ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

অ্যামচেমের সেমিনারে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এআই ও ডিজিটাল অবকাঠামোর গুরুত্ব তুলে ধরা


অ্যামচেমের সেমিনারে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এআই ও ডিজিটাল অবকাঠামোর গুরুত্ব তুলে ধরা

বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ডিজিটাল অবকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা নিয়ে ঢাকায় একটি সেমিনার আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্রিস্টাল বলরুমে ‘ফ্রম ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার টু এআই ইকোনমি: বিল্ডিং বাংলাদেশ’স নেক্সট গ্রোথ ইঞ্জিন’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিরা।

অ্যামচেমের আইসিটি সাবকমিটির উদ্যোগে সেমিনারটি আয়োজন করা হয়। সেমিনারটি ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬-এর অংশ হিসেবে অ্যামচেম ও ঢাকায় মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। সেমিনারে বাংলাদেশের চলমান ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান গুরুত্ব এবং প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করা, উদ্ভাবন উৎসাহিত করা এবং প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুন: বৈশ্বিক সংকটে ৪ কোটি মানুষের চরম দারিদ্র্যের ঝুঁকি

প্যানেল আলোচনা পরিচালনা করেন বাংলাদেশ, নেপাল ও ভুটানে ওরাকলের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। আলোচনায় অংশ নেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, বাংলাদেশ, নেপাল ও ভুটানে ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, শপআপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহিম চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।

সেমিনারে বিদ্যমান ডিজিটাল অবকাঠামোকে কাজে লাগিয়ে বাংলাদেশ কীভাবে এআইভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যেতে পারে, তা নিয়ে আলোচনা হয়। বক্তারা ডিজিটাল সংযোগব্যবস্থার উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি এবং উদ্ভাবন ও বিনিয়োগের উপযোগী পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় আর্থিক সেবা, টেলিযোগাযোগ, ই-কমার্সসহ বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্ভাবনাও উঠে আসে। বক্তারা বলেন, এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে এবং ডিজিটাল রূপান্তরের সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

সেমিনারে বাংলাদেশের ডিজিটাল খাতকে আরও শক্তিশালী করা, প্রযুক্তি খাতে বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রযুক্তি ও উদ্ভাবনের ভূমিকা বাড়াতে সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

আরও পড়ুন: পোশাক শিল্পের অস্থিরতা বিনিয়োগে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী

গত ৫ থেকে ৭ নভেম্বর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬-এর অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়। অ্যামচেম ও ঢাকায় মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য, সেবা ও উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর সুযোগগুলো তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে প্রথমবার ব্লাইন্ড এশিয়া কাপ, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


বাংলাদেশে প্রথমবার ব্লাইন্ড এশিয়া কাপ, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। দেশের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্লাইন্ড (দৃষ্টিপ্রতিবন্ধীদের) এশিয়া কাপ ক্রিকেট।

এই টুর্নামেন্ট আগামী ১৫ থেকে ২০ নভেম্বর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক এই আয়োজনের মাধ্যমে আবারও দেশের ক্রীড়াঙ্গনের সক্ষমতা বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।

প্রতিযোগিতাটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) যুক্ত হয়েছে। গণমাধ্যম সহযোগী হিসেবে বাংলাদেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস থাকবে।

বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এই সংস্থা ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্ত। ছয় দিনব্যাপী এই আয়োজনের জন্য ইতোমধ্যে আয়োজকেরা প্রস্তুতি শুরু করেছেন।

ব্লাইন্ড এশিয়া কাপের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হতে পেরে এসবিজি গর্বিত। তাদের বিশ্বাস, দৃষ্টিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরি এবং তাদের প্রতিভা ও অর্জনকে বৃহত্তর পরিসরে তুলে ধরতে এ ধরনের আন্তর্জাতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের লক্ষ্য, শুধু আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দেওয়াই নয়, খেলাধুলাকে কাজে লাগিয়ে দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সমতার মূল্যবোধও ছড়িয়ে দেওয়া।

বাংলাদেশে প্রথমবারের মতো ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ আয়োজন নিঃসন্দেহে দেশের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এই প্রতিযোগিতা এশিয়ার দেশগুলোর মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ক্রীড়ার ঐক্য আরো সুদৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জৈন্তাপুরে ৭ পুলিশ সদস্য এএসআই পদে সুপারিশপ্রাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


জৈন্তাপুরে ৭ পুলিশ সদস্য এএসআই পদে সুপারিশপ্রাপ্ত

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফলাফলে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার সাত পুলিশ সদস্য। এই সাতজন সদস্য ২০২২ সালে কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত একই ব্যাচের সদস্য। তাঁদের এ সাফল্যে পরিবার-পরিজন ও এলাকাবাসী আনন্দিত।

সুপারিশপ্রাপ্ত সাতজন হলেন—জৈন্তাপুর উপজেলার ৬ নম্বর চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মখলিছ মিয়ার ছেলে সাজু আহমদ, ৫ নম্বর ফতেহপুর ইউনিয়নের হেমু দত্তপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ফেরদৌস আহমদ, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মিসবাউল হক, ১ নম্বর নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামের মৃত হাফিজ মাওলানা সামছুল আলমের ছেলে সাদিকুল ইসলাম, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রাজু আহমেদ, ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের বড়খলা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. রেজওয়ান আহমদ এবং একই ইউনিয়নের সরুফৌদ গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল বাছিত বায়জিদ।

জানা গেছে, ২০২২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগের মাধ্যমে তাঁদের কর্মজীবন শুরু হয়। দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকাশে তাঁরা সচেষ্ট ছিলেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে প্রতিযোগিতামূলক বাছাইপ্রক্রিয়ার বিভিন্ন ধাপ অতিক্রম করেন। পরবর্তী সময়ে প্রকাশিত চূড়ান্ত ফলাফলে সাতজনই প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন।

গত ৩ নভেম্বর ২০২৬ প্রকাশিত ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফলাফলে তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়। এ অর্জনের মাধ্যমে কনস্টেবল পদ থেকে পুলিশের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের নতুন সুযোগ তৈরি হয়েছে তাঁদের সামনে। তবে চূড়ান্ত নিয়োগের আগে নির্ধারিত পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

একই উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাতজন পুলিশ সদস্যের এ সাফল্য স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে। তাঁদের এ অর্জন তরুণদের মধ্যে কর্মনিষ্ঠা, অধ্যবসায় ও পেশাগত উন্নয়নে আগ্রহ সৃষ্টিতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা। সুপারিশপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশিগানে সিনেটর নির্বাচিত হয়ে ‘হাবিবি প্যাক’ চালু করলেন আব্দুল সাঈদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


মিশিগানে সিনেটর নির্বাচিত হয়ে ‘হাবিবি প্যাক’ চালু করলেন আব্দুল সাঈদ

মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করার মাত্র কয়েক দিনের মধ্যে নতুন রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করেছেন প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা আব্দুল সাঈদ। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তীব্র বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী প্রচারণাকে পেছনে ফেলে তিনি ঐতিহাসিক জয় অর্জন করেছেন।

‘হাবিবি প্যাক’ (Habibi PAC) আনুষ্ঠানিকভাবে চালু করেছেন তিনি। আরবি ভাষার ‘হাবিবি’ শব্দটির অর্থ “আমার প্রিয়” বা “আমার বন্ধু”। মার্কিন নির্বাচনী রাজনীতিতে আব্দুল সাঈদ এই শব্দটিকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছেন।

নিজের ঐতিহাসিক বিজয়ের ভাষণে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, "জেডি, হাবিবি, আগামী জানুয়ারি মাসে আমাকে শপথবাক্য পাঠ করাতে আপনি সংবিধানগতভাবে বাধ্য—এটাই এক সুস্বাদু বিদ্রূপ!" নির্বাচনী প্রচারণায় রিপাবলিকানদের আক্রমণ ও সমালোচনার জবাবে তিনি এই শব্দটি প্রতীকীভাবে ব্যবহার করে আসছেন।

বিশ্লেষকদের মতে, আব্দুল সাঈদের এই ‘হাবিবি প্যাক’ গঠন মার্কিন মূলধারার রাজনীতিতে প্রান্তিক বা অভিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করতে এবং নতুন রাজনৈতিক সমীকরণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে আব্দুল সাঈদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর হিসেবে বিজয়ী হন। আগামী বছরের ৩ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে সেনেটর হিসেবে শপথ গ্রহণ করবেন। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির পর বুয়েটের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


ঢাবির পর বুয়েটের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। চলতি নভেম্বর মাসের মধ্যে ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান।

তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, যারা এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন এবং ফলাফলের অপেক্ষায় রয়েছেন, তারা বুয়েটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এই কারণে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে কিছুটা দেরি হচ্ছে। তবে পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশগ্রহণকারীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না বলে মনে হচ্ছে, কারণ তাদের নম্বর স্বাভাবিকভাবেই কম থাকবে।

বুয়েটের পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তারিখ জানানো হয়েছিল।

জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পরীক্ষা নেওয়া হয়নি। ফলে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছিল। পূর্বে ভর্তি প্রক্রিয়ায় প্রাথমিক বাছাই পরীক্ষা নেওয়া হতো। তবে এবারও সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থী বাছাই করার সম্ভাবনা রয়েছে।

অধ্যাপক ড. মো. কামরুল হাসান জানিয়েছেন, শিগগিরই বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আবেদনের শুরুর তারিখসহ ভর্তি পরীক্ষার বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ফল প্রকাশের পর এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এসব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে গত ৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। সেখানে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে আলোচনা হয়। পরে মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার বুয়েটও পূর্বনির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%