১০:৪৭ এম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম ৫৪৮ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরের ঘোষণা দিয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে এত বিপুলসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সাজা লাঘবের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।
বৃহস্পতিবার দেওয়া এই ঘোষণার মাধ্যমে কার্যত ক্যালিফোর্নিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের অধ্যায়ের সমাপ্তি ঘটল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বন্দিদের মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হবে এবং প্যারোলে মুক্তির সুযোগ থাকবে না।
একটি খোলা চিঠিতে নিউসম উল্লেখ করেছেন, "রাষ্ট্রীয়ভাবে হত্যার অনুমোদন ক্যালিফোর্নিয়ার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এটি বিচারব্যবস্থার ভিত্তিকে দুর্বল করে এবং সমাজের সামগ্রিক মর্যাদাকে ক্ষুণ্ন করে।"
আরও পড়ুন: ব্যাংক কেলেঙ্কারি ও আর্থিক সংকটে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ
যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের প্রতি জনসমর্থন গত কয়েক দশকে কমলেও, এখনও অধিকাংশ মানুষ এর পক্ষে রয়েছেন। তবে নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।
মৃত্যুদণ্ডবিরোধীরা দাবি করছেন, এ শাস্তির কার্যকারিতার পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই। এছাড়া এর বিপুল ব্যয়, বর্ণবৈষম্য এবং মৃত্যুদণ্ড কার্যকরের সময় বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন। ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) তথ্য অনুযায়ী, ১৯৭৮ সাল থেকে ক্যালিফোর্নিয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে প্রায় ৬০০ কোটি ডলার ব্যয় করেছে, অথচ এ সময়ে মাত্র ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ১৯৭৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্তত ২০৩ জন পরে নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেয়েছেন।
ডিপিআইসির নির্বাহী পরিচালক রবিন মাহের নিউসমের সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে অভিহিত করেছেন। তবে সাজা মওকুফের প্রায় দুই-তৃতীয়াংশ ক্ষেত্রে চূড়ান্ত অনুমোদনের জন্য ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টের পর্যালোচনা প্রয়োজন হবে।
ক্যালিফোর্নিয়ায় গত ২০ বছর ধরে কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। অঙ্গরাজ্যটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির তালিকা ছিল। নিউসমের এই সিদ্ধান্তের ফলে দেশজুড়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা প্রায় ৩০ শতাংশ কমে যাবে।
আরও পড়ুন: আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ, কুমিরের কামড় খেয়ে উদ্ধার নারী হাসপাতালে
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন