০৮:৫৬ পি.এম
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ব্যস্ততম আমুয়া জিরো পয়েন্ট এলাকায় একটি বিরোধপূর্ণ জমিতে রাতের আঁধারে জবরদখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে সামনের অংশে টিনের বেড়া দিয়ে অত্যন্ত গোপনে ও কৌশলে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাধা এড়াতে ওই টিনের বেড়ায় বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ ভুক্তভোগীর।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করায় স্থানীয় লোকজনের মধ্যে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।
ভুক্তভোগী জমির মালিক দাবিদার মিলন সরদার জানান, সম্প্রতি এই জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে প্রতিপক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা চালান।
আরও পড়ুন: ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা
তিনি বলেন, “আমার বৈধভাবে ক্রয়কৃত জমি সালমা বেগম সম্পূর্ণ অবৈধভাবে দখল করে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করছেন। আমি বাধা দিতে গেলে তিনি ও তাঁর লোকজন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।”
এদিকে নিজের পক্ষে সাফাই গেয়ে অভিযুক্ত সালমা বেগম বলেন, “আগে আমি এই জমি কিনেছি। এটি আমার ক্রয়কৃত সম্পত্তি, তাই আমার জমিতে আমি বিল্ডিং নির্মাণ করছি।”
এ বিষয়ে কাঁঠালিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উভয় পক্ষের কাছ থেকেই লিখিত ও মৌখিক অভিযোগ পাওয়া গেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকেই নির্মাণকাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু এটি একটি জমি সংক্রান্ত দেওয়ানি বিরোধ, তাই পুলিশি হস্তক্ষেপে এর স্থায়ী সমাধান না করে উভয় পক্ষকেই দ্রুত আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস পালিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন