১২:৪০ পি.এম
সম্প্রতি ডিজেলের দাম বৃদ্ধির ফলে বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গ্রামীণ সড়কে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে ব্যাটারিচালিত বাইক ও মাহেন্দ্রচালকদের বিরুদ্ধে।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, কলারোয়া উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে পূর্বের ভাড়ার তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। অথচ সরকারের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত শুধুমাত্র ডিজেলচালিত বাস ও মিনিবাসের জন্য প্রযোজ্য। ব্যাটারিচালিত ও গ্যাসচালিত যানবাহনের জন্য ভাড়া বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়নি।
ঢাকা নটর ডেম কলেজের ছাত্র উমামা হোসেন জানিয়েছেন, কিছুদিন আগে কলারোয়া ব্রিজ থেকে খোরদো বাজার পর্যন্ত ১০ কিলোমিটার পথের জন্য ভাড়া ছিল ৩০ টাকা। কিন্তু ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে বর্তমানে ভাড়া ৪০ টাকা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যার অভিযোগ
উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের আবদুল্লাহ মন্তব্য করেছেন, কয়েক দিন আগে সরসকাটি থেকে কলারোয়া পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তায় ভাড়া ছিল ২৫ টাকা, যা এখন বেড়ে ৩০ টাকা হয়ে গেছে।
ব্যাংক কর্মকর্তা আবদুর রহিম জানিয়েছেন, কলারোয়া থেকে গয়ড়া পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তায় পূর্বে ভাড়া ছিল ৩০ টাকা, কিন্তু এখন তেলের দাম বৃদ্ধির অজুহাতে ভাড়া ৪০ টাকা নেওয়া হচ্ছে।
সিংহলাল বাজারের মোস্তফা জানান, সিংহলাল বাজার থেকে ৪ কিলোমিটার দূরত্বের পথে ভাড়া ছিল ১৫ টাকা, যা বর্তমানে ২০ টাকা হয়ে গেছে। তিনি বলেন, "এভাবে উপজেলার প্রত্যেকটি বাইকের চালক যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এটা নিয়ন্ত্রণ করার কেউ নেই। বাংলাদেশে যখন তেলের দাম বাড়ে, তখন মনে হয় সব গাড়ি তেলে চলে। এভাবেই গাড়িচালকেরা সব সময় আমাদের সঙ্গে প্রতারণা করেন।"
বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলায় প্রায় ৫০টি মাহেন্দ্র, প্রায় ৫০০টি বাইক ও কয়েক হাজার ব্যাটারিচালিত ভ্যান রয়েছে। ফলে দিনে দুই-তিনটি ট্রিপ পাওয়াও কঠিন হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি প্রতিদিন সিরিয়ালের জন্য ২০ টাকা দিতে হয়। এ কারণে কিছুটা বাড়তি ভাড়া নেওয়া ছাড়া তাঁদের কাছে উপায় থাকে না বলে দাবি করেছেন তাঁরা।
আরও পড়ুন: কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন আসামী গ্রেফতার
বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট কাজী আবদুল্লাহ আল হাবিব মন্তব্য করেছেন, "সরকার তেলের দাম বাড়ালেই কিছু অসাধু চক্র বরাবরের মতোই অনৈতিক সুবিধা নেওয়ার জন্য ওত পেতে থাকে। তাদের মধ্যে প্রথম সারিতে থাকেন গাড়িচালকেরা।" তিনি আরও বলেন, সরকার নির্ধারিত প্রতি কিলোমিটারের ভাড়া বৃদ্ধির হার ১৭ পয়সা হলেও গাড়ির মালিকেরা দ্বিগুণ পর্যন্ত ভাড়া বাড়িয়েছেন। সেই হিসাবে গ্রামীণ সড়কের ছোট যানবাহনগুলোর ভাড়াও তুলনামূলকভাবে আরও বাড়িয়ে দিয়ে জনসাধারণের ভোগান্তি বৃদ্ধি করা হয়েছে।
তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন