ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

রাশিয়ার হুমকি সত্ত্বেও ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার মিত্রদের


রাশিয়ার হুমকি সত্ত্বেও ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার মিত্রদের

রাশিয়ার ক্রমবর্ধমান হামলা ও হুমকি সত্ত্বেও ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির মিত্ররা। সোমবার কিয়েভে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমা দেশগুলোর নেতারা একত্রিত হন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউক্রেনকে সহায়তাকারী ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর ৩০ নেতার বৈঠকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়।

আরও পড়ুন: মতিঝিল বিভাগে পুলিশের অভিযানে ৮৪ জন গ্রেফতার

বৈঠকে ফ্রান্স ও জার্মানির নেতারা যৌথভাবে সভাপতিত্ব করেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম কিয়েভ থেকে এতে অংশ নেন। দায়িত্ব গ্রহণের পর এটি বার্নহ্যামের প্রথম বিদেশ সফর ছিল। অন্যান্য ইউরোপীয় নেতাদের মধ্যে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্তাও কিয়েভে উপস্থিত ছিলেন।

বার্নহ্যাম বলেন, "আমার দেশের বিরুদ্ধে রাশিয়ার এই নিন্দনীয় হুমকি সত্ত্বেও আমরা ইউক্রেনের প্রতিরক্ষায় আমাদের সমর্থন অব্যাহত রাখব।"

সম্প্রতি রাশিয়া কিয়েভে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় রাজধানীর আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।

রাশিয়ার হামলা বাড়তে থাকায় ২০২২ সালে যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসের পর ইউক্রেনে বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আরও পড়ুন: দিল্লিতে সংসদ ভবনের নর্থ ব্লকে আগুন লাগার ঘটনা

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, রাজধানীর উত্তরে চেরনিহিভে রুশ ড্রোন হামলায় ১৫ জন আহত হয়েছেন। পূর্বাঞ্চলের ইজিউমে গোলাবর্ষণে এক ব্যক্তি নিহত ও নয়জন আহত হওয়ার খবর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে বলেন, "এই মুহূর্তে আমাদের সবার জন্য পরিস্থিতি সত্যিই অত্যন্ত কঠিন। কিন্তু এমন একটি শক্তি রয়েছে, যা আমাদের দৃঢ়ভাবে হাত ধরে রেখেছে।"

তিনি আরও বলেন, "এটি আমাদের পারস্পরিক ঐক্যের শক্তি।"

পরে সন্ধ্যায় মিত্র নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জেলেনস্কি জানান, রাশিয়ার হামলার জবাব দিতে ইউক্রেন ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়িয়ে রাশিয়ার ওপর আরও হামলা চালাতে চায়। এ জন্য আমাদের আরও অর্থ প্রয়োজনÑঅনেক বেশি অর্থ।

আরও পড়ুন: ঝালকাঠিতে ৬ লাখ ৪৩ হাজার মিটার জাল জব্দ, ৪ জনের কারাদণ্ড

বার্নহ্যাম মিত্র দেশগুলোর নেতাদের বলেন, "পুতিনকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে রাশিয়া যুদ্ধক্ষেত্রে যে ভূখণ্ড দখল করতে পারেনি, ইউক্রেন কখনো তা ছেড়ে দেবে না।" তিনি বলেন, "আর আলোচনা শুরু করতে হবে বর্তমান সম্মুখসারির অবস্থান থেকে।"

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, ইউক্রেনকে সহায়তা থেকে ইউরোপীয় দেশগুলোকে বিরত রাখতে রাশিয়া তাদের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করবে।

তিনি বলেন, "এটা স্পষ্ট যে ন্যাটোভুক্ত দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হবে এবং উসকানি আরও বাড়বে।"

‘প্যান্ডোরার বাক্স’

আরও পড়ুন: সরকার চাইলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

ইউরোপীয় ইউনিয়ন সোমবার জানিয়েছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে আরও ৬ দশমিক ১ বিলিয়ন ইউরো (৭ দশমিক ১ বিলিয়ন ডলার) সামরিক সহায়তা ছাড় করা হয়েছে।

এই অর্থ ৯০ বিলিয়ন ইউরোর ঋণ প্যাকেজের অংশ। এর মধ্যে ৬০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে।

বৈঠকের আগে ইউক্রেন রাশিয়ার সরবরাহব্যবস্থার ওপর হামলা জোরদার করেছে। দেশটি রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনের একাধিক গুদামে হামলা চালিয়েছে।

ওজোন সোমবার সকালে জানায়, দক্ষিণ রাশিয়ার দুটি গুদামে আগুন লেগেছে। ড্রোন হামলার হুমকির কারণে আরও দুটি স্থাপনা খালি করা হয়েছে।

আরও পড়ুন: প্রযুক্তি খাতের আয় ও কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে ঘিরে এশিয়ার শেয়ারবাজারে দরপতন

এদিকে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার ধ্বংসাবশেষের আঘাতে তিন শিশু নিহত ও আটজন আহত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিনের সঙ্গীকে চমকে দিয়ে বাগদান সারলেন উসাইন বোল্ট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


দীর্ঘদিনের সঙ্গীকে চমকে দিয়ে বাগদান সারলেন উসাইন বোল্ট

জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্ট এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী মডেল কাসি বেনেট বাগদান সম্পন্ন করেছেন। বিশ্বের অন্যতম সফল এই স্প্রিন্টার তাঁর ৪০তম জন্মদিনের উদযাপনের সময় বেনেটকে বিয়ের প্রস্তাব দেন, যা ছিল একটি চমক। পরে বেনেট ইনস্টাগ্রাম স্টোরিতে সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করেন। খবরটি প্রকাশ করেছে ইএসপিএন।

বেনেট বিয়ের প্রস্তাব পাওয়ার পর নিজের বিস্মিত প্রতিক্রিয়ার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘এই ছবিটিই পুরো রাতের অনুভূতিটা প্রকাশ করছে।’ পোস্টে তিনি ভালোবাসায় আপ্লুত হওয়ার পাশাপাশি কান্না ও হাসির ইমোজিও ব্যবহার করেন।

বেনেটের পূর্ববর্তী ইনস্টাগ্রাম পোস্টগুলো থেকে জানা যায়, তিনি বোল্টের ৪০তম জন্মদিনের পার্টি আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সেই আয়োজনের মধ্যে তাঁর জন্য বিশেষ চমক অপেক্ষা করছে, সে বিষয়ে তিনি আগে থেকে কিছুই জানতেন না।

উসাইন বোল্ট এবং কাসি বেনেট এক দশকেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাঁদের তিনটি সন্তান রয়েছে। ২০২০ সালের মে মাসে তাঁদের প্রথম সন্তান, মেয়ে অলিম্পিয়া লাইটনিংয়ের জন্ম হয়। পরবর্তীতে ২০২১ সালের জুনে তাঁদের যমজ ছেলে থান্ডার ও সেন্ট লিও জন্মগ্রহণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত: তথ‍্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত: তথ‍্য উপদেষ্টা

চীন-নির্মিত জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার সংক্রান্ত আলোচনা চালিয়ে নিতে কমিটি গঠন এবং খসড়া চুক্তিপত্র তৈরির তথ্য জানিয়েছে সরকার। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এই যুদ্ধবিমানের সাম্প্রতিক কার্যকারিতা ও সক্ষমতার বিষয়টি স্পষ্ট। ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার সময়ে চীন নির্মিত জে-১০ যুদ্ধবিমান রাফালের বিরুদ্ধে লড়াইয়ে দুর্দান্ত পারফর্ম করেছে বলে তথ্য প্রমাণিত হয়েছে। ৪.৫ প্রজন্মের অত্যন্ত উন্নত যুদ্ধবিমান হিসেবে বিবেচিত রাফাল বা ইউরোফাইটারের মতো ইউরোপীয় বিকল্পগুলোর তুলনায় এসব চাইনিজ যুদ্ধবিমান অনেক বেশি সাশ্রয়ী ও কার্যকর। জনগণের সার্বিক প্রতিরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার এ বিষয়ে অগ্রগতির দিকে নজর রাখছে।

সংবাদ সম্মেলনে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থান ও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেন তিনি। ছাত্র-জনতার এই অর্জনকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করার প্রবণতাকে অহেতুক উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান জানান, এটিকে তারা ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে দেখেন না। ১৯৭১ সালের গৌরবময় ইতিহাসের সঙ্গে ২০২৪ সালের ঘটনাকে একই পাল্লায় মাপা চরম অনভিপ্রেত কাজ।

তবে ‘স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার’ প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরির জায়গা থেকে তিনি কথাটি স্পষ্ট করেন। তিনি বলেন, অতীতে বাংলাদেশ নিজেদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বাস্তবায়নে কৌশলগত সিদ্ধান্ত স্বাধীনভাবে নেওয়ার সুযোগ পেত না। আগে রাষ্ট্র হিসেবে নিজের প্রতিরক্ষার প্রয়োজনে জে-১০ যুদ্ধবিমানের মতো সামরিক সরঞ্জাম ক্রয়ের আলোচনা উন্মুক্তভাবে শুরু করার স্বাধীনতাও অবরুদ্ধ ছিল। সেই সার্বভৌম সিদ্ধান্ত নিতে পারার সক্ষমতা অর্জনকেই তিনি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গিনিতে ভ-য়া-বহ ময়লার ভাগাড় ধসের পর ক্ষোভ ও হতাশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


গিনিতে ভ-য়া-বহ ময়লার ভাগাড় ধসের পর ক্ষোভ ও হতাশা

সোমবার, প্রবল বৃষ্টির মধ্যে, গিনির একটি ময়লার ভাগাড়ে ধসে পড়া স্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের সন্ধান করতে উদ্ধারকর্মীরা বিশাল খননযন্ত্র ব্যবহার করেন। স্থানীয় বাসিন্দাদের মতে, তারা বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে কর্তৃপক্ষকে আগেই সতর্ক করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত, বিভিন্ন পরিবারের একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন।

রাজধানী কনাক্রির দার এস সালাম এলাকার ক্ষুব্ধ বাসিন্দা আবু হামজা জানান, স্থানীয়রা বিপদের বিষয়ে গিনির কর্তৃপক্ষকে সতর্ক করার চেষ্টা করেছিলেন। রোববার ভোরে ধসের ফলে ৩১ জন প্রাণ হারান।

বার্তা সংস্থা এএফপি কনাক্রি থেকে এ খবর প্রকাশ করেছে।

প্রবল বৃষ্টির পর রাজধানীর উপকণ্ঠে অবস্থিত ময়লার ভাগাড়টি ধসে পড়ে। এতে ২০ জনের বেশি আহত হন এবং বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যায়।

মৃত্যু, মানুষের চিৎকার এবং স্বজন হারানোর আর্তনাদে দার এস সালামের বাসিন্দাদের জীবনে হঠাৎ করে ভয়াবহ বিপর্যয় নেমে আসে।

আবদুল সুমাহ নামে এক তরুণ জানান, তার মা, দুই ভাই ও এক বোন মারা গেছেন।

আরেক তরুণ বাসিন্দা আলহাসানে কামারা জানান, গভীর রাতে তার বাড়ির ওপর ধস নামার সময় তার ছোট ভাই ঘটনাস্থলেই মারা যান। তিনি বলেন, ‘আমি দুই ভাইয়ের সঙ্গে ঘুমাচ্ছিলাম। পেছনে অদ্ভুত শব্দ শুনতে পাই। এরপর জিনিসপত্র ধসে পড়তে দেখি।’

তিনি আরও বলেন, তাঁর দুই ছোট ভাইয়ের একজন ঘরের ভেতরেই মারা যায়। অন্যজনকে তারা উদ্ধার করতে সক্ষম হন। তার মা, দাদি ও বোনেরাও বেঁচে যান। কামারা বলেন, ‘ঈশ্বরই আমাদের রক্ষা করেছেন।’

সোমবার, ধসের স্থানটি নিরাপত্তারক্ষীরা ঘিরে রাখেন। টানা বৃষ্টিতে এলাকাটি আরও কর্দমাক্ত হয়ে পড়ে।

রোববার, কয়েক ডজন মানুষ, যাদের মধ্যে শিশুও ছিল, বেঁচে থাকা ব্যক্তিদের ও মৃতদের খুঁজতে খননযন্ত্রের পাশে ময়লার স্তূপের ওপর মরিয়া হয়ে জড়ো হয়েছিলেন। উদ্ধারকারী দলগুলো স্ট্রেচারে করে আহত ও উদ্ধার করা ব্যক্তিদের নিয়ে আসা-যাওয়া করছিল। তাদের সঙ্গে ছিলেন উদ্বিগ্ন স্বজনেরা।

শোকার্ত কয়েক ডজন নারীকে কাঁদতে এবং একে অপরকে সান্ত্বনা দিতে দেখা যায়।

হামজা যুব সম্প্রদায়ের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঘটনাস্থলে এএফপিকে বলেন, ‘আমরা তরুণরা এটি ঠেকাতে সবকিছু করেছি। আমরা সভা করেছি এবং কর্মকর্তাদের ডেকেছি। কিন্তু তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়নি।’

তিনি আরও বলেন, ‘ময়লার ভাগাড়টি বন্ধ করতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়নি। অথচ এক বছর আগে তারা আমাদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।’

বাসিন্দা আবুবাকার কামারা রোববার ক্লান্ত হয়ে পড়েছিলেন। তবে তিনি জানান, পরিবারের সদস্যদের রক্ষা করতে পেরেছেন। তিনি বলেন, ‘রাত দুইটা বা তিনটার দিকে আমরা ধসের শব্দ শুনতে পাই। বাইরে চিৎকার শুনি। সবাই চিৎকার করছিল।’

তিনি জানান, স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময়ই দ্বিতীয় দফা ধস নামে। এতে প্রথম ধসে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে ছুটে যাওয়া এলাকার কয়েকজন তরুণও চাপা পড়েন।

তিনি বলেন, ‘যারা সাহায্য করতে সেখানে গিয়েছিল, তারা সবাই ধসের নিচে চাপা পড়ে।’

বাসিন্দা প্লেয়ার মাসিরে জানান, প্রথম ধসের পর তাঁর স্বামী মানুষকে উদ্ধারে গিয়েছিলেন। পরে দ্বিতীয় ধসে তিনি প্রাণ হারান।

সিরে কালো এএফপিকে বলেন, তার পাঁচ সন্তান ও স্বামী প্রাণ হারিয়েছেন।

দার এস সালাম যে গবেসিয়া কমিউনের অন্তর্ভুক্ত, তার মেয়র সোমবার জানান, তাঁর এক মেয়ে ও ছোট ছেলে পাশের একটি হাসপাতালে জীবিত আছে।

জাতীয় মানবিক জরুরি অবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (এএনজিইউসিএইচ) মহাপরিচালক লানসেই তোরে সোমবার জানান, ভূমিধসে ক্ষতিগ্রস্ত প্রায় ৩৫৮ জন শহরের ডিক্সিন সেন্টার এলাকার একটি স্কুলে আশ্রয় নিয়েছেন।

তিনি বলেন, প্রায় ৭২টি পরিবার এখনো সরাসরি ঝুঁকির মধ্যে রয়েছে। বিপজ্জনক এলাকায় বসবাসকারীদের সরে যেতে বলা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের জন্য বাসস্থান, খাবার, পোশাক ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। একটি ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি মানসিক ও সামাজিক সহায়তা দেওয়ার জন্য একটি দলও মোতায়েন করা হবে।

প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘আহতদের চিকিৎসা নিশ্চিত করতে’ এবং ‘এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে’ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভূমিধসের ঝুঁকির কারণে সাম্প্রতিক দিনগুলোতে সরকার ময়লার ভাগাড়ের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া এবং এলাকা নিরাপদ করার কার্যক্রমের কথা জানায়।

এ অঞ্চলে বর্ষাকাল বিশেষভাবে দীর্ঘ ও তীব্র।

গিনির বিরোধী দলের অন্যতম প্রধান নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী সেলু দালেইন দিয়ালো বর্তমানে নির্বাসনে রয়েছেন। তিনি বলেন, এটি ‘এমন একটি মর্মান্তিক ঘটনা, যা আমাদের হতবাক ও গভীরভাবে বিচলিত করেছে।’

নির্বাসিত সাবেক গিনি প্রেসিডেন্ট আলফা কন্দে ফেসবুকে এক পোস্টে বলেন, ‘আমাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মর্যাদা ও নিরাপত্তা’ রক্ষা করতে হবে।

তিনি বলেন, ‘আজ গিনি শোকে মুহ্যমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কার ইমামের ভুল ধরেছিলেন যে বাংলাদেশি আলেম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


মক্কার ইমামের ভুল ধরেছিলেন যে বাংলাদেশি আলেম

সিলেটের আল্লামা মুশাহিদ বায়ামপুরী (রহ.) ছিলেন উপমহাদেশের খ্যাতিমান আলেম ও হাদিসবিশারদ। গভীর জ্ঞান, অসাধারণ স্মৃতিশক্তি ও দ্বীনি শিক্ষায় তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল ভারতীয় উপমহাদেশের বাইরেও। ১৯৪৭ সালে হজ পালন করতে গিয়ে মক্কার ইমামের খুতবায় ভুল ধরার ঘটনা তার জীবনের অন্যতম আলোচিত অধ্যায়।

১৯০৭ সালে সিলেটের কানাইঘাট উপজেলার বায়ামপুর গ্রামে জন্মগ্রহণ করেন আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরী (রহ.)। ছোটবেলাতেই বাবাকে হারান তিনি। মায়ের কাছেই তার শিক্ষাজীবনের শুরু। মাত্র সাত বছর বয়সে কোরআন শিক্ষা লাভ করেন। পরবর্তী সময়ে কানাইঘাট ইসলামিয়া মাদরাসায় পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য ভারত যান।

রামপুর আলিয়া মাদরাসা ও মিরাঠ আলিয়া মাদরাসায় প্রায় সাত বছর পড়াশোনা করেন তিনি। হাদিস, তাফসির, ফিকহ, আকাইদ ও দর্শনসহ বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। এরপর ১৯৩৬ সালে ভর্তি হন বিশ্বখ্যাত দারুল উলুম দেওবন্দে। সেখানে হাদিসশাস্ত্রে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন এবং মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেন বলে জীবনীতে উল্লেখ করা হয়েছে।

১৯৪৭ সালে হজে আলোচনায় আসেন

তিনবার হজ পালন করেছিলেন আল্লামা বায়ামপুরী (রহ.)। ১৯৪৭ সালের হজে তার জ্ঞান ও পাণ্ডিত্যের পরিচয় পেয়ে আরবের আলেমরা বিস্মিত হয়েছিলেন বলে তার জীবনীতে উল্লেখ রয়েছে। সে সময় মক্কার ইমামের খুতবায় একটি ভুল তার নজরে আসে এবং তিনি তা সংশোধনের বিষয়টি তুলে ধরেন।

তার হাদিসশাস্ত্রের জ্ঞান ও গভীর পাণ্ডিত্যে তৎকালীন সৌদি আলেমরা মুগ্ধ হন বলেও বিভিন্ন জীবনীগ্রন্থে দাবি করা হয়েছে। এমনকি সৌদি আরবের তৎকালীন বাদশাহ তাঁর সামনে রাষ্ট্রীয় সংবিধান পেশ করে কোথাও ভুল বা সংশোধনের প্রয়োজন আছে কি না দেখতে বলেছিলেন—এমন কথাও তাঁর জীবনীতে পাওয়া যায়। পরে তিনি বেশ কয়েকটি বিষয় সংশোধনের পরামর্শ দেন বলে উল্লেখ করা হয়েছে।

দেশে ফিরে হাদিস শিক্ষায় আত্মনিয়োগ

দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা শেষ করে আল্লামা বায়ামপুরী (রহ.) ভারতে শিক্ষকতা শুরু করেন। পরে সিলেটবাসীর অনুরোধে দেশে ফিরে সিলেট সরকারি আলিয়া মাদরাসায় শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন। গাছবাড়ী জামিউল উলুম কামিলা মাদরাসাতেও তিনি হাদিসের পাঠদান করেন।

১৯৫৩ সালে নিজ জন্মস্থান কানাইঘাটে ফিরে এসে কানাইঘাট ইসলামিয়া মাদরাসায় যোগ দেন। পরে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘দারুল উলুম কানাইঘাট’ রাখা হয়। ১৯৫৪ সালে সেখানে দাওরায়ে হাদিস চালু করেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিষ্ঠানটির পরিচালক ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন।

তার পাঠদানের খ্যাতি ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা কানাইঘাটে ছুটে আসতেন। তার গড়ে তোলা এই প্রতিষ্ঠান পরবর্তীতে সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বীনি শিক্ষাকেন্দ্রে পরিণত হয়।

সমাজ সংস্কারেও ছিল বড় ভূমিকা

শিক্ষাদান ও লেখালেখির পাশাপাশি মুসলিম সমাজের কুসংস্কার, অনাচার ও বিভিন্ন সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন আল্লামা বায়ামপুরী (রহ.)। সিলেটের বিভিন্ন এলাকায় তিনি ওয়াজ ও নসিহত করতেন।

রমজান মাসে সিলেটের বন্দরবাজার জামে মসজিদে তারাবির পর থেকে সাহরি পর্যন্ত তাঁর তাফসির ও আলোচনা শুনতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হতেন। তার আলোচনা ছিল ধর্মীয় জ্ঞানের পাশাপাশি বিজ্ঞান ও সমাজজীবনের বিভিন্ন বিষয়েও সমৃদ্ধ।

রাজনীতিতেও সক্রিয় ছিলেন

আল্লামা বায়ামপুরী (রহ.) রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি তাঁর শিক্ষক মাওলানা হোসাইন আহমদ মাদানী (রহ.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জমিয়তে উলামায়ে ইসলাম পূর্ব পাকিস্তানের রাজনীতিতে যুক্ত হন।

১৯৬২ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে ১৯৬৫ ও ১৯৭০ সালের নির্বাচনেও অংশ নেন। সংসদে তিনি কোরআন-সুন্নাহভিত্তিক আইন, ইসলামি শিক্ষাব্যবস্থার প্রসার এবং পূর্ব পাকিস্তানে ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন।

রেখে গেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ

আল্লামা বায়ামপুরী (রহ.) ছিলেন একজন লেখকও। রাজনীতি, তাসাউফ, ইসলামি রাষ্ট্রব্যবস্থা ও ধর্মীয় বিভিন্ন বিষয়ে তিনি একাধিক গ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ফাতহুল কারীম ফি সিয়াসাতিন্নাবিয়ীল আমীন, আল-ফুরকান বাইনাল হক্বে ওয়াল বাতিল ফি ইলমিত তাসাউফে ওয়াল ইহসান, সত্যের আলো, ইসলামে ভোট ও ভোটের অধিকার এবং সেমাউল কোরআন।

১৯৭১ সালে ইন্তেকাল

আল্লামা মুশাহিদ বায়ামপুরী (রহ.) ১৩৯০ হিজরির ১০ জিলহজ, ১৯৭১ সালের ৭ ফেব্রুয়ারি ঈদুল আজহার রাতে ইন্তেকাল করেন। পরদিন ঈদের দিন আসরের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তার ছোট ভাই আল্লামা মুজাম্মিল (রহ.) জানাজায় ইমামতি করেন।

নিজ হাতে গড়ে তোলা দারুল উলুম কানাইঘাট মাদরাসার সামনেই তাকে দাফন করা হয়।

আল্লামা বায়ামপুরী (রহ.)-এর জীবন ছিল জ্ঞানচর্চা, হাদিস শিক্ষা, সমাজ সংস্কার ও দ্বীনি খেদমতের এক দীর্ঘ অধ্যায়। সিলেটের কানাইঘাটের এই আলেম তার শিক্ষা ও কর্মের মাধ্যমে উপমহাদেশের ধর্মীয় অঙ্গনে দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছেন।

সূত্র: শিক্ষক বাতায়ন 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%