১১:০২ পি.এম
ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দারিদ্র্যকে মানুষের মর্যাদার প্রতি একটি গুরুতর আঘাত এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থে আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কারের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে আজ প্রকাশিত এক বাণীতে জাতিসংঘের প্রধান উল্লেখ করেন যে, দারিদ্র্য মানুষের সুযোগ-সুবিধা সীমিত করে এবং সংকটকালীন মুহূর্তে মানুষকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দেয়।
বর্তমান বছরের প্রতিপাদ্য ‘সবার জন্য নিরাপদ বাসস্থান’-এর ওপর আলোকপাত করে গুতেরেস বলেন, দারিদ্র্য কীভাবে আবাসনহীনতার ঝুঁকি বাড়ায় এবং উচ্চ ভাড়া, অনিরাপদ আবাসন ও গৃহহীনতা মানুষকে আরও গভীর দারিদ্র্যের দিকে ঠেলে দেয়।
আরও পড়ুন: ইলন মাস্কের দাবি, ইউক্রেন ড্রোন হামলায় স্টারলিংক ব্যবহার করে শর্ত ভেঙেছে
তিনি সতর্ক করেন যে, এর ফলাফল প্রজন্ম থেকে প্রজন্মে বহন করতে হতে পারে, যা অসমতাকে স্থায়ী করে, স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করে, শিক্ষা ব্যাহত করে এবং স্থায়ী কর্মসংস্থান পাওয়ার প্রক্রিয়াকে আরও কঠিন করে তোলে।
জাতিসংঘের মহাসচিব বলেন, ‘এই দুষ্টচক্র ভাঙতে হলে আয় ও আবাসনের চাপ যেন মানুষকে আরও অবক্ষয়ের দিকে ঠেলে দিতে না পারে, তা প্রতিরোধ করতে হবে।’ সংকট মোকাবিলায় তিনি সাশ্রয়ী আবাসন ও মৌলিক সেবা নিশ্চিত করার পাশাপাশি শোভন কর্মপরিবেশ এবং সার্বজনীন সামাজিক সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
জাতিসংঘের প্রধান মনে করিয়ে দেন যে, দোহা রাজনৈতিক ঘোষণা দারিদ্র্য দূরীকরণ এবং এর পেছনে থাকা অসমতা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বৈশ্বিক প্রতিশ্রুতিকে পুনরুজ্জীবিত করেছে।
এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও পর্যাপ্ত অর্থায়নের পাশাপাশি শক্তিশালী জাতীয় পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সেভিয়া প্রতিশ্রুতি এই পথকে আরও সহজ করেছে।
আরও পড়ুন: নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে লাখো মানুষের বিক্ষোভ, নির্বাচনের আগে উত্তাল পরিস্থিতি
তিনি আন্তর্জাতিক আর্থিক কাঠামোকে আরও অন্তর্ভুক্তিমূলক, প্রতিনিধিত্বশীল এবং উন্নয়নশীল দেশগুলোর চাহিদার প্রতি সাড়া দেওয়ার জন্য জরুরি সংস্কারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বিশ্বে প্রয়োজনীয় সম্পদ ও জ্ঞান বিদ্যমান রয়েছে উল্লেখ করে গুতেরেস বিশ্ববাসীকে রাজনৈতিক সদিচ্ছা ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান, যাতে প্রতিটি মানুষ একটি নিরাপদ আবাসন পায় এবং দারিদ্র্যমুক্ত পরিবেশে মর্যাদাপূর্ণ জীবন গড়ার সুযোগ লাভ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন