ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ক্যানারি দ্বীপপুঞ্জে এক রাতেই এক হাজারের বেশি অভিবাসী উদ্ধার


ক্যানারি দ্বীপপুঞ্জে এক রাতেই এক হাজারের বেশি অভিবাসী উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উদ্ধারকর্মীরা এক রাতের মধ্যে এক হাজারের বেশি অভিবাসীকে উপকূলে নিয়ে এসেছেন। এই ঘটনায় একজনের মৃত্যু ঘটেছে।

উদ্ধারকারী সংস্থা সালভামেন্তো মারিতিমোর তথ্য অনুযায়ী, স্পেনের সংবাদ সংস্থা ইএফই বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার (৬ নভেম্বর) সকালে এল হিয়েরো, গ্রান ক্যানারিয়া ও লানজারোতে অন্তত ১ হাজার ২১ জনকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন।

অভিবাসীদের অধিকাংশকে এল হিয়েরো দ্বীপে স্থানান্তরিত করা হয়েছে। এই দ্বীপে প্রায় ১১ হাজার ৫০০ জনের বসবাস রয়েছে। বিপুল সংখ্যক অভিবাসীর চাপ সামলাতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগ হিমশিম খাচ্ছে। এ অবস্থায় কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভও করেছেন।

আরও পড়ুন: মিশিগানে সিনেটর নির্বাচিত হয়ে ‘হাবিবি প্যাক’ চালু করলেন আব্দুল সাঈদ

এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিহো এই পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অসহনীয়’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন যে পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।

অভিবাসীর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ উদ্ধার হওয়া অভিবাসীদের প্রাথমিক হিসাবের মধ্যে কিছু নৌকার যাত্রীসংখ্যা নিশ্চিত না হওয়ায় সেগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া এল হিয়েরোর কাছে আরও দুটি নৌযানকে সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন উদ্ধারকর্মীরা।

নভেম্বরের প্রথম পাঁচ দিনে ৩ হাজার ২০০-এর বেশি অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। এর মধ্যে প্রায় ২ হাজার ৩০০ জন এল হিয়েরোতে এসেছেন। ইএফইর হিসাব অনুযায়ী, তাদের মধ্যে ৩০৭ জন অপ্রাপ্তবয়স্ক এবং ১১টি শিশু রয়েছে। অধিকাংশ অভিবাসী আফ্রিকার সেনেগালের নাগরিক।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবরে সমুদ্রপথে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন ৬ হাজার ১৯৪ জন অভিবাসী। গত বছরের একই মাসের তুলনায় এই সংখ্যা প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: বৈশ্বিক সংকটে ৪ কোটি মানুষের চরম দারিদ্র্যের ঝুঁকি

তবে সাম্প্রতিক এই অভিবাসীর ঢল সত্ত্বেও চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ১৩ হাজার ৩২৭ জন অভিবাসী দ্বীপপুঞ্জটিতে পৌঁছেছেন। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এই সংখ্যা কিছুটা কম। ২০২৪ সালে একই সময়ে ৩৪ হাজার ৮৭ জন এবং ২০২৩ সালে ৩০ হাজার ৪২৫ জন অভিবাসী এসেছিলেন।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতীয় বিমানবাহিনী সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করে ইতিহাস গড়ল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


ভারতীয় বিমানবাহিনী সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করে ইতিহাস গড়ল

ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) বিমান চলাচলের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। বাহিনীর একটি ভারী পরিবহন বিমান আইএল-৭৬এমডি পূর্ব লাদাখের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নিওমা বিমানঘাঁটিতে সফলভাবে অবতরণ করেছে।

বাহিনী দাবি করেছে, বিশ্বের অন্য কোথাও এত বেশি উচ্চতায় এই ধরনের বিমান অবতরণ করা হয়নি। বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ৬২৯ ফুট উচ্চতায় অবতরণ করে। এর মাধ্যমে বিশ্বের অন্যতম দুর্গম ও উঁচু এলাকায় সেনাসদস্য, ভারী সামরিক সরঞ্জাম এবং প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভারতের সক্ষমতার প্রমাণ পাওয়া গেছে।

এই অর্জন ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নিওমা বিমানঘাঁটিটি চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত। সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনার পর ভারত ও চীন উভয় দেশই এই অঞ্চলে সামরিক অবকাঠামো আরো শক্তিশালী করেছে।

ভারতীয় বিমানবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এই ঐতিহাসিক অবতরণের ছবি ও ভিডিও প্রকাশ করে জানিয়েছে, ‘১৩ হাজার ৬২৯ ফুট, বিমান চলাচলের ইতিহাসে এক নতুন উচ্চতা।’

এই সফল অবতরণ নিওমা বিমানঘাঁটিকে ভারতের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে পরিণত করার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে হিমালয় অঞ্চলে চীনের সঙ্গে ভারতের স্পর্শকাতর সীমান্তে সামরিক কার্যক্রম পরিচালনা আরো সহজ হবে।

‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, নিওমা কৌশলগতভাবে ডেমচক এলাকা এবং প্যাংগং সো হ্রদের দক্ষিণ তীরের কাছাকাছি অবস্থিত। এই দুটি এলাকাকে ভারত ও চীনের মধ্যকার সীমান্ত উত্তেজনার অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।

লেহ ও থোয়াইসে ভারতের বিদ্যমান বিমানঘাঁটিগুলো সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত। তবে নিওমা বিমানঘাঁটি সীমান্তের কাছাকাছি হওয়ায় ভারতীয় বিমানবাহিনী দ্রুত সেনা মোতায়েন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হবে।

প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই বিমানঘাঁটির রানওয়ে এমনভাবে নির্মিত হয়েছে, যাতে সেখানে যুদ্ধবিমান ও ভারী সামরিক পরিবহন বিমান ওঠানামা করতে পারে। এর ফলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর কোনো জরুরি পরিস্থিতিতে ভারত দ্রুত সামরিক সহায়তা পাঠানোর বাড়তি সুযোগ পাবে।

এ ছাড়া এই বিমানঘাঁটি থেকে সীমান্ত এলাকায় নজরদারি, আহত ও অসুস্থ ব্যক্তিদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া এবং দুর্গম পাহাড়ি এলাকায় মোতায়েন সেনাসদস্যদের কাছে দ্রুত প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়ার কাজও করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ নভেম্বর সরকারি ছুটি হবে? পাবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


৮ নভেম্বর সরকারি ছুটি হবে? পাবেন যারা

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুঞ্জনের মধ্যে, আগামী ৮ নভেম্বর রবিবার সরকারি ছুটি হবে কি না, তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। জানা গেছে, ৮ নভেম্বর কোনো সাধারণ বা নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি ছুটি নয়। দিনটি স্বাভাবিক কার্যদিবস হিসেবেই গণ্য হবে।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৮ নভেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শ্যামা পূজা’ উপলক্ষে ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে।

নিয়ম অনুযায়ী, সাধারণ সরকারি ছুটি না থাকলেও সংশ্লিষ্ট ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ঐ দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। তবে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির বিষয়টি কিছুটা ভিন্ন। ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির সূচি অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর রবিবার শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা আগামীকাল রবিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুভেন্দুর ঘোষণা: বাংলাদেশ-পাকিস্তান থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব ৩১ ডিসেম্বরে সম্পন্ন হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


শুভেন্দুর ঘোষণা: বাংলাদেশ-পাকিস্তান থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব ৩১ ডিসেম্বরে সম্পন্ন হবে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য একটি সময়সীমা ঘোষণা করেছেন। তিনি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র আওতায় সব যোগ্য আবেদন নিষ্পত্তি করে নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় বর্তমানে প্রায় আড়াই লক্ষ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) নদিয়ার আরংঘাটায় একটি কালীপুজোর মণ্ডপ উদ্বোধন করার সময় মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি জানান, নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া দ্রুত শেষ করতে প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি নির্দেশ দিয়েছেন যে, কোনও যোগ্য আবেদনকারী যেন বাদ না পড়ে। শুভেন্দু বলেন, বহু আবেদন দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এবার সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে নথি যাচাই ও শুনানির প্রক্রিয়া সম্পন্ন করে নাগরিকত্ব প্রদানের কাজ এগিয়ে নিতে চায়।

মুখ্যমন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মহকুমাশাসকদের তত্ত্বাবধানে আবেদনকারীদের নথি যাচাই এবং শুনানি সম্পন্ন হবে। প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এর আগে ১ নভেম্বর উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে দ্বিতীয় আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে একই সময়সীমার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি দাবি করেছিলেন, রাজ্যে ইতোমধ্যে প্রায় ২৫ হাজার মানুষ সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব লাভ করেছেন।

বাংলাদেশ থেকে আসা মতুয়া-সহ বিভিন্ন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের কাছে নাগরিকত্বের বিষয়টি দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি। বিশেষত নদিয়া ও উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় এই ইস্যুর সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। তাই ৩১ ডিসেম্বরের মধ্যে আড়াই লক্ষ আবেদনের নিষ্পত্তির ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে আবেদন জমা পড়লেই নাগরিকত্ব নিশ্চিত হবে না। সিএএ-র নির্ধারিত শর্ত পূরণ এবং নথি যাচাইয়ের পরেই যোগ্য আবেদনকারীরা নাগরিকত্বের শংসাপত্র পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্পত্তির বিরোধে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিলেন ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


সম্পত্তির বিরোধে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিলেন ছেলে

খুলনার পাইকগাছায় জমি লিখে নেওয়ার বিষয়কে কেন্দ্র করে এক পরিবারের মধ্যে বিরোধের জেরে অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। বৃদ্ধ বাবা ও বোনকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। একই সঙ্গে, পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে বৃদ্ধা মায়ের হাত-পা বেঁধে তাকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী আরেক মেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বড় ছেলে ও তার দুই ছেলের বিরুদ্ধে।

শনিবার (৭ নভেম্বর) সকালে পাইকগাছা থানায় উভয়পক্ষের উপস্থিতিতে অভিযোগের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

এই সময়, বৃদ্ধ বাবা কান্নায় ভেঙে পড়ে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। তবে অভিযুক্ত বড় ছেলে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি মাকে নিজের কাছে রাখার জন্য নিয়ে গেছেন এবং বাবার কাছ থেকে ছোট ভাই জমি পেয়েছেন, তাই তিনিও জমি চান।

পরিবার ও থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাটকেলপোতা গ্রামের বাসিন্দা ওমর আলী গাজীর (৮০) দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। ছোট ছেলে জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। বড় ছেলে আব্দুর রহমান গাজী পরিবার নিয়ে পাইকগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। বৃদ্ধ ওমর আলী গাজী ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬৫) ছোট ছেলের সংসারে থাকেন।

অভিযোগ অনুযায়ী, প্রায় আট মাস আগে ওমর আলী গাজী তার মালিকানাধীন এক বিঘা জমি ছোট ছেলের নামে রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এর মধ্যে মায়ের নামে থাকা আরও তিন বিঘা জমি লিখে নেওয়ার বিষয়টি নিয়ে বিরোধ নতুন করে জটিল আকার ধারণ করে।

অভিযোগে বলা হয়েছে, গত ২ নভেম্বর সকাল আনুমানিক আটটার দিকে আব্দুর রহমান গাজী তার দুই ছেলে রাকিবুল্লাহ গাজী ও রিয়াজুল্লাহ গাজী এবং স্ত্রীকে নিয়ে পাটকেলপোতা গ্রামের বাড়িতে যান। সেখানে গিয়ে তারা বৃদ্ধ বাবা ও বড় বোন ইরানী বেগমকে মারধর করেন। একপর্যায়ে তাদের দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এরপর বৃদ্ধা মা রাবেয়া বেগমের হাত-পা বেঁধে তাকে জোর করে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়।

অভিযোগকারীদের দাবি, রাবেয়া বেগমকে একটি ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে পাইকগাছা পৌর এলাকায় অভিযুক্ত ছেলের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে রয়েছেন।

এ ঘটনায় ঘটনার দিনই মেয়ে ইরানী বেগম বাদী হয়ে তার ভাই আব্দুর রহমান গাজী ও দুই ভাইপোর বিরুদ্ধে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ করেন।

শনিবার থানায় অভিযোগের বিষয়ে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানির সময় বৃদ্ধ ওমর আলী গাজী ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার বড় ছেলে তার ওপর অমানবিক অত্যাচার করেছে। মায়ের জমি লিখে নেওয়ার জন্য তার হাত-পা বেঁধে মাকে বাড়ি থেকে নিয়ে গেছে। মাকেও নিজের বাড়িতে আটকে রাখা হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত আব্দুর রহমান গাজী তার বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ অস্বীকার করে জানান, তার বাবা ছোট ছেলেকে এক বিঘা জমি লিখে দিয়েছেন। তিনিও জমি চান। এ ছাড়া মাকে নিজের কাছে রাখার জন্য তিনি নিয়ে এসেছেন।

স্থানীয় ইউপি সদস্য আবু বক্কার সিদ্দিক বলেন, আমি এলাকায় ছিলাম না। তবে অনেকেই ফোনে বিষয়টি আমাকে জানিয়েছেন। ঘটনাটি অত্যন্ত অমানবিক।

পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, উভয়পক্ষের বক্তব্য শুনেছি। কিন্তু বৃদ্ধা মাকে আনেনি। তার বক্তব্য জানতে পারিনি। উভয়পক্ষ বুধবার পর্যন্ত সময় নিয়ে গেছে। এর মধ্যে নিজেরা মীমাংসা করবে বলে জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%