০৩:৫৩ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে রাজু আরাফাত নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের সময় সাবেক শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে সাবেক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে তাসনোভা হোসেন, যুগ্ম সম্পাদক পদে জোবায়ের আহমেদ, সরকার সাখাওয়াত হোসেন ও আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে রকি আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে মাসুদ রানা, দপ্তর সম্পাদক পদে আবরার জাহিন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আমিরুল ইসলাম, আন্তর্জাতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে চপল রহমান নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা মানিকের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মো. আরমান আলী, আশিকুর রহমান, কাওছার খান, আতিকুজ্জামান আশিক, সাইফুল ইসলাম, এম এম মুজাহিদ উদ্দিন, আবু ছালেহ আতিফ, সৈকত সাহা, ইব্রাহীম খলিল ও মোশফিকুর রহমান ইমন নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজু আরাফাত বলেন, "সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিভাগের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই পদ আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও ঐক্য আরো সুদৃঢ় করা এবং বিভাগের উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।"
আরও পড়ুন: চুয়েটে ৩৬ দিন পর বুধবার থেকে ক্লাস শুরু, বিভাগের প্রধানরা নিশ্চিত নন
"এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।" বলেন তিনি।
সভাপতি নজরুল ইসলাম বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে বিভাগের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরো কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। বিভাগের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।"
ফলাফল ঘোষণার পর উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন