০৬:৩৩ পি.এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বিশেষ অভিযানের মাধ্যমে তিনজনকে গ্রেপ্তার করেছে, তাদের কাছে একটি বিদেশি পিস্তল ও দুটি মোবাইল ফোন ছিল।
শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল সদর থানার আকুর ঠাকুরপাড়া এলাকার মৃত দ্বীন মোহাম্মদের ছেলে, বর্তমানে সিদ্ধিরগঞ্জের পাইনাদী বিল এলাকার বাসিন্দা জসিম উদ্দিন ওরফে শীষনাগ জসিম (৪৫), পটুয়াখালী সদর থানার মরিচবুনিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫), এবং ফতুল্লার উত্তর হাজীগঞ্জ পাঠানটুলি এলাকার মৃত মো. দুলাল হোসেনের ছেলে মো. শফিকুর রহমান ওরফে রনি (৩৫)। পলাতক অপর আসামির নাম বিল্লাল ড্রাইভার (৩৫)।
আরও পড়ুন: মধুপুরে বাগবাড়ী মোড়-চাপড়িহাট সড়কের বেহাল দশা, ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় সোহেলের মুদি দোকানের সামনে কাঠের পুলের পাশে তারা অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করলে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জসিম উদ্দিনের দেহ তল্লাশি করার পর তার প্যান্টের ডান পকেট থেকে একটি কালো রঙের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির ব্যারেলে লেখা রয়েছে ‘7.65 MADE IN U.S.A’। এছাড়া, তার কাছ থেকে একটি রেডমি স্মার্টফোন এবং লিটনের কাছ থেকে একটি হুয়াওয়ে স্মার্টফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও গ্যালারিতে অবৈধ অস্ত্রের ছবি এবং অস্ত্র কেনা-বেচাসংক্রান্ত বার্তা পাওয়া গেছে। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিনজন পেশাদার অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক ও অস্ত্র মামলা রয়েছে বলেও দাবি পুলিশের।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে জসিম মেহেরপুর সীমান্তের এক অস্ত্র চোরাকারবারির মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় কেনা-বেচা করে আসছিলেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মেহেরপুর থেকে অস্ত্র এনে বিক্রির উদ্দেশ্যে শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থানকালে তারা ডিবি পুলিশের হাতে ধরা পড়েন।
আরও পড়ুন: নীলফামারীতে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিশু-কিশোর সমাবেশ, মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুভ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান কালের কণ্ঠকে জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে।
তিনি আরও বলেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের সঙ্গে আর কারা জড়িত, তা বের করার চেষ্টা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন