০৮:৫০ পি.এম
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রানাসাবা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন একটি দেশীয় পিস্তল, এ্যামোনিশন, মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ (মূল) দলের কথিত চিফ কালেক্টর রূপেশ চাকমা, যিনি ইয়াং বাবু নামেও পরিচিত, পালিয়ে যান বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চলাকালে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে রানাসাবা পাড়া এলাকায় অভিযান চলাকালীন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রূপেশ চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ১টি দেশীয় পিস্তল, ৩টি এ্যামোনিশন, ১টি দেশীয় চাকু, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি ফোনের চার্জার, ১টি ফোনের কভার, ১টি কালো রঙের টাকা সংগ্রহের ব্যাগ, ১টি লাইটারের ব্যাটারি, ৪টি কম্বল, নগদ টাকা, চাঁদা আদায়ের ৭টি রশিদ বই, ১টি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল, পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র।
সূত্রে আরও জানা যায়, রূপেশ চাকমা ইউপিডিএফ (মূল) দলের চিফ কালেক্টর হিসেবে শুকনাছড়া ও রানাসাবা এলাকায় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। দুর্গম পার্বত্য অঞ্চলে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাঘাইহাট জোনের এ ধরনের নিরাপত্তামূলক অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন: বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন