০৭:০০ পি.এম
আর্থিক অসচ্ছলতার কারণে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল মেধাবী শিক্ষার্থী শফিউল ইসলাম নীরবের। খবর পেয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নীরবের হাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় সব আর্থিক সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী। একই সময়ে ভবিষ্যতে তার পড়াশোনার যাবতীয় খরচ বহন করার প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন।
শফিউল ইসলাম নীরব বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামের সেলিম রেজার ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। কিন্তু পরিবারের চরম আর্থিক সংকটের কারণে তার উচ্চশিক্ষার স্বপ্ন কার্যত ফিকে হতে বসেছিল।
আরও পড়ুন: ৬০ হাজার কোটি টাকায় কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা
বিষয়টি প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে নীরবের খোঁজখবর নেন এবং তাকে দেখা করতে বলেন। পরে সরাসরি উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীর হাতে এই আর্থিক অনুদান তুলে দেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আর্থিক সংকট যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সে দায়িত্ব আমাদের সবার।’
সহায়তা পেয়ে আবেগাপ্লুত নীরব প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সহায়তা তার স্বপ্নপূরণের পথকে সহজ করে দিয়েছে। ভবিষ্যতে তিনি পড়াশোনা শেষ করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে চান।
আরও পড়ুন: দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন