০৩:০৯ পি.এম
জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্ট এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী মডেল কাসি বেনেট বাগদান সম্পন্ন করেছেন। বিশ্বের অন্যতম সফল এই স্প্রিন্টার তাঁর ৪০তম জন্মদিনের উদযাপনের সময় বেনেটকে বিয়ের প্রস্তাব দেন, যা ছিল একটি চমক। পরে বেনেট ইনস্টাগ্রাম স্টোরিতে সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করেন। খবরটি প্রকাশ করেছে ইএসপিএন।
বেনেট বিয়ের প্রস্তাব পাওয়ার পর নিজের বিস্মিত প্রতিক্রিয়ার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘এই ছবিটিই পুরো রাতের অনুভূতিটা প্রকাশ করছে।’ পোস্টে তিনি ভালোবাসায় আপ্লুত হওয়ার পাশাপাশি কান্না ও হাসির ইমোজিও ব্যবহার করেন।
বেনেটের পূর্ববর্তী ইনস্টাগ্রাম পোস্টগুলো থেকে জানা যায়, তিনি বোল্টের ৪০তম জন্মদিনের পার্টি আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সেই আয়োজনের মধ্যে তাঁর জন্য বিশেষ চমক অপেক্ষা করছে, সে বিষয়ে তিনি আগে থেকে কিছুই জানতেন না।
আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’
উসাইন বোল্ট এবং কাসি বেনেট এক দশকেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাঁদের তিনটি সন্তান রয়েছে। ২০২০ সালের মে মাসে তাঁদের প্রথম সন্তান, মেয়ে অলিম্পিয়া লাইটনিংয়ের জন্ম হয়। পরবর্তীতে ২০২১ সালের জুনে তাঁদের যমজ ছেলে থান্ডার ও সেন্ট লিও জন্মগ্রহণ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন