০৬:৫৯ পি.এম
ঝালকাঠির রাজাপুরে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।
উপজেলার পালট গ্রাম নিবাসী জনম দুঃখী, অসহায় ও হতদরিদ্র জবেতন বিবিকে নতুন গৃহ নির্মাণ করে দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে ভাঙা-জরাজীর্ণ, ঝড়-বৃষ্টিতে নড়বড়ে একটা ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন এই বৃদ্ধা। বৃষ্টি এলেই ঘরে পানি পড়ত, ঝড় এলেই ভেঙে পড়ার আতঙ্কে নির্ঘুম রাত কাটত তার। মাথা গোঁজার একটা নিরাপদ ঠাঁই ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।
বিষয়টি ইউএনও রিফাত আরা মৌরির নজরে আসতেই তিনি আর দেরি করেননি। নিজ উদ্যোগে, মানবিক দায়িত্ববোধ থেকে দ্রুত জবেতন বিবির জন্য নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করেন।
আরও পড়ুন: প্লাস্টিক দূষণ বন্ধের এখনই সময়: বরিশালে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা
নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা জবেতন বিবি। ইউএনওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। আবেগজড়িত কণ্ঠে বলেন, “আমার সারা জীবনের দুঃখ আজ ঘুচে গেল। আল্লাহ ম্যাডামের ভালো করুক। এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারব।”
ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল'র সহদর ও বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম কিবরিয়া বাদল, ইউএনওর সফরসঙ্গী সিএ রাজু আহম্মেদ, অফিস ষ্টাফ রফিকুল ইসলাম রফিক, সম্ভাব্য জনপ্রতিনিধি সুমন হাওলাদার, যুবদল নেতা আবির আহম্মেদ রানা, নুরুজ্জামান হাওলাদার, রাকিব হোসেন, গণ্যমান্য ব্যক্তি আলমগীর শরীফ ও এলাকাবাসী ফজলুল হক শরীফ, বাহার আলী, বাদল প্রমুখ। নতুন ঘরের সামনে দাঁড়িয়ে সবার সাথে হাসিমুখে ছবি তোলেন জবেতন বিবি ও ইউএনও রিফাত আরা মৌরি।
এ সময় ইউএনও রিফাত আরা মৌরি বলেন, “প্রশাসনের কাজ শুধু অফিসে বসে ফাইল দেখা নয়, মানুষের পাশে দাঁড়ানোই আসল দায়িত্ব। জবেতন বিবির মতো অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমাদের সার্থকতা।”
স্থানীয়রা জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজাপুরে একের পর এক মানবিক কাজ করে যাচ্ছেন ইউএনও রিফাত আরা মৌরি। অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও দুস্থ মানুষের পাশে সবসময় তাকে পাওয়া যায়। তার এমন মানবিক উদ্যোগে রাজাপুরবাসী যেমন খুশি, তেমনি গর্বিত।
আরও পড়ুন: বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
এলাকাবাসীর প্রত্যাশা, এমন মানবিক কর্মকর্তারা বারবার ফিরে আসুক, আর মানবতার আলো ছড়িয়ে দিক সমাজের প্রতিটি কোণে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন