মোরসালিন বলেন, ‘এ নিয়ে আমি একমত যে, শ্রীলঙ্কা দলটি সত্যি খুবই ভালো। তো আমরা হালকাভাবে নিচ্ছি না। আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছে। যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, আমাদের আত্মবিশ্বাস এখন ভালো। সবাই ভালো একটা ফেজে আছে। আমরা আশা করছি আমরা জিতব এবং জেতার জন্যই আমরা পরবর্তী ম্যাচ খেলবো ইনশাল্লাহ।’
বর্তমান বাংলাদেশ দলটিও প্রবাসী খেলোয়াড়ে ভরপুর। আসন্ন ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের প্রবাসী ফুটবলারদের মধ্যে আলাদা একটা লড়াই দেখা যেতে পারে। তবে এভাবে বিষয়টি ভাবছেন না মোরসালিন। তিনি বলেন, ‘আমরা আমাদের প্লেয়ারের সঙ্গে ওদের আসলে তুলনা করতে চাই না। আমরা মনে করি, ওরা অবশ্যই ভালো। আর আমরা বিশ্বাস করি, আমাদের টিমও খুব ভালো। তাই আমরা খুবই আত্মবিশ্বাসী যে আমরা জিতব।’
বাংলাদেশ দলে স্ট্রাইকারের সংকট রয়েছে। দলে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা নিংড়ে দিতে চান মোরসালিন। তিনি বলেন, ‘আমি যখনই যেখানে যতটুকু সুযোগ পাই, সব সময় চেষ্টা করি শতভাগ দেওয়ার। যদি সুযোগ পাই আমি আমার জায়গা থেকে সেরাটাই দেওয়ার চেষ্টা করব।’ গত ম্যাচে বাংলাদেশ আরো বড় ব্যবধানে ভুটানকে হারাতে পারত। মোরসালিন মনে করেন, এক দিক থেকে ভালোই হয়েছে। তিনি বলেন, ‘ভালো হয়েছে যে অনেক সময় হয় যে অনেক বেশি গোল দিয়ে ফেললে বডি রিল্যাক্স হয়ে যায়। সো আমি মনে করি ওই দিক থেকে যে না আমাদের ওই মানে আমরা এখনো সবাই খুব হাঙ্গার হয়ে আছে।’
এদিকে ইনজুরির কারণে গত ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তবে ইনজুরি কাটিয়ে পরবর্তী ম্যাচে খেলার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অধিনায়ক। টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে তাকে।
আরও পড়ুন: মেসির সামনে দুই রেকর্ড, গোল্ডেন বুট জেতার সুযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন