০৯:২০ পি.এম
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ সোমবার (৬ জুলাই) বিকেল ৪টায় বিএমপির কোতোয়ালি মডেল থানা আকস্মিক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, কর্মকর্তা ও সদস্যদের শৃঙ্খলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ কমিশনার থানার আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি মাদক ও জুয়াবিরোধী অভিযান, অনলাইন জুয়া দমন, মামলা তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, চুরি ও দস্যুতা প্রতিরোধ, ইভটিজিং, সাইবার অপরাধ এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণসহ থানার সার্বিক কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। এসব বিষয়ে তিনি পরিদর্শন বইতেও প্রয়োজনীয় মন্তব্য লিপিবদ্ধ করেন।
পরিদর্শনের একপর্যায়ে পুলিশ কমিশনার থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রত্যাশিত সেবা দ্রুত ও আন্তরিকতার সঙ্গে নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) অলক কান্তি শর্মা, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন উল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
বিএমপি মিডিয়া সেল জানিয়েছে, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং থানার কার্যক্রমকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন