ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

দিল্লিতে বায়ুদূষণে শীর্ষে, আতশবাজিতে পরিস্থিতি অবনতির শঙ্কা


দিল্লিতে বায়ুদূষণে শীর্ষে, আতশবাজিতে পরিস্থিতি অবনতির শঙ্কা

ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার-এর লাইভ র‍্যাঙ্কিং অনুযায়ী, শনিবার সকালে বিশ্বের বৃহত্তম শহরগুলোর মধ্যে সবচেয়ে দূষিত শহরের তালিকায় দিল্লি প্রথম স্থানে উঠে এসেছে।

শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে আইকিউএয়ারের তালিকায় দিল্লির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৫৮১। একই সময়ে প্রতিবেশী পাকিস্তানের লাহোরের সূচক ছিল ২৮৫। এর মানে হলো, দিল্লির দূষণের মাত্রা লাহোরের তুলনায় প্রায় দ্বিগুণ।

এদিকে, ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টায় দিল্লির বায়ুমান সূচক ছিল ৩৬৩, যা ‘খুব খারাপ’ শ্রেণিতে পড়ে।

আরও পড়ুন: নির্বাচনের আগে নেতানিয়াহু ও মোসাদ প্রধানের হামলার পরিকল্পনা ফাঁস, ট্রাম্প নস্যাৎ করেন

দীপাবলিতে আতশবাজি ও পটকা ফোটানোর কারণে বায়ুদূষণ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে, দিল্লি ও আশপাশের এলাকার স্কুলগুলোকে অনলাইন ক্লাস চালানোর নির্দেশ দিয়েছে ভারত সরকার। পাশাপাশি নাগরিকদের বাড়ি থেকে কাজ করার জন্য উৎসাহিত করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, শুক্রবার দীপাবলির আগের আট বছরের মধ্যে দিল্লির বায়ুমান সবচেয়ে খারাপ অবস্থায় ছিল।

উত্তর ভারতের বিভিন্ন এলাকায় শীতের শুরু থেকেই বায়ুদূষণ একটি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়ায়। এই সময় ঠান্ডা ও ভারী বাতাসের কারণে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা এবং ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া বাতাসে আটকে থাকে। ফলে দূষণের মাত্রা আরও বৃদ্ধি পায়।

এটি উল্লেখযোগ্য যে, আইকিউএয়ারের সূচক এবং ভারতের সরকারি বায়ুমান সূচকের পরিমাপ পদ্ধতি এক নয়। তাই এই দুটি সূচকের মান সরাসরি তুলনা করা সম্ভব নয়।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত

সূত: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দেশাত্মবোধক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল স্থানীয় সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি'র। তবে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুর লতিফ পান্না।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি, তাৎপর্য এবং জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুসংহত করার ক্ষেত্রে দিবসটির প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা করেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়। সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায়।

নিহতদের মধ্যে রয়েছেন ট্রাকচালক মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬), যিনি রংপুরের মাহিগঞ্জের নানছিয়া গ্রামের বাসিন্দা এবং হেলপার মো. সোহরাব (৩৫)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে রংপুর থেকে চট্টগ্রামের দিকে আসা একটি মালামালবোঝাই ট্রাক সীতাকুণ্ড উপজেলার মহাসড়কে পন্থিছিলা বড়ুয়াপাড়া অতিক্রম করছিল। এ সময়, সামনে থাকা একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করলে, পেছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এই সংঘর্ষে ট্রাকটির সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার কেবিনের ভেতরে আটকা পড়ে যান।

ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করেন। পরে, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল মতিন জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ডিসেম্বর মাসে ‘আপা’ আসার সুযোগ নেই, প্রস্তুত ফাঁসির মঞ্চ’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


‘ডিসেম্বর মাসে ‘আপা’ আসার সুযোগ নেই, প্রস্তুত ফাঁসির মঞ্চ’

শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সুযোগ নেই ডিসেম্বর মাসে এবং যদি তিনি আসেন, তবে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, বাংলাদেশের ছাত্র-জনতা এখনো ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, তারা যেন সেটার প্রমাণ দিতে পারেন। তিনি বলেন, "আপনারা শুধু নোয়াখালী বিভাগ চাই বলে আন্দোলন করবেন না। আপনারা পুরো দেশ নিয়ে ভাববেন, পুরো বিশ্ব নিয়ে ভাববেন—এর নামই বিশ্ববিদ্যালয়।"

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞান ও দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "বিশ্বে কোথায় কী চিন্তা হচ্ছে, কী ঘটছে—একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সেসব বিষয়ে জানতে হবে। গ্লোবাল মার্কেটের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। চাকরির বাজার শুধু দেশে নয়, পুরো বিশ্বে নিজেকে কোথায় প্রতিষ্ঠিত করা যায় তা নিয়ে ভাবতে হবে।"

৭ নভেম্বর প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, "৭ নভেম্বরকে আমরা ধারণ করি। ৭ নভেম্বর বিপ্লব, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়? বর্তমান সরকার যা তাদের পক্ষে যায়, সেটাকে বিপ্লব বলে; আর যা তাদের পক্ষে যায় না কিংবা যেখানে তাদের নেতৃত্ব ছিল না, সেটাকে বিপ্লব না বলে কেবল আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে আখ্যা দেয়।"

এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, "আমরা ৭ নভেম্বরকেও বিপ্লব মনে করি, আবার জুলাই বিপ্লবকেও বিপ্লব মনে করি, ঠিক কি না?"

এরপর নাহিদ ইসলাম আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফিরে আসার প্রসঙ্গ টেনে বলেন, "আগামী ডিসেম্বর মাসে নাকি কেউ দেশে আসতে চাচ্ছেন, আপনারা কি জানেন? আমরা কি প্রস্তুত আছি? জুলাই গণ-অভ্যুত্থানে যেভাবে প্রস্তুত ছিলাম, এবার কি আছি? এবার প্রতিরোধ আগের চেয়ে বেশি হবে, না কম হবে?"

এনসিপি আহ্বায়ক এ সময় আরও বলেন, "কোনো ডিসেম্বরেই আপার এই দেশে আসার সুযোগ নেই। এলেও তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে, ইনশাআল্লাহ।"

তিনি আরও বলেন, "আগেরবার আমরা অনেক উদারতা দেখিয়েছি, আমরা ক্ষমা করে দিয়েছিলাম। আমরা ওসমান হাদীর ভাষায় বলেছিলাম—শত্রুর প্রতিও আমরা ইনসাফ করব, ন্যায়বিচার করব। কিন্তু গত দুই বছরে আমরা কোনো বিচার পাইনি। ওসমান হাদী হত্যার বিচার পাইনি, জুলাইয়ের শহীদ ভাই-বোনদের হত্যার বিচার পাইনি। জনগণ যখন ন্যায়বিচার পায় না, তখন তারা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন। এ ছাড়াও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবু নাছের রায়হানের বদলির আদেশে কাঁঠালিয়ায় সাধারণ মানুষের ক্ষোভ, প্রত্যাহারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


আবু নাছের রায়হানের বদলির আদেশে কাঁঠালিয়ায় সাধারণ মানুষের ক্ষোভ, প্রত্যাহারের দাবি

লকাঠির কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু নাছের রায়হানের আকস্মিক বদলির আদেশে স্থানীয় সাধারণ জনগণের মাঝে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। মাদক নির্মূল, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাহসী ভূমিকা রাখা এই পুলিশ কর্মকর্তার বদলি আদেশ কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। অবিলম্বে এই বদলি আদেশ প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঁঠালিয়া থানায় যোগদানের পর থেকেই ওসি মোহাম্মদ আবু নাছের রায়হান জনবান্ধব পুলিশিংয়ের অনন্য নজির স্থাপন করেন। বিশেষ করে উপজেলার প্রধান সমস্যা ‘মাদক’ নির্মূলে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আপসহীন অভিযান পরিচালনা করেন। তাঁর কঠোর পদক্ষেপ ও সফল অভিযানের ফলে এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা কোণঠাসা হয়ে পড়ে।
মাদক ছাড়াও চোর-ডাকাত সিন্ডিকেট দমন এবং থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের আইনি সহায়তা নিশ্চিত করার মাধ্যমে তিনি অল্প দিনেই জনগণের আস্থা অর্জন করেন। তাঁর সততা ও কর্মতৎপরতার কারণে এলাকাবাসী পুলিশের ইতিবাচক সেবার সুফল পেতে শুরু করেছিল।
এমন একজন নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তার বদলির খবর ছড়িয়ে পড়ার পর পুরো উপজেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।
স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের জনগণের মতে, কাঁঠালিয়াকে সম্পূর্ণ অপরাধ ও মাদকমুক্ত রাখতে ওসি আবু নাছের রায়হানের মতো কর্মকর্তার এখানে থাকা অত্যন্ত জরুরি। জনস্বার্থ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই বদলি আদেশ প্রত্যাহার করে তাঁকে কাঁঠালিয়া থানাতেই বহাল রাখার জোর দাবি জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%