ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

নারী মাঝিরা নৌকাবাইচে বাজনার তালে বৈঠা চালাচ্ছেন


নারী মাঝিরা নৌকাবাইচে বাজনার তালে বৈঠা চালাচ্ছেন

ঢাকঢোলের বাদ্য বাজছে। সেই সুরের তালে বৈঠা চালাচ্ছেন একদল নারী। সবার পরনে হলুদ শাড়ি। নৌকার এক প্রান্ত থেকে ভেসে আসছে অষ্টক গান, অন্য প্রান্তে নারী মাঝিদের উচ্ছ্বাস। বৈঠার ছন্দে কাজলা নদীর বুক চিরে এগিয়ে চলেছে নৌকাগুলো। এই ব্যতিক্রমী নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেছেন হাজারো মানুষ।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকায় কাজলা নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ভিড় ক্রমশ বাড়তে থাকে।

যশোর জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রতিবেশী জেলা থেকেও অনেকে আসেন নৌকাবাইচ দেখতে। দর্শনার্থীদের উপস্থিতিতে নদীর দুই পাড় হয়ে ওঠে উৎসবমুখর।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় বিরোধীয় জমিতে রাতের আঁধারে পাকা ভবন নির্মাণের অভিযোগ।

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নারীদের এই ব্যতিক্রম নৌকা বাইচ দেখতে যশোর থেকে এসেছেন সুমি ভৌমিক। তিনি বলেন, ‘ইতোপূর্বে অনেক নৌকা বাইচ দেখেছি। এক সময় সুলতান মেলায় চিত্রা নদীতে নৌকা বাইচ দেখতে যেতাম। বাড়ির কাছাকাছি নৌকা বাইচ হওয়ায় পরিবার সঙ্গে নিয়ে এসেছি। বেশ ভালোই লাগছে। নারীদের অংশগ্রহণে এমন নৌকা বাইচ আগে কখনও দেখিনি। প্রতিবছর এ কাজলা নদীতে বাইচ অনুষ্ঠিত হোক আয়োজকদের কাছে এটাই দাবি।’

নৌকাবাইচ ঘিরে নদীর পাড়ে বসেছে হরেক রকমের দোকান। ঢাকঢোলের শব্দ, গান আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।

বাঁশ ও বেতের চালুনি, ঝুড়ি ও থামা নিয়ে নদীর কূলে পসরা সাজিয়ে বসেছেন ষাটোর্ধ নারী রুমি রানি। তিনি বলেন, ‘থামা, কুলা ও ডালা বিক্রি করি। অনেকেই কিনে নিচ্ছেন।

শনিবার বিকেল চারটায় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার।

আরও পড়ুন: ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা

আয়োজক সূত্রে জানা যায়, বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে এবং অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের বাস্তবায়নে দুই দিনব্যাপী ‘জাতীয় নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প-২০২৬’-এর অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৬টি মতুয়া নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের (শুক্রবার) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম, নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।

অনুষ্ঠানের আয়োজক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম বলেন, নড়াইলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি লোকজ সংস্কৃতি সংরক্ষণ, নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বাড়ানো এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিকত করাও উৎসবের লক্ষ্য।

তিনি আরো বলেন, নারীদের অংশগ্রহণে এ ধরনের নৌকাবাইচ নড়াইলের লোকজ ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি স্থানীয় পর্যটন বিকাশ ও গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণে ভূমিকা রাখবে।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে পুলিশকে ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ মাদক কারবারির পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


ফটিকছড়িতে পুলিশকে ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ মাদক কারবারির পলায়ন

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের নজর এড়িয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মাদক কারবারি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া ব্যক্তির নাম ইয়াসিন, যিনি মোহাম্মদ ইউনুছের পুত্র বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ ফকিরহাট সংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করে জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

সেখানে অবস্থানকালে ইয়াসিন প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফ পরা অবস্থায় বাইরে বের হন। একপর্যায়ে পুলিশের নজর এড়িয়ে তিনি হ্যান্ডকাফসহ পালিয়ে যান। এই ঘটনায় ফাঁড়ির পুলিশ সদস্যদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তাকে পুনরায় আটক করতে অভিযান শুরু করে পুলিশ।

এ বিষয়ে জানতে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পরিমলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

তবে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মদসহ একজন আসামিকে আটক করা হয়েছিল। প্রস্রাব করার কথা বলে সে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনোভাবে তাকে আটক করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘাইহাট জোনের অভিযানে অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার, পালিয়ে গেলেন ইউপিডিএফের কথিত চিফ কালেক্টর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


বাঘাইহাট জোনের অভিযানে অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার, পালিয়ে গেলেন ইউপিডিএফের কথিত চিফ কালেক্টর

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রানাসাবা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন একটি দেশীয় পিস্তল, এ্যামোনিশন, মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ (মূল) দলের কথিত চিফ কালেক্টর রূপেশ চাকমা, যিনি ইয়াং বাবু নামেও পরিচিত, পালিয়ে যান বলে জানা গেছে।

শনিবার (৭ নভেম্বর) বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চলাকালে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে রানাসাবা পাড়া এলাকায় অভিযান চলাকালীন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রূপেশ চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ১টি দেশীয় পিস্তল, ৩টি এ্যামোনিশন, ১টি দেশীয় চাকু, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি ফোনের চার্জার, ১টি ফোনের কভার, ১টি কালো রঙের টাকা সংগ্রহের ব্যাগ, ১টি লাইটারের ব্যাটারি, ৪টি কম্বল, নগদ টাকা, চাঁদা আদায়ের ৭টি রশিদ বই, ১টি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল, পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র।

সূত্রে আরও জানা যায়, রূপেশ চাকমা ইউপিডিএফ (মূল) দলের চিফ কালেক্টর হিসেবে শুকনাছড়া ও রানাসাবা এলাকায় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। দুর্গম পার্বত্য অঞ্চলে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাঘাইহাট জোনের এ ধরনের নিরাপত্তামূলক অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির উদ্যোক্তা বাছাই শুরু হচ্ছে কাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির উদ্যোক্তা বাছাই শুরু হচ্ছে কাল

বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় মানিকগঞ্জ জেলার তরুণ উদ্যোক্তা বাছাই আগামীকাল শুরু হচ্ছে। এই বাছাই কার্যক্রম তিন দিনব্যাপী চলবে, যা রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। আবেদনকারী তরুণদের সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে অর্থায়নের জন্য উদ্যোক্তা নির্বাচন করা হবে।

এ কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও করপোরেট ব্যক্তিত্বরা মূল্যায়নকারী হিসেবে অংশগ্রহণ করবেন। এদের মধ্যে রয়েছেন—এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

এছাড়া মূল্যায়ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা এবং তাদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে অর্থায়ন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের স্বাবলম্বী করা এবং জাতীয় অর্থনীতিতে নতুন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

প্রথম পর্যায়ে আটটি জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ করা হয়। এসব জেলায় ব্যাপক সাড়া পাওয়ার পর গত ১ নভেম্বর থেকে দেশের বাকি ৫৬ জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এসব জেলার জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের আশা, এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ের সম্ভাবনাময় উদ্যোক্তারা সহজে অর্থায়নের সুযোগ পাবেন। এতে নতুন ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

জানা গেছে, এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতকে পাকিস্তানে পাঠানোর হুঁশিয়ারি দিলেন পাপিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


জামায়াতকে পাকিস্তানে পাঠানোর হুঁশিয়ারি দিলেন পাপিয়া

জামায়াতে ইসলামীকে কঠোর সতর্কবার্তা প্রদান করে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, "রেডি হয়ে যাও জামায়াতে ইসলাম। পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদেরকে পাকিস্তানে পাঠানো হবে।"

তিনি রাজনৈতিক সমাবেশে জামায়াতে ইসলামীকে তীব্র সমালোচনা করেন। পাপিয়া বলেন, "নির্বাচিত সরকারকে আজ পাশে বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমরাও বলি—রেডি হয়ে যাও জামায়াত ইসলাম, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদেরকে পাকিস্তানে পাঠানো হবে, বোর্ডিং পাস ঠিক করো।"

তিনি আরও উল্লেখ করেন, "একাত্তরের মুক্তিযুদ্ধে যে শক্তি দেশের বিরোধিতা করেছিল, তারা কখনো এ দেশের বীর বা নায়ক হতে পারে না। আর মুক্তিযোদ্ধাদের প্রজন্ম কখনোই দেশছাড়া হবে না।"

জামায়াতকে রাজনৈতিক ও আদর্শিকভাবে আক্রমণ করে তিনি বলেন, "খাসির মাংস খাব বলে যদি কুকুরের মাংস খান, এটা কি ঠিক হবে? জামায়াতে ইসলামীর ভেতরে ইসলামের কোনো নমুনা নেই।"

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নারীদের উদ্দেশে সতর্কবার্তা প্রদান করে তিনি বলেন, "সামনে স্থানীয় নির্বাচন। মা-বোনদের বলতে চাই, আর ভুল করিয়েন না। বিরিয়ানির প্যাকেট আর নতুন বোরকা নিয়ে কিংবা ২০০ টাকা পেয়ে ডা. শফিকুর রহমানের মিটিংয়ে আর যাইয়েন না। বিএনপি আপনাদের সংগঠন, বিএনপি আপনাদের কথা ভাবে।"

বিএনপিকে কোনো ধরনের হুমকি না দেওয়ার জন্য তিনি সতর্ক করেন এবং বলেন, "বিএনপি কোনো ক্ষণস্থায়ী দল নয়; একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং বিগত ১৫ বছরের সংগ্রামের মধ্য দিয়ে গ্রাম-গঞ্জে বটবৃক্ষের মতো দাঁড়িয়েছে এই দল।" তিনি হুঁশিয়ার করে বলেন, "বিএনপিকে হুমকি দিতে গেলে এমন থাপ্পড় খাবেন যে মিসরের দরজাও বন্ধ হবে, পাকিস্তানের দরজাও বন্ধ হবে।"

একই সঙ্গে ক্ষমতার রাজনীতি ও উন্নয়নের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, "রাষ্ট্রীয় ক্ষমতায় যে থাকবে উন্নয়ন মূলত তারই মাধ্যমে বাস্তবায়িত হয়।" বিএনপিকে একাধারে স্বৈরাচার বলা এবং গোপনে ডিও লেটার নিয়ে এমপি-মন্ত্রীর সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার দ্বিচারিতারও তীব্র সমালোচনা করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%