ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন আগামীকাল শুরু


একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন আগামীকাল শুরু

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে। এই ধাপে অনলাইনে আবেদন করার সুযোগ থাকবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হবে ৩০ অক্টোবর রাত ৮টায়।

বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে তৃতীয় ধাপটি সর্বশেষ ধাপ হিসেবে গণ্য হবে। তাই শিক্ষার্থীদেরকে কলেজ পছন্দক্রম নির্ধারণ এবং নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা মানিকের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

এছাড়া, যেসব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি অথবা আবেদন করার পর কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা এই ধাপে আবেদন করার সুযোগ পাবে। চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে নিশ্চয়ন করতে না পারা বা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। ভুল কোটা নির্ধারণের কারণে নির্বাচিত কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ রাখা হয়েছে।

তৃতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশিকা অনুসরণ করতে হবে। আবেদনের সময় কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে হবে।

দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের জন্য তৃতীয় ধাপে আবেদনের জন্য ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম সম্পাদন করতে হবে।

সময়সূচি অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চয়ন করা যাবে। মাইগ্রেশনের ফল ১ নভেম্বর রাত ৮টায় প্রকাশিত হবে। নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: চুয়েটে ৩৬ দিন পর বুধবার থেকে ক্লাস শুরু, বিভাগের প্রধানরা নিশ্চিত নন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পূর্বে নির্বাচন নিশ্চয়ন করা শিক্ষার্থীরা যদি তৃতীয় ধাপে আবেদন করতে চান, তাহলে ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চয়ন বাতিল করতে হবে। সরকারি ছুটির দিন এই ক্ষেত্রে কার্যকর হবে না।

কোটায় আবেদনকারীদের নিজেদের যোগ্যতা অনুযায়ী সঠিক কোটা নির্বাচন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। একই সঙ্গে ভুলভাবে আবেদন করা বা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে। তবে ফারজানার পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তার স্বামী ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভুইঘর এলাকা থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম।

ফারজানার বড় ভাই আরিফুল ইসলাম জানান, তিন বছর আগে ভালোবেসে নাজমুল ইসলামকে বিয়ে করেন ফারজানা। বিয়ের সময় নাজমুল বেকার থাকায় প্রায় এক বছর ধরে তাকে আর্থিকভাবে সহায়তা করে ফারজানার পরিবার। পরে নাজমুলের চাকরি হলে পরিবার থেকে আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হয়। এরপরও বিভিন্ন সময়ে টাকার জন্য নাজমুল ফারজানার সঙ্গে দুর্ব্যবহার ও তাকে মারধর করতেন বলে অভিযোগ করেন আরিফুল।

একপর্যায়ে নির্যাতনের শিকার হয়ে বাবার বাড়িতে চলে যান ফারজানা। সেখানে চার মাস অবস্থান করলেও নাজমুল তার কোনো খোঁজ নেননি বলে জানান আরিফুল। পরে ফারজানার পরিবার নাজমুলের বিরুদ্ধে মামলা করে। পরবর্তী সময়ে পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে ফারজানাকে নিজের বাসায় নিয়ে যান নাজমুল। এরপর মামলাটি প্রত্যাহার করে নেয় ফারজানার পরিবার।

আরিফুল ইসলাম বলেন, শনিবার (২৪ অক্টোবর) নাজমুলের দুলাভাই তাকে ফোন করে মামলাটি প্রত্যাহার করা হয়েছে কি না, তা জানতে চান। এর কয়েক ঘণ্টা পর রাত ১০টার দিকে নাজমুল তাকে ফোন করে ফারজানা আত্মহত্যা করেছেন বলে জানান।

তবে আরিফুলের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে বাড়ির মালিক আব্দুল কাদের জানান, রাত সাড়ে ১০টার দিকে নাজমুল তাকে ডেকে স্ত্রীর আত্মহত্যার বিষয়টি জানান। পরে তারা গিয়ে ফারজানাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আব্দুল কাদের বলেন, এর আগে তিনি আরেকটি আত্মহত্যার মরদেহ নিজে নামিয়েছিলেন। তবে ওই ঘটনার সঙ্গে ফারজানার মৃত্যুর ঘটনার মিল পাননি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, আত্মহত্যার ক্ষেত্রে সাধারণত জিহ্বা ও চোখ বের হয়ে থাকার মতো লক্ষণ দেখা যায়, যা ফারজানার ক্ষেত্রে তিনি দেখতে পাননি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) গাজী সুমন মাহতাব বলেন, ঘটনাস্থলে গিয়ে ফারজানাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে ২ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে ২ নিহত

রংপুরের গংগাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে স্থানীয় জনগণের গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

এই ঘটনা ঘটে রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে, উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ খালের পাড়ে।

নিহতদের মধ্যে একজন হলেন— উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং অপরজন কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)। স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে অটোরিকশা চুরির সুনির্দিষ্ট অভিযোগ করেছেন। চুরি হওয়া অটোরিকশাটির মালিক সিদ্দিকুর রহমান সোহেল, যিনি বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে।

অটোরিকশার মালিক সিদ্দিকুর রহমান সোহেল জানান, তার বাড়ির বারান্দায় অটোরিকশাটি চার্জে দেওয়া ছিল এবং এর ভেতরে বাথরুমের ঢালাইয়ের জন্য রাখা দুই বস্তা সিমেন্টও ছিল। ভোর ৪টার দিকে তিনি অটোরিকশা চার্জে বসিয়ে ফের ঘুমাতে যান। কিছুক্ষণ পর চোরেরা ঘরের তালা কেটে অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করে।

সোহেল আরও বলেন, স্ত্রী ও ছোট মেয়ের কান্নাকাটি ও চিৎকার শুনে বিছানা থেকে লাফিয়ে বের হয়ে অটোরিকশার পেছনে টান দিই। তখন তারা আমাকেসহ অটোরিকশা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমি অটোরিকশা ছেড়ে দিয়ে চিৎকার শুরু করি।

এ সময় মসজিদের মাইকে অটোরিকশা চুরির ঘোষণা দেওয়া হলে ফজর পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন চারদিক থেকে তাদের ধাওয়া করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অটোরিকশাটি ধানখেতের মধ্যে ফেলে রেখে পালানোর চেষ্টা করেন। পরে প্রায় এক কিলোমিটার দূরে বড় সেচ খালের কাছে পৌঁছালে স্থানীয় জনতা তাঁদের চারদিক থেকে ঘিরে ফেলে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ওসি আব্দুস ছবুর জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গন্ডামারায় মনোমুগ্ধকর কাশবন দেখতে দর্শনার্থীদের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


গন্ডামারায় মনোমুগ্ধকর কাশবন দেখতে দর্শনার্থীদের ভিড়

চট্টগ্রামের বাঁশখালীর বুক চিরে প্রবাহিত জলকদর খালের তীরবর্তী গন্ডামারা ব্রিজসংলগ্ন কয়লা বিদ্যুৎকেন্দ্রের শত শত একর জমি বর্তমানে শুভ্র কাশফুলে ছেয়ে গেছে। এই বিস্তীর্ণ এলাকায় ফুটে থাকা কাশফুলের সমারোহ শরতের স্নিগ্ধতা ও বঙ্গোপসাগরের শীতল বাতাসের ছোঁয়া এনে দিয়েছে। প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগের জন্য প্রতিদিন পড়ন্ত বিকেলে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে। সাদা ধবধবে কাশফুলের এই সমারোহ জলকদরের পাড়কে এক নান্দনিক রূপ প্রদান করেছে, যা বর্তমানে নতুন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।

এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় প্রতিদিন লক্ষ্য করা যাচ্ছে। শুভ্র কাশফুলের সঙ্গে ছবি তোলা এবং সেলফি তোলায় ব্যস্ত হয়ে উঠছেন উৎসুক তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ। অনেকেই সিএনজিচালিত অটোরিকশা ও মোটরচালিত রিকশা ভাড়া করে চট্টগ্রামের আঞ্চলিক গানের সুরে সুর মিলিয়ে কাশবনের আঁকাবাঁকা পথ ধরে ঘুরে বেড়াচ্ছেন। প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্য উপভোগের পাশাপাশি অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন।

দর্শনার্থীদের সমাগম বাড়ানোর কারণে স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। এ বিষয়ে বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, গন্ডামারা ব্রিজ-সংলগ্ন কাশবনের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সমবেত হচ্ছে। বিকেলে ভিড় বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

কয়লা বিদ্যুৎকেন্দ্রের বালুকাময় জমিতে প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে মনোমুগ্ধকর এই দৃশ্য। বাতাসে দুলতে থাকা শুভ্র কাশফুলের সৌন্দর্য ভ্রমণপিপাসুদের মনে এক প্রশান্তি এনে দিচ্ছে।

গন্ডামারা ব্রিজ পার হতেই প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ফুটে থাকা শুভ্র কাশবনে মানুষের ঢল দেখা যাচ্ছে। সবুজ লম্বা পাতার বুক চিরে বেরিয়ে আসা কাশফুল কোথাও থোকা থোকা, আবার কোথাও গুচ্ছ আকারে ফুটে উঠেছে। দূর থেকে দেখলে মনে হয়, বালুচরে যেন সাদা চাদর বিছিয়ে রাখা হয়েছে। এদিকে দর্শনার্থীদের আগমনকে কেন্দ্র করে এখানে প্রতিদিন বিকেলে বসে নানা পসরা। ফুচকা, চটপটি, খেলনা ও খাবারের দোকানগুলোতেও জমে উঠছে কেনাবেচা, যা পুরো এলাকাকে এক গ্রামীণ মেলার রূপ দিয়েছে।

বাঁশখালী পৌরসভার আশকরিয়াপাড়ার বাসিন্দা কিবরিয়া আজম বলেন, ‘সত্যিই জায়গাটি অনেক সুন্দর। চারদিকে সাদা কাশফুল আর তার মাঝে অসংখ্য মানুষের বিচরণ—অসাধারণ এক দৃশ্য।’

আরেক দর্শনার্থী তসলিমা বেগম বলেন, ‘বিকেলে মেয়েকে নিয়ে এসেছি। সন্ধ্যা হয়ে গেলেও মেয়ে বাড়ি ফিরতে চাইছে না।’

জলদী মহাজনপাড়া থেকে ঘুরতে আসা সজল দাস বলেন, ‘আশপাশে ঘুরে বেড়ানোর মতো জায়গার অভাব। তাই সবাই চিরচেনা কাশফুল দেখতে এখানে ভিড় করছে। এসে দেখছি প্রত্যাশার চেয়েও সুন্দর। অনেক দূর পর্যন্ত কাশফুল ছড়িয়ে আছে, পাশাপাশি খাবারের দোকানও বসেছে। সব মিলিয়ে দারুণ এক সময় কাটালাম।’

বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত সব বয়সি মানুষ এখানে ঘুরে বেড়াচ্ছে ও ছবি তুলছে। সন্ধ্যার আলোয় সাদা কাশফুল যেন আরো ঝলমল করে ওঠে। প্রকৃতির এই স্নিগ্ধতা উপভোগ করতে প্রতিদিন আরো মানুষ আসবে বলে আশা করা হচ্ছে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, বেড়েছে যানবাহনের চাপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


ছুটি শেষে চেনা রূপে ঢাকা, বেড়েছে যানবাহনের চাপ

দীর্ঘ ছুটির পর, সকাল থেকেই ঢাকার রাস্তায় যানবাহনের চাপ বৃদ্ধি পেতে শুরু করে। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের ভিড়ে সড়কগুলো ব্যস্ত হয়ে ওঠে। যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করেন এবং বাস এলেই ওঠার জন্য ভিড় করেন। কোথাও যানজট সৃষ্টি হয়, কোথাও গাড়ির হর্ন শোনা যায়, আবার কোথাও রাস্তা পারাপারে ব্যস্ত পথচারীদের দেখা যায়। সব মিলিয়ে, ছুটি শেষে ঢাকা আবার চেনা রূপে ফিরে এসেছে।

দুর্গাপূজার পাঁচ দিনের দীর্ঘ ছুটির পর রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর সড়কে কর্মব্যস্ততা দেখা যায়। ছুটি কাটিয়ে নগরবাসী কর্মস্থলে ফিরতে শুরু করেন। অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং অন্যান্য কাজে বের হওয়া মানুষের পদচারণায় সড়ক ও ফুটপাত মুখর হয়ে ওঠে। এর সাথে বেড়ে যায় গণপরিবহনের যাত্রী সংখ্যা, যানবাহনের চাপ এবং ভোগান্তি।

রবিবার সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, মালিবাগ, মৌচাক এবং পল্টন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা যায়। কোথাও যাত্রীরা বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন, আবার কোথাও যানবাহন ধীরগতিতে চলতে থাকে। ব্যস্ত সড়কে গাড়ির সারি এবং ফুটপাত দিয়ে দ্রুতগতিতে হেঁটে চলা মানুষের দৃশ্য প্রমাণ করে, ছুটির আমেজ পেছনে ফেলে ঢাকা আবার কর্মব্যস্ততায় ফিরে এসেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টার পর থেকেই সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে থাকে। অফিসগামী মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করেন। সিট না পেয়ে অনেকে দাঁড়িয়ে গন্তব্যে যাওয়ার জন্য বাসে ওঠেন, আবার অনেকে ভিড়ের কারণে পরের বাসের জন্য অপেক্ষা করতে বাধ্য হন। যাত্রী ওঠানো নামানোর কারণে কোথাও কোথাও যানবাহনের গতি কমে আসে।

রামপুরা এবং বাড্ডা এলাকায় সকাল থেকেই কর্মজীবী মানুষের ব্যস্ততা লক্ষ্য করা যায়। সড়কের এক পাশে যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছেন, অন্য পাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, রিকশা এবং মোটরসাইকেলের চলাচলও ছিল চোখে পড়ার মতো। সড়কে গাড়ির চাপ বাড়ায় অনেককে গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় নিয়ে বের হতে হয়েছে।

হাতিরঝিল এলাকায়ও কর্মস্থলে ফেরার জন্য মানুষের ব্যস্ততা দেখা যায়। কেউ হেঁটে, কেউ বাসে, আবার কেউ ব্যক্তিগত যানবাহনে গন্তব্যের দিকে ছুটছেন। সড়কে যানবাহনের চলাচল বাড়ায় বিভিন্ন স্থানে ধীরগতি সৃষ্টি হয়। অন্যদিকে মালিবাগ এবং মৌচাক এলাকায় অফিসগামী মানুষের ভিড়ের সাথে যানবাহনের চাপও বৃদ্ধি পায়। বাসের জন্য অপেক্ষা, গাড়ির হর্ন এবং সড়কে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা রাজধানীর প্রতিদিনকার চিত্রে ফিরে এসেছে।

পল্টন এলাকায়ও সকাল থেকে মানুষের চলাচল বাড়তে থাকে। অফিস এবং ব্যবসাপ্রতিষ্ঠানমুখী মানুষের ভিড়ে ফুটপাতগুলো হয়ে ওঠে ব্যস্ত। কেউ দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন, কেউ রাস্তা পার হওয়ার সুযোগ খুঁজছেন। অন্যদিকে, সড়কে যানবাহনের চাপ সামলাতে চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে দেখা যায়।

বাড্ডা এলাকায় কর্মরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. দেলোয়ার জানান, "দীর্ঘ ছুটির পর আজ সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল। রাস্তায় অনেক গাড়ির চাপ ছিল। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রচুর যানজটও ছিল। তবে আমরা পরিস্থিতি সামাল দিয়েছি। এখন চাপ কমেছে, তেমন একটা যানজট নেই।"

দুর্গাপূজার ছুটিতে রাজধানীর সড়কে তুলনামূলক স্বস্তি থাকলেও, ছুটি শেষে সেই চিত্র বদলে গেছে। কর্মস্থলে ফেরা মানুষের সাথে বেড়েছে গণপরিবহনের যাত্রী এবং ব্যক্তিগত গাড়ির চলাচল। সকালবেলার ব্যস্ত সময়ে সড়কে যানজট সৃষ্টি হয়েছে এবং বাসে যাত্রীদের ভিড় দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%