০৬:৩৫ পি.এম
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফলাফলে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার সাত পুলিশ সদস্য। এই সাতজন সদস্য ২০২২ সালে কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত একই ব্যাচের সদস্য। তাঁদের এ সাফল্যে পরিবার-পরিজন ও এলাকাবাসী আনন্দিত।
সুপারিশপ্রাপ্ত সাতজন হলেন—জৈন্তাপুর উপজেলার ৬ নম্বর চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মখলিছ মিয়ার ছেলে সাজু আহমদ, ৫ নম্বর ফতেহপুর ইউনিয়নের হেমু দত্তপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ফেরদৌস আহমদ, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মিসবাউল হক, ১ নম্বর নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামের মৃত হাফিজ মাওলানা সামছুল আলমের ছেলে সাদিকুল ইসলাম, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রাজু আহমেদ, ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের বড়খলা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. রেজওয়ান আহমদ এবং একই ইউনিয়নের সরুফৌদ গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল বাছিত বায়জিদ।
জানা গেছে, ২০২২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগের মাধ্যমে তাঁদের কর্মজীবন শুরু হয়। দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকাশে তাঁরা সচেষ্ট ছিলেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে প্রতিযোগিতামূলক বাছাইপ্রক্রিয়ার বিভিন্ন ধাপ অতিক্রম করেন। পরবর্তী সময়ে প্রকাশিত চূড়ান্ত ফলাফলে সাতজনই প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন।
আরও পড়ুন: মধুপুরে বাগবাড়ী মোড়-চাপড়িহাট সড়কের বেহাল দশা, ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
গত ৩ নভেম্বর ২০২৬ প্রকাশিত ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফলাফলে তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়। এ অর্জনের মাধ্যমে কনস্টেবল পদ থেকে পুলিশের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের নতুন সুযোগ তৈরি হয়েছে তাঁদের সামনে। তবে চূড়ান্ত নিয়োগের আগে নির্ধারিত পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
একই উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাতজন পুলিশ সদস্যের এ সাফল্য স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে। তাঁদের এ অর্জন তরুণদের মধ্যে কর্মনিষ্ঠা, অধ্যবসায় ও পেশাগত উন্নয়নে আগ্রহ সৃষ্টিতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা। সুপারিশপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন