ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সার সংকটে হুমকির মুখে আমন চাষ, ঝিনাইদহে ডিলারের দ্বারে দ্বারে ঘুরছেন কৃষকরা


সার সংকটে হুমকির মুখে আমন চাষ, ঝিনাইদহে ডিলারের দ্বারে দ্বারে ঘুরছেন কৃষকরা

ঝিনাইদহে সার সংকটের কারণে চরম বিপাকে পড়েছেন আমন চাষিরা। পর্যাপ্ত সার না পেয়ে কালিগঞ্জ উপজেলার ডিলারদের দ্বারে দ্বারে ঘুরছেন কৃষকরা। গোডাউনে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও ডিলাররা তা দিচ্ছেন না—এমন অভিযোগে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। সময়মতো সার না পেলে এ বছর আমন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

জেলার কালিগঞ্জ শহরের নিমতলা বাস স্ট্যান্ড এলাকার বিসিআইসি অনুমোদিত মেসার্স সাগর ট্রেডার্সের সামনে গিয়ে দেখা যায়, সার সংগ্রহের জন্য অর্ধশতাধিক কৃষক ভিড় করেছেন কিন্তু সার না পেয়ে তারা চরম হতাশা প্রকাশ করেন। কালিগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নেও একই চিত্র। সরকারি বাফার সার গোডাউন গিয়ে দেখা গেছে তালাবন্ধ। সার না পেয়ে হতাশ কষকরা। 

কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছে সার চাইতে গেলে তাদের আজ বা কাল আসার কথা বলে বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

হতাশ কৃষক রফিক মিয়া আক্ষেপ করে বলেন, আমরা ভিক্ষা চাইলেও ভিক্ষা পাই, কিন্তু সার পাচ্ছি না। আমাদের ১৫ বস্তা সারের প্রয়োজন, অথচ দেওয়া হচ্ছে মাত্র ২ বস্তা। এই সামান্য সার দিয়ে আমরা কী করব? আর এখনই সার না পেলে আমরা উৎপাদন করব কী করে? আমাদের তো সব শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

চাষি ইব্রাহিম অভিযোগ করেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে লাইনে দাঁড়িয়েও সার মিলছে না। বৃহস্পতিবার (২৭ জুলাই) আসতে বলেছে কিন্তু এসে পেলাম না। আজ আসতে বলেছে এসে দেখি দোকানের শাটার ঝুলছে তালা। ইউরিয়া ও ফসফেটসহ কোনো সারই চাহিদামতো পাওয়া যাচ্ছে না। সামান্য যেটুকু দেওয়া হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। কৃষকদের অভিযোগ, ডিলাররা ইচ্ছা করে সার সংকট তৈরি করে কৃষকদের চরম হয়রানি করছেন।

দুর্ভোগের এই সময়ে কোনো জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতা কৃষকদের পাশে দাঁড়াননি বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কৃষক মিলন হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন আমাদের বেঁচে থাকার লড়াই চলছে, আমরা শুধু সার চাচ্ছি। কিন্তু এই দুর্দিনে আমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই।

আরও পড়ুন: কুমিল্লার আদালতে মহিলা আ.লীগ নেত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, আটক

সার না পেয়ে শেষ পর্যন্ত অনেক কৃষক ডিলারের দোকানের সামনে অবস্থান নেন এবং দাবি আদায় না করে বাড়ি ফিরবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন কষকরা। 

সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা না গেলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে, যার নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক খাদ্য নিরাপত্তার ওপর। দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা। 

বিসিআইসি সার ডিলার দাউদ হোসেন বলেন, চাহিদা মোতাবেক আমরা ইউরিয়া সার পাচ্ছি না, যেটা দিচ্ছে চাহিদা পূরণ হচ্ছে না।

ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, সার সংকট এটা আমি বলতে পারবো না বিষয়টা, এরকম অভিযোগ আমার কাছে আসে নাই। যেমনটা পেয়েছি কৃত্রিম মজুদার বা অবৈধ মজুত সেগুলা তাৎক্ষনিক ব‌্যবস্হা নিয়ে এর আগে আমি দুই তিনটা মোবাইল কোর্ট করেছি।

আরও পড়ুন: কালীগঞ্জে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, ৫ জনের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম শ্রেণির ক্রিকেটে আব্বাসের ৯০০ উইকেটের মাইলফলক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


প্রথম শ্রেণির ক্রিকেটে আব্বাসের ৯০০ উইকেটের মাইলফলক

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস প্রথম শ্রেণির ক্রিকেটে ৯০০ উইকেটের মাইলফলক অর্জন করেছেন। এই মাইলফলকে পৌঁছানোর জন্য ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারের প্রয়োজন ছিল মাত্র দুটি উইকেট। আব্বাস প্রথমে এমিলিও গে-কে ৮ রানে আউট করেন এবং পরে বেন ডাকেটকে ১৭ রানে আউট করে এই কৃতিত্ব অর্জন করেন।

এছাড়া, ইংলিশ ব্যাটারদের জন্য ক্রমাগত মাথাব্যথার কারণ হয়ে ওঠা আব্বাস ম্যাচে মোট চারটি উইকেট শিকার করেন। তিনি ১৫ ওভার বল করে ৩টি মেডেনসহ ৫৬ রানে ৪ উইকেট নেওয়ার অসাধারণ পরিসংখ্যান নিয়ে নিজের স্পেল শেষ করেন।

এই মাইলফলক তিনি নিজের ২২২তম প্রথম শ্রেণীর ম্যাচে স্পর্শ করেন। বর্তমানে তার ক্যারিয়ারের পরিসংখ্যান হলো ২০.৪২ গড়ে ৯০২ উইকেট এবং ৫৭ বার ৫ উইকেট শিকার করেছেন। ৯০০ উইকেটের এই মাইলফলক আব্বাসকে একবিংশ শতাব্দীর সবচেয়ে সফল প্রথম শ্রেণির উইকেট শিকারিদের তালিকায় পঞ্চম স্থানে বসিয়েছে।

তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, যার উইকেট সংখ্যা ১,১৮১। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার (১,০৫৬ উইকেট) এবং তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পকুমারা (১,০১০ উইকেট)। আয়ারল্যান্ডের টিম মুরটাগ ৯৫৯ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন এবং ৯০২ উইকেট নিয়ে আব্বাস বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছেন।

দীর্ঘ সময় ধরে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ না পেলেও, মূলত কাউন্টি ও ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে যিনি নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন, তার জন্য এটি সত্যিই একটি অসাধারণ অর্জন। তার প্রজন্মের খুব কম পেস বোলারই এত বেশি সংখ্যক ম্যাচে ধারাবাহিকভাবে এমন পারফরম্যান্স ধরে রাখতে পেরেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিমবাহ ধসের পর বন্যা, ক্ষতিগ্রস্ত ৯০ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


হিমবাহ ধসের পর বন্যা, ক্ষতিগ্রস্ত ৯০ হাজারের বেশি মানুষ

হিমালয় অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ফলে প্রায় ৯০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে রেড ক্রস জানিয়েছে। ভূমিধসের পর তৈরি হওয়া হ্রদের পানি উপচে পড়ার কারণে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

রেড ক্রসের তথ্য অনুযায়ী, হিমালয় অঞ্চলের এই দুর্যোগে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। দুর্গম এলাকাগুলোতে এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করা সম্ভব হয়নি।

এর প্রতিবেদনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজের আন্তর্জাতিক ফেডারেশনের (আইএফআরসি) নেপাল প্রধান ডেভিড ফিশার উল্লেখ করেন, ভূমিধসের ফলে নদীর গতিপথ আটকে গিয়ে তৈরি হওয়া হ্রদের পানি বেড়ে যাওয়ার কারণে দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার জন্য সংস্থাটির ট্রাকগুলো ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ সড়কের কারণে আটকা পড়েছে।

 

বিভিন্ন এলাকায় সড়ক ও সেতু ধ্বংস হওয়ায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে।

জানাচ্ছে, নেপাল ও তিব্বত সীমান্তবর্তী এলাকায় এই ভয়াবহ দুর্যোগের পর নতুন করে সৃষ্টি হওয়া একাধিক বাধাগ্রস্ত হ্রদ ভেঙে পড়ার আশঙ্কায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতা চললেও দুর্গম অঞ্চল এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরের আলোচিত চার খুনের তদন্তের বিষয়ে এবার যা জানালেন নতুন কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


রংপুরের আলোচিত চার খুনের তদন্তের বিষয়ে এবার যা জানালেন নতুন কমিশনার

দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে সম্প্রতি রংপুরে ঘটে যাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলকে সপরিবারে হত্যার ঘটনাটি ঘিরে। চলছে নানা বিতর্কও। এ অবস্থায় ঘটনাটিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। 

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নগরীর মাছুয়াপাড়ায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডটির ঘটনাস্থল পরিদর্শনে যান রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) নতুন কমিশনার মাহবুবুর রশীদ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমি এখানে ঘটনাস্থল দেখতে এসেছি। এই ঘটনা এবং মামলাটি গুরুত্বপূর্ণ। তদন্তের ধারাবাহিকতা চলমান রয়েছে। তদন্তের ধারাবাহিকতায় অনেক প্রশ্নও আসবে, সে প্রশ্নগুলোর পেশাদারিত্বের সাথে জবাব খুঁজে বের করাই আমাদের দায়িত্ব। আমরা সেই কাজগুলো করছি।

মাহবুবুর রশীদ বলেন, চাঞ্চল্যকর এই ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই মামলা নিয়ে সারাদেশে নানান রকম কথাবার্তা হচ্ছে। প্রতিটি কথাবার্তার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে যথাযথ জবাবদিহির মাধ্যমে মামলাটিকে সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করাই আমাদের লক্ষ্য, যাতে সুবিচার নিশ্চিত হয়।

আসামি সিদ্ধার্থ দাসের পরিবারের অভিযোগ, শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসার ছাদ পানি দিয়ে ধুয়ে আলামত নষ্ট করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে আরপিএমপির নতুন এই কমিশনার বলেন, আমিও আপনাদের মত শুনেছি। আমি রংপুরে গতকাল যোগদান করেছি। আলামত আসলে ধুয়ে ফেলার কিছু নেই। এটা ক্রাইমসিন, সেটাকে সংগ্রহ করা আছে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তা নেওয়া হচ্ছে। নতুন কোনো ক্লু আসলে জানাবেন আমরা তদন্ত করব। এটা পুলিশের কাজ, তবে সবার কাছ থেকে আমাদের সহযোগিতা প্রয়োজন।

মাহবুবুর রশীদ বলেন, মাদক শুধু রংপুরের সমস্যা নয়, এটা দেশের সমস্যা। এই মুহূর্তে এটা সামাজিক সমস্যা। আমি আজ সকালে আমার কর্মকর্তাদের সঙ্গে বসেছি, কথা বলেছি এবং তাদেরকে সময় দিয়েছি। আশা করছি এক সপ্তাহের মধ্যে একটা পরিবর্তন দেখতে পারবেন।

প্রসঙ্গত, শনিবার (২২ আগস্ট) রাতে বোন প্রীতিলতা চক্রবর্তীকে ফোন করেছিলেন পূজা চক্রবর্তী। বোনের ফোন বন্ধ পেয়ে একে একে বোনের স্বামী, তাদের মেয়ে এবং ছেলেকে ফোন করেন। সবারই ফোন বন্ধ পাওয়া যায়। এরপর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়ায় (দাসপাড়া) বোনের বাসার সামনে গিয়ে গেটে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে বিষয়টি অবগত করে।

স্বজনদের মাধ্যমে খবর পেয়ে বাসায় গিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রোববার ভোরে একই এলাকা থেকে কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাসকে (১৯) আটক করা হয়। ওই দিন বিকেলে নিহত চারজনের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে নগরীর দখিগঞ্জ শ্মশানে তাদের শেষকৃত্য হয়।

রোববার বিকেলে নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওইদিন রাতে আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের দুইজনকে কারাগারে পাঠানো হয়।

বর্তমানে আলোচিত এ মামলাটির তদন্তভার কোতয়ালী থানা থেকে বদল করে গোয়েন্দা শাখায় (ডিবি) দেওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ওসি জিনাত আলী এ মামলার নতুন তদন্ত কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে নজরুল-আরাফাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


জবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে নজরুল-আরাফাত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে রাজু আরাফাত নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের সময় সাবেক শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে সাবেক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে তাসনোভা হোসেন, যুগ্ম সম্পাদক পদে জোবায়ের আহমেদ, সরকার সাখাওয়াত হোসেন ও আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে রকি আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে মাসুদ রানা, দপ্তর সম্পাদক পদে আবরার জাহিন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আমিরুল ইসলাম, আন্তর্জাতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে চপল রহমান নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মো. আরমান আলী, আশিকুর রহমান, কাওছার খান, আতিকুজ্জামান আশিক, সাইফুল ইসলাম, এম এম মুজাহিদ উদ্দিন, আবু ছালেহ আতিফ, সৈকত সাহা, ইব্রাহীম খলিল ও মোশফিকুর রহমান ইমন নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজু আরাফাত বলেন, "সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিভাগের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই পদ আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও ঐক্য আরো সুদৃঢ় করা এবং বিভাগের উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।"

 

"এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।" বলেন তিনি।

সভাপতি নজরুল ইসলাম বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে বিভাগের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরো কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। বিভাগের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।"

ফলাফল ঘোষণার পর উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%