০৩:০৩ পি.এম
প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একাধিক মামলার আসামি ও বহুল আলোচিত ‘মেলা আসলাম’ ওরফে ‘বাটপার আসলাম’কে গ্রেফতার করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গত ২৩ আগস্ট দুপুরে নগরীর রাজ্জাক স্মৃতি কলোনি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি মডেল থানার এএসআই বদিউজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতারণার অভিযোগে আসলামের বিরুদ্ধে বরিশাল আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। সম্প্রতি দ্রুত বিচার আদালতের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ওই পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন স্থানে মেলা আয়োজনের কথা বলে সাধারণ মানুষ ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করতেন আসলাম। অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার পর মেলা আয়োজন না করে *রাতের আঁধারে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়াই ছিল তার কৌশল*—এমন অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের।
সম্প্রতি ভোলার তজুমদ্দিনে মেলা আয়োজনের কথা বলে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা ধার নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে মেলা আয়োজন না করেই *রাতের আঁধারে সেখান থেকে পালিয়ে যান* বলে অভিযোগ রয়েছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসলামকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিচারিক আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
তবে আসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন