নীলফামারী:প্রতিনিধি রায়হান আলী
০৬:৪০ পি.এম
❝বাহান্ন সন ফুরফুরে মন আয়রে ছুটে আয়,
সম্ভাবনার জোছনা আনি আঁধার দুনিয়ায়।❞
—এই বর্ণিল শ্লোগান ও উদ্দীপনাময় আমেজের মধ্য দিয়ে নীলফামারীতে উদযাপিত হয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন 'ফুলকুঁড়ি আসর'-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে ফুলকুঁড়ি আসর নীলফামারী জেলা শাখার উদ্যোগে শিশু-কিশোর সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় কিশোর থিয়েটার পরিচালক আব্দুল্লাহ আল মুনতাসির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী কিশলয় পরিচালক মাহবুব নাজিম।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার উপদেষ্টা সদস্য মুর্শেদ আলম, প্রাক্তন পরিচালক মুস্তাফিজুর রহমান, হোসেন আলী, কাওসার আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফুলকুঁড়ি আসর নীলফামারী জেলা শাখার পরিচালক শাকিল আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় এবং সহকারী পরিচালক দেলোয়ার হোসাইনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তিন শতাধিক শিশু-কিশোর ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১০০ জন শিশু-কিশোরের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরবর্তীতে শিশু-কিশোরদের পরিবেশনায় এক আনন্দঘন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর 'একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা'—এই পাঁচটি মূলনীতিকে ধারণ করে প্রতিষ্ঠিত হয় ফুলকুঁড়ি আসর। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশব্যাপী শিশু-কিশোরদের মেধা, মননশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বাগবাড়ী মোড় থেকে চাপড়িহাট পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। প্রায় এক বছর আগে সড়কটিতে ইটের খোয়া ফেলা হলেও এরপর আর কোনো সংস্কারকাজ না হওয়ায় সড়কটি এখন এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটিতে ইটের খোয়া ফেলে কাজ বন্ধ রাখায় যানবাহন চলাচলের সময় এবং বাতাসে চারদিকে লাল ধুলাবালি ছড়িয়ে পড়ছে। এতে সড়কের দুই পাশের বাড়িঘরে ধুলাবালি প্রবেশ করে ঘরের আসবাবপত্র, খাবার ও কাপড়চোপড় পর্যন্ত লালচে হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত ধুলাবালির কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষ শ্বাসকষ্ট ও ধুলাবালিজনিত নানা স্বাস্থ্য সমস্যার ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহনের চালকদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের মতে, জনসাধারণের দুর্ভোগ লাঘবে সড়কটির অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি। দীর্ঘদিন ধরে এ অবস্থার অবসান না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
তাই বাগবাড়ী মোড় থেকে চাপড়িহাট পর্যন্ত সড়কটির নির্মাণ বা সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা এবং নিয়মিত চলাচলকারী পথচারীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আটক ৩৭ জনের মধ্যে দুজনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। এ ছাড়া পূর্বের একটি মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৩৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। থানাভিত্তিক তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানা এলাকায় সাতজন, কোম্পানীগঞ্জে পাঁচজন, কবিরহাটে চারজন, বেগমগঞ্জে পাঁচজন, সেনবাগে দুজন, সোনাইমুড়ীতে সাতজন, চরজব্বরে তিনজন এবং হাতিয়ায় চারজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও জানান, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা প্রতিরোধে অভিযানের পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
--
তালাশ বিডি/মিডিয়া লিঃ