বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
১১:১১ পি.এম
রংপুরে স্কুল শিক্ষক ‘গণপতি পরিবার’ হত্যা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়সারা মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আলী খান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই প্রতিবাদ জানান। দুপুর সাড়ে ১১টায় শুরু হওয়া কর্মসূচি আড়াইটায় প্রত্যাহার করে নেন ওই শিক্ষার্থী।
এ সময় সরকারকে রংপুরের গণপতি পরিবারের হত্যার সঠিক কারণ উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, মাদক, ধর্ষণ ও হত্যার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর নীতি প্রয়োগ করা, রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করা এবং সন্ত্রাস, কিশোর গ্যাং, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করার দাবি জানান তিনি।
অবস্থান কর্মসূচিতে ফাহিম আলী বলেন, গত ২০ আগস্ট রংপুরের মাছওপাড়ায় গণপতি চক্রবর্তীর পরিবারের ওপর যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, এর সঠিক কারণ উদ্ঘাটন করতে হবে। মিডিয়ার বরাতে জানতে পেরেছি—প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এখনো ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারেনি। সময় যত যাচ্ছে, এ বিষয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। আমরা চাই, ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটন করে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করা হোক।
তিনি আরও বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ধর্ষণ, হত্যা, কিশোর গ্যাং ও মাদকের বিস্তারের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এসব অপরাধ দ্রুত নির্মূল করতে কার্যকর অভিযান পরিচালনা করা প্রয়োজন।
রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গে ফাহিম বলেন, সরকার এক মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার আশ্বাস দিয়েছিল। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও এখনো বিচার সম্পন্ন হয়নি। আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার চাই।
আড়াইটায় কর্মসূচি প্রত্যাহার করে তিনি গণমাধ্যমকে জানান, দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন না করলে পরবর্তী কঠোর কর্মসূচিতে যাব। প্রক্টরিয়াল বডি এসে দেখে গেলেন এবং উপাচার্য বা সর্বোচ্চ অভিভাবকের কাছে অবগত করবেন বলে আশ্বস্ত করল তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগি ইউনিয়নের কৃতি সন্তান এবং ওলামা দল কেন্দ্রীয় কমিটির নেতা ডাঃ এম সলিমুল্লাহ মন্তব্য করেছেন যে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করা হলেই মানবজাতির প্রকৃত মুক্তি ও শান্তি নিশ্চিত করা সম্ভব।
২৬ আগস্ট, বুধবার, দক্ষিণ আলগি মাওঃ নুরুজ্জামান জিয়াউন ন্নিসা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দোয়া, মিলাদ ও মোনাজাতের অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি আগস্ট মাসের প্রথম ২৬ দিনে দেশে ২৪৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ২৬ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারে।
তথ্য অনুযায়ী, ২৫ ও ২৬ আগস্ট-এই দুই দিনে প্রবাসীরা দেশে ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৩১ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪৪৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
ফলে চলতি অর্থবছরের ২৬ আগস্ট পর্যন্ত আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ১৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে জয় লাভ করে সেমিফাইনালে পৌঁছেছে দুর্গাপুর উপজেলা। ২৭ আগস্ট বৃহস্পতিবার রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে দুর্গাপুর উপজেলা বনাম তানোর উপজেলার মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথমার্ধে খেলা শুরু হওয়ার ৪ মিনিটের মধ্যে দুর্গাপুর উপজেলার ১০ নম্বর জার্সিধারী আহম্মেদ জুবায়ের প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর খেলার ১০ মিনিটের মাথায় তানোর উপজেলার খেলোয়াড় গোল করে সমতা ফেরান। প্রথমার্ধের ১৭ মিনিটে দুর্গাপুরের পক্ষে পলাশ দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে রাখেন। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৩৬ মিনিটে, তানোরের খেলোয়াড় ম্যাচের চতুর্থ গোল করে দলকে আবার সমতায় নিয়ে আসেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠের দখল ছিল দুর্গাপুর উপজেলার। তারা দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে পরপর আক্রমণ করলেও দুর্ভাগ্যবশত গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটে দুর্গাপুরের তৌসিফের এসিস্ট থেকে প্রদীপ দলের পক্ষে তৃতীয় গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নিয়ে যান। খেলার ৯০ মিনিটে দুর্গাপুর উপজেলা ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালে প্রবেশ করে।
এখন পর্যন্ত তিনটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে, সেগুলি হলো পবা, মোহনপুর, এবং দুর্গাপুর উপজেলা। আগামী ২৮ আগস্ট শুক্রবার পুঠিয়া বনাম চারঘাট উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় বিজয়ী দল সেমিফাইনালে প্রবেশ করে দুর্গাপুর উপজেলার সাথে খেলবে।
প্রথম সেমিফাইনাল ৩১ আগস্ট পবা উপজেলা ও মোহনপুর উপজেলার মধ্যে অনুষ্ঠিত হবে এবং ১ সেপ্টেম্বর দুর্গাপুর উপজেলার সাথে ২৮ আগস্ট ম্যাচের বিজয়ী দলের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারুফ হাসান ওরফে বাবু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। স্থানীয়দের দাবি, তিনি জামায়াতের কর্মী হলেও উপজেলা জামায়াতের নেতারা তাকে দলের কেউ নন বলে জানিয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাঝিড়া কালিবাড়ি রোডের বিলাসী মেডিসিন স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মারুফ হাসান ওরফে বাবু উপজেলার চুপিনগর উত্তরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি জামায়াতের কর্মী এবং দলের বিভিন্ন মিছিল-মিটিংয়ে নিয়মিত অংশ নিতেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শাজাহানপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাঝিড়া কালিবাড়ি রোডে বিলাসী মেডিসিন স্টোরের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে ডিবির এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৪ দশমিক ৫ গ্রাম।
ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়ার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। বুধবারও বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আব্দুল কুদ্দুস বলেন, এ ঘটনায় মারুফ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারের সময় পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়ে মারুফ হাসান আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে মারুফ হাসানের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততার দাবি নাকচ করেছেন শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদুল ইসলাম।
তিনি বলেন, মারুফ হাসান জামায়াতের কেউ নয়। দলের কোথাও তার নাম নেই। ৫ আগস্টের পর কেউ এসে মিছিল-মিটিংয়ে অংশ নিলেই তিনি জামায়াত হয়ে যান না। জামায়াত একটি নিয়মতান্ত্রিক দল। যে কেউ এসে সদস্য হতে পারেন না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ