০৮:৪৯ পি.এম
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের নজর এড়িয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মাদক কারবারি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া ব্যক্তির নাম ইয়াসিন, যিনি মোহাম্মদ ইউনুছের পুত্র বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ ফকিরহাট সংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করে জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে ফাঁড়িতে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত
সেখানে অবস্থানকালে ইয়াসিন প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফ পরা অবস্থায় বাইরে বের হন। একপর্যায়ে পুলিশের নজর এড়িয়ে তিনি হ্যান্ডকাফসহ পালিয়ে যান। এই ঘটনায় ফাঁড়ির পুলিশ সদস্যদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তাকে পুনরায় আটক করতে অভিযান শুরু করে পুলিশ।
এ বিষয়ে জানতে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পরিমলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
তবে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মদসহ একজন আসামিকে আটক করা হয়েছিল। প্রস্রাব করার কথা বলে সে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনোভাবে তাকে আটক করা হবে।
আরও পড়ুন: অভাবের কারণে স্ত্রীকে ভাড়া দিলেন মিজান, আটক দম্পতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন