০৭:২৪ পি.এম
ঢাকা, ৭ নভেম্বর ২০২৬ : আগামী ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজের জন্য পাকিস্তান দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটার মুহাম্মদ তৈয়ব আরিফ এবং পেসার আলী শাব্বির ও সাকিব খান।
এই তিনজনের সঙ্গে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার আমির জামাল। তিনি গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে এক বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফিরে আসেন।
পাকিস্তান এর আগে ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল। ওই দলে জায়গা পেয়েছিলেন ইংল্যান্ড সফরের মাঝপথে দেশে পাঠানো সাত ক্রিকেটারের একজন সালমান আলী আগা। সাতজনের মধ্যে থাকা আলী উসমানকে প্রথমে শ্রীলঙ্কা সিরিজের দলে রাখা হলেও পরে তাঁকে বাদ দেওয়া হয়েছে। ইংল্যান্ড সফরের শেষ টেস্টে দলে জায়গা পাওয়া আবদুল্লাহ ফজলও প্রথমে ১৪ সদস্যের দলে ছিলেন, তবে শেষ পর্যন্ত তিনিও বাদ পড়েছেন।
আরও পড়ুন: চসিকের প্রতিটি ওয়ার্ডে ৮২টি খেলার মাঠ গড়ার উদ্যোগ : প্রশাসক
নতুন করে দলে যুক্ত হওয়া চার ক্রিকেটারের মধ্যে আমির সম্প্রতি প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর ফাইনালে ম্যাচসেরা হয়েছেন। ওই ম্যাচে তিনি ৩২ রানে ৭ উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে ৫৫ রান করেন। এর আগে কায়েদে আজম ট্রফি গোল্ডের উদ্বোধনী রাউন্ডে লাহোর হোয়াইটসের অধিনায়কত্ব করে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ৭৫ ও ২৩ রান করেন আমির।
অন্যদিকে, বিভাগীয় প্রথম শ্রেণির টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তৈয়ব। কিংসমেন একাডেমির হয়ে সাত ম্যাচে ৬৬.০৯ গড়ে ৭২৭ রান করেছেন তিনি। অভিষেক মৌসুমেই তিনটি সেঞ্চুরি করেছেন ১৯ বছর বয়সী এই ব্যাটার।
১৯ বছর বয়সী পেসার আলী আটটি প্রথম শ্রেণির ম্যাচে ২২ উইকেট নিয়েছেন।
২০২৫-২৬ মৌসুমের কায়েদে আজম ট্রফিতে করাচি ব্লুজের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাকিব। তিনি নয় ম্যাচে ২০.৬০ গড়ে ৪৭ উইকেট নেন এবং তাঁর সেরা বোলিং ছিল ৩৪ রানে ৭ উইকেট।
আরও পড়ুন: বাংলাদেশে প্রথমবার ব্লাইন্ড এশিয়া কাপ, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম
পরিবর্তিত পাকিস্তান দল :
বাবর আজম (অধিনায়ক), আমির জামাল, আলী শাব্বির, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), মোহাম্মদ সুলেমান, মোহাম্মদ তাহা, মুহাম্মদ তৈয়ব আরিফ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), সালমান আলী আগা, সামির মিনহাস, সাকিব খান ও সৌদ শাকিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন