সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:০৮ পি.এম
রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাসপাতালের চিকিৎসাসেবা সম্প্রসারণের জন্য ৫০০ শয্যার নতুন ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে, পাশাপাশি চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের শূন্যপদ পূরণের উদ্যোগও নেওয়া হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ। শ্যামলীর টিবি হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, হাসপাতালটিকে ইনস্টিটিউটে রূপান্তর করা হলে রোগীদের চিকিৎসার পাশাপাশি যক্ষ্মা শনাক্তকরণ, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি পাবে। তিনি আরও উল্লেখ করেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে হাসপাতালটিকে আধুনিক, সমন্বিত ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেওয়া প্রয়োজন।
সভায় হাসপাতালের জনবল সংকটের বিষয়েও আলোচনা হয়। ববি হাজ্জাজ বলেন, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের শূন্যপদ দ্রুত পূরণ করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে হাসপাতালটিতে ২৫০টি শয্যা রয়েছে। রোগীর চাপ কমাতে ৫০০ শয্যার নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এতে যক্ষ্মা রোগীদের চিকিৎসার সুযোগ আরো বৃদ্ধি পাবে।
হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করার নির্দেশনাও দেন ববি হাজ্জাজ। রোগী, স্বজন ও সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো বাধা না থাকে, সে জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি বলেন।
সভায় যোগ দেওয়ার আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি রোগীদের চিকিৎসা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার খোঁজ নেন। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন তিনি।
পরে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ববি হাজ্জাজ। চিকিৎসাসেবার মান বাড়াতে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ববি হাজ্জাজ বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রতিটি রোগীর সঙ্গে মানবিক ও দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো রোগী যেন চিকিৎসা নিতে এসে ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে গুরুত্ব দিতে হবে।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপপরিচালক ডা. আয়শা আক্তারের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বাস্থ্যবিষয়ক সাংবাদিক এবং হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরাও সভায় অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলটি পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে এবং শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন।
বিক্ষোভের সময় ‘ডাকসুতে জিন্নাহ, ছি ছি ঘৃণা’ এবং ‘রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে’—এমন নানা স্লোগান দেন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে, আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ভেঙে ও ছিঁড়ে ফেলেন এক প্রবীণ শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম আবু তৈয়ব হাবিলদার। তিনি বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র হিসেবে পরিচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে। ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়) পর্যায় প্রকল্পের আওতায়, টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনের মাধ্যমে সোমবার ( ১৪ সেপ্টেম্বর ) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভার উদ্দেশ্য ছিল দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের ন্যায় বিচার প্রাপ্তির পথকে সহজ করা।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুমাইয়া মমিন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোসাঃ লায়লা আঞ্জুমান বানু।
এছাড়া, সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সেলিম মিঞা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাধারণ শাখা, এনজিও শাখা, মোঃ নাজমুস সাকিব এবং গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের (ইএসডিও) জেলা ম্যানেজার সাইয়্যেদ আহমদ প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় সোমবার (১৪ সেপ্টেম্বর)। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী চীনে প্রধানমন্ত্রীর সফল সফরের কথা স্মরণ করেন এবং বাংলাদেশের উন্নয়নে— বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, মানব উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে চীনের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়টি তুলে ধরেন।
উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এর মধ্যে রয়েছে— বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, চীনা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরের উন্নয়ন, রংপুরে প্রস্তাবিত ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি খাতের সহযোগিতা এবং নারীর ক্ষমতায়ন।
রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানান। প্রতিমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন পৌর নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি নেতার ব্যানার অপসারণের পর দা দিয়ে কুপিয়ে কাটার একটি ঘটনা স্যোসাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে উঠেছে। কারণ, ওই ব্যানারে বিএনপি নেতার ছবি ছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবিও ছিল। ভিডিওটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং জেলা বিএনপি নেতারা পৌর প্রশাসককে এ ধরনের ঘটনার জন্য উদ্দেশ্যপ্রণোদিত এবং বিদ্বেষমূলক আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিকেলে বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও দিনাজপুর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কার্যালয়ে গিয়ে প্রশাসক হাফিজুল ইসলামের কাছে প্রতিবাদ জানান।
পৌর প্রশাসক আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদের প্রত্যাশী শাহিন খান জনগণের দোয়া চেয়ে শহরের বিভিন্ন স্থানে ব্যানার লাগিয়েছেন। শহরের অন্যান্য ব্যক্তিরাও একইভাবে পোস্টার এবং ব্যানার স্থাপন করেছেন। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে পৌর কর্তৃপক্ষ পিলারসহ বিভিন্ন স্থানে লাগানো ব্যানার অপসারণের অভিযান শুরু করেছে।
রবিবার অপসারিত ব্যানারের উপর এক পরিচ্ছন্নতা কর্মীর দা দিয়ে কোপানোর ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ওই ব্যানারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবিও ছিল।
বিএনপি নেতা শাহিন খান মন্তব্য করেন, "নোটিশ ও মাইকিং করলেই আমরা ব্যানার নামানোর ব্যবস্থা করতাম। কিন্তু এভাবে ব্যানার অপসারণের পর ব্যানারের উপর দা দিয়ে কোপানোর ঘটনা দেশনেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুচ্ছ তাচ্ছিল্যের সামিল।" তিনি আরও জানান, ঘটনাটি স্যোসাল মিডিয়ায় ভাইরাল হলে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পৌর প্রশাসক হাফিজুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, যত্রতত্র পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের বিষয়টি বিধি অনুযায়ী চলমান কার্যক্রম। তবে অপসারিত ব্যানারে দা দিয়ে কাটার ঘটনায় মাস্টার রোলে কর্মরত সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া জাতীয়তাবাদী কৃষক দলের নেতা শাহিন খানের সাথে আলোচনা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ