০৭:২৭ পি.এম
জার্মানিতে জেন-জি (জেনারেশন জেড) বিক্ষোভের মধ্যে সহিংসতার ঘটনা ঘটলেও তরুণদের অধিকার ও দাবি নিয়ে রাজপথে নামার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন আইনমন্ত্রী স্টেফানি হুবিগ। তিনি উল্লেখ করেছেন, শিক্ষা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ করা তরুণদের গণতান্ত্রিক অধিকার রয়েছে।
জার্মান সংবাদমাধ্যম নয়য়ে ওসনাব্রুকার সাইটুংকে দেওয়া সাক্ষাৎকারে হুবিগ বলেন, “বিক্ষোভকারীদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশই শান্তিপূর্ণ ছিল। যেসব বিষয়ে তরুণদের উদ্বেগ রয়েছে, সেসব নিয়ে বিক্ষোভ করার অধিকার তাঁদের রয়েছে।”
ফ্রান্সের পরিস্থিতির সঙ্গে জার্মানির বিক্ষোভের তুলনা করতে রাজি হননি তিনি। ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভে ব্যাপক দাঙ্গা ও সহিংসতার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: মহারাষ্ট্রে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে শেখ পদবিধারীদের নামের সংখ্যা সর্বাধিক
তবে বিক্ষোভের সময় লুটপাট এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছেন হুবিগ। তিনি জানান, পুলিশ ও অন্যান্য জরুরি সেবাকর্মীদের ওপর হামলার ঘটনায় আরও কঠোর শাস্তির বিধান রেখে একটি আইন প্রণয়নের কাজ করছেন।
এদিকে, দুই সপ্তাহ পর জার্মানিতে নতুন করে বিক্ষোভের কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির ওপর সার্বিক নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছেন তিনি। তাঁর মতে, এমন নিষেধাজ্ঞা দেওয়া হলে তা হবে “সম্পূর্ণ ভুল বার্তা।”
হুবিগ বলেন, “আমরা সব সময়ই চাই তরুণেরা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিক। উন্নত শিক্ষা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে তরুণদের রাজপথে নামার অধিকার রয়েছে।”
হুবিগ জার্মানির মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) সদস্য। উল্লেখ্য, দলটি দেশটির রক্ষণশীল নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম অংশীদার।
আরও পড়ুন: ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই: নাহিদ ইসলাম
সূত্র: ডয়েচে ভেলে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন