০৪:৩৫ পি.এম
স্থানীয় ব্যবসায়ীরা সন্দ্বীপে একটি পূর্ণাঙ্গ শিল্পাঞ্চল বা ইকোনমিক জোন স্থাপনের দাবি করেছেন, যা চট্টগ্রাম বন্দরের নিকটবর্তী ভৌগোলিক সুবিধাকে কাজে লাগাবে। তাঁদের মতে, শিল্পাঞ্চল গড়ে উঠলে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে। পাশাপাশি, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ বৃহত্তর উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে।
শনিবার বেলা ১১টায় সন্দ্বীপের স্থানীয় ঘরকুটুম রেস্তোরাঁয় ‘সন্দ্বীপে শিল্পাঞ্চল স্থাপন’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভাটির আয়োজন করে সেকান্দার সাফিয়া ফাউন্ডেশন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়ুথ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার। তিনি বলেন, "শিল্পায়নের এই যুগে সন্দ্বীপ শিল্পাঞ্চলের জন্য একটি আদর্শ স্থান।" তিনি আরও উল্লেখ করেন, "চট্টগ্রাম বন্দর অতি নিকটে হওয়ায় এখান থেকে আমদানি-রপ্তানিতে সুবিধা হবে এবং পণ্য পরিবহন খরচও অনেক কমে আসবে।" তিনি আশা প্রকাশ করেন যে, বন্দরসুবিধায় আকৃষ্ট হয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এই দ্বীপে শিল্প স্থাপনে উদ্যোগী হবেন। এছাড়া, তিনি মনে করেন যে, এখানে পর্যটন শিল্পেরও দ্রুত বিকাশ ঘটবে।
আরও পড়ুন: আলা হযরতের দর্শন সমসাময়িক বিশ্ব পরিস্থিতিতে জরুরি: কনফারেন্সে বক্তাদের মতামত
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সমাজসেবা কর্মকর্তা কেফায়েত উল্লাহ এবং স্থানীয় বিএনপি নেতা গাজী মোহাম্মদ হানিফ। কেফায়েত উল্লাহ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যদি সরকার এখানে ইকোনমিক জোন তৈরির উদ্যোগ গ্রহণ করে, তবে উদ্যোক্তারা সন্দ্বীপে বিনিয়োগ করতে প্রবল আগ্রহী।" অন্যদিকে, গাজী মোহাম্মদ হানিফ মন্তব্য করেন, "সন্দ্বীপে ইকোনমিক জোন স্থাপিত হলে এখানকার অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।"
চারু মিল্লাতের সঞ্চালনায় মতবিনিময় সভার উন্মুক্ত পর্বে অংশ নেন সন্দ্বীপের শতাধিক ব্যবসায়ী। এ সময়, নিজেদের দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরে একাধিক উদ্যোক্তা বলেন, "শিল্পাঞ্চল গড়ার জন্য সবার আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস সরবরাহ ও নিরাপদ নৌ যোগাযোগের নিশ্চয়তা প্রয়োজন।" তাঁরা অবকাঠামোগত উন্নয়ন এবং সরকারের নীতিগত সহায়তা পেলে স্থানীয় ব্যবসায়ীরাই এখানে বড় বিনিয়োগ করতে প্রস্তুত বলে জানান।
সভায় উপস্থিত সবাই সন্দ্বীপের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুত একটি শিল্পাঞ্চল তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এমএইচ
আরও পড়ুন: প্রকাশ্যে জাতীয় সংগীত অবমাননা করলেন পরীমণি, শাস্তি কী হবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন