০৭:০২ পি.এম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার উশু খেলোয়াড় প্রান্তিকা দাশ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকে এস পি)-তে ভর্তির সুযোগ অর্জন করেছে। সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ভর্তির অফার লেটার গ্রহণ করে সে। এই সাফল্যে কর্ণফুলীর ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
প্রান্তিকা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর প্রথম আসরে জাতীয় পর্যায়ে উশুর ৪৫ কেজির বেশি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করে। পরে, সে বিকেএসপির ৪০ দিনের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করে। ৩০৬ জন প্রশিক্ষণার্থীর মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৪০ জনের তালিকায় স্থান করে নেয় প্রান্তিকা।
কোচ জাবেদুল ইসলামের আয়োজিত বিনামূল্যের প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে আবদুল জলিল চৌধুরী স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ার সময় উশুর প্রতি তার আগ্রহ তৈরি হয়। ছয় মাসের নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের ফলে সে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে।
আরও পড়ুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান, দেশে আলাদা অ্যান্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে
কোচ জাবেদুল ইসলাম মন্তব্য করেন, "প্রান্তিকার এই অর্জন আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। আমি শুধু তাকে পথ দেখিয়েছি, সাফল্যের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে সে নিজেই। আমার স্বপ্ন, কর্ণফুলী থেকে আরও অনেক খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে।"
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. কামরুদ্দিন সবুজ বলেন, "প্রান্তিকার এই অর্জন কর্ণফুলীর ক্রীড়াঙ্গনের জন্য গর্বের। সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে।"
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম বলেন, "প্রান্তিকার এ অর্জন উপজেলার জন্য অত্যন্ত গর্বের।" তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তরুণ প্রতিভাদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
প্রান্তিকার এই সাফল্যে তার পরিবার, শিক্ষক, কোচ ও ক্রীড়াপ্রেমীরা আনন্দ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, বিকেএসপির প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে সে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে গুরুত্ব পাবে জলবায়ু ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন