০৬:২৪ পি.এম
ঢাকা, ৭ নভেম্বর ২০২৬ : ব্রাজিলের ক্লাব সান্তোস নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে নেইমারের বাবা এবং এজেন্ট নেইমার সিনিয়রকে। শুক্রবার ক্লাবটি এই তথ্য প্রকাশ করেছে।
নেইমার সিনিয়র তার ছেলের ক্যারিয়ার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি এনআর স্পোর্টসের প্রতিষ্ঠাতা, যা সান্তোসের ফরোয়ার্ড নেইমারের নাম ও ছবির স্বত্বের অধিকারী।
ব্রাজিলের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নেইমার সিনিয়রের চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত থাকবে। তবে, সান্তোসের সভাপতি মার্সেলো তেইশেইরা যদি আগামী মাসে পুনঃনির্বাচিত হন, তাহলে তিনি এই পদে বহাল থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশে প্রথমবার ব্লাইন্ড এশিয়া কাপ, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম
বর্তমানে ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে নবম স্থানে রয়েছে সান্তোস, যেখানে তারা ৩৪ ম্যাচে ৪৭ পয়েন্ট সংগ্রহ করেছে।
নতুন নিয়োগের ঘোষণা দিয়ে তেইশেইরা বলেন, ক্লাবের অবস্থার উন্নতি এবং ব্যবস্থাপনা কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।
এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘সান্তোসের পরিস্থিতির উন্নতি এবং ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে আমরা প্রতিদিন বিভিন্ন সমাধান ও বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘নতুন সিইও হিসেবে নেইমার সিনিয়রের যোগদান এই প্রক্রিয়ায় আরও একটি পদক্ষেপ। তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানের মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে পারব এবং সম্মিলিতভাবে আরও শক্তিশালী একটি ক্লাব গড়ে তুলতে পারব বলে আশাবাদী।’
আরও পড়ুন: রোহিত ও কোহলির নতুন বিশ্ব রেকর্ড নিউজিল্যান্ডের বিপক্ষে
বার্সেলোনা ও পিএসজির হয়ে খেলা নেইমার ২০২৫ সালে তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন।
তিনি ১৩০টি আন্তর্জাতিক ম্যাচে ৮০ গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে এখনো শীর্ষে রয়েছেন।
চলতি বছরের উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডেও ছিলেন এই ফরোয়ার্ড।
তবে জুলাইয়ের শেষ দিকে তিনি জানান, জাতীয় দলের হয়ে আর খেলতে চান না। এর কয়েক সপ্তাহ আগে নরওয়ের কাছে বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের হারের পর তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে ইঙ্গিত দিয়েছিলেন।
আরও পড়ুন: ডিসেম্বরে নেপালে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন